ইনোভেশন ফেয়ার নিয়ে মতবিনিময় সভা
- সেপ্টেম্বর নভোথিয়েটারে প্রথম ইনোভেশন ফেয়ার
- প্রধানমন্ত্রী উদ্বোধনী অনুষ্ঠানে থাকার সম্মতি দিয়েছেন
- তরুণ গবেষক-উদ্ভাবকদের স্টল থাকবে আয়োজনে
বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের ব্যবস্থাপনায় প্রথমবারের মতো আয়োজিত হতে যাচ্ছে তিন দিনব্যাপী ‘বাংলাদেশ ইনোভেশন ফেয়ার ২০২৬’। আয়োজনটি সামনে রেখে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ে প্রস্তুতিমূলক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আগামী ১২ থেকে ১৪ সেপ্টেম্বর ঢাকার বিজয় সরণির নভোথিয়েটারে অনুষ্ঠিতব্য এ আয়োজনে তরুণ গবেষক, উদ্ভাবক, বিজ্ঞানী এবং বিজ্ঞানভিত্তিক প্রতিষ্ঠানগুলোর প্রদর্শনী থাকবে।
১২ আগস্ট, বুধবার বিকেলে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সভাকক্ষে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সচিব মোঃ আনোয়ার হোসেনের সভাপতিত্বে প্রস্তুতিমূলক এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় জানানো হয়, ‘বাংলাদেশ ইনোভেশন ফেয়ার ২০২৬’-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান উপস্থিত থাকতে সম্মতি জানিয়েছেন। আয়োজনটি সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সভায় বিভিন্ন প্রস্তুতি ও ব্যবস্থাপনা নিয়ে আলোচনা করা হয়।
সভায় বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা, জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের মহাপরিচালকসহ সংশ্লিষ্ট দপ্তর ও সংস্থার কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এ ছাড়া অনুষ্ঠানের ইভেন্ট ম্যানেজমেন্টের দায়িত্বে থাকা স্পিলবাউন্ড কমিউনিকেশনসের প্রতিনিধিরাও সভায় অংশ নেন।
তিন দিনব্যাপী এ আয়োজনে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের তরুণ গবেষক, উদ্ভাবক ও বিজ্ঞানীদের পাশাপাশি বিজ্ঞানভিত্তিক বিভিন্ন সংস্থা ও প্রতিষ্ঠানের স্টল থাকবে বলে সভায় জানানো হয়। এর মাধ্যমে দেশের তরুণদের গবেষণা, উদ্ভাবন ও বিজ্ঞানভিত্তিক উদ্যোগ তুলে ধরার সুযোগ তৈরি হবে।
//ডিবিটেক/এএএম/এসএমইউ//





