এআই কুইজ ও কোডিং চ্যালেঞ্জে অংশ নিল দেড় শতাধিক শিক্ষার্থী, জাতীয় পর্বে সুযোগ পাচ্ছে বিজয়ীরা

রংপুরে অনুষ্ঠিত হলো ৩য় বাংলাদেশ এআই অলিম্পিয়াডের আঞ্চলিক পর্ব

রংপুরে অনুষ্ঠিত হলো ৩য় বাংলাদেশ এআই অলিম্পিয়াডের আঞ্চলিক পর্ব
৮ মে, ২০২৬ ১৭:১২  

কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক শিক্ষা ও উদ্ভাবনী চিন্তা শিক্ষার্থীদের মাঝে ছড়িয়ে দিতে রংপুরে অনুষ্ঠিত হয়েছে ৩য় বাংলাদেশ এআই অলিম্পিয়াড ২০২৬-এর আঞ্চলিক পর্ব। ৮ মে, শুক্রবার সৈয়দপুরের ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজ, সৈয়দপুর-এ আয়োজিত এই প্রতিযোগিতায় রংপুর বিভাগসহ আশপাশের ছয় জেলার দেড় শতাধিক শিক্ষার্থী অংশ নেয়।

দিনব্যাপী আয়োজনে শিক্ষার্থীরা এআই কুইজ ও এআই কোডিং চ্যালেঞ্জে অংশ নিয়ে প্রোগ্রামিং, গাণিতিক যুক্তি এবং কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক বিভিন্ন সমস্যার সমাধানের মাধ্যমে নিজেদের সৃজনশীলতা ও প্রযুক্তিগত দক্ষতা প্রদর্শন করে।

সকাল ৮টায় নিবন্ধনের মাধ্যমে আয়োজন শুরু হয়। সকাল ৮টা ৪৫ মিনিট থেকে বেলা ১১টা ১০ মিনিট পর্যন্ত চলে এআই কোডিং প্রতিযোগিতা। একই সময়ে সকাল ৯টা থেকে ৯টা ৪৫ মিনিট পর্যন্ত অনুষ্ঠিত হয় এআই কুইজ প্রতিযোগিতা। পরে কুইজে অংশ নেওয়া শিক্ষার্থীদের জন্য এআই বিষয়ক কর্মশালা পরিচালনা করেন বাংলাদেশ এআই অলিম্পিয়াডের একাডেমিক কো-অর্ডিনেটর তাসনিম মাহফুজ নাফিস এবং সৈকত ইসলাম।

সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে এআই কুইজে ১২ জন এবং এআই কোডিং চ্যালেঞ্জে ৮ জনকে বিজয়ী ঘোষণা করা হয়। বিজয়ীদের মেডেল ও সনদ প্রদান করা হয়। আয়োজকরা জানান, আরও কয়েকজন শিক্ষার্থীকে আগামী ১৬ মে অনুষ্ঠিতব্য জাতীয় এআই অলিম্পিয়াডের জন্য নির্বাচন করা হবে। নির্বাচিতদের নাম পরবর্তীতে অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশ করা হবে।

সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মাদ মাসউদুর রহমান। তিনি বলেন, “প্রযুক্তিনির্ভর এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের উদ্ভাবনী চিন্তা, সমস্যা সমাধান দক্ষতা এবং ভবিষ্যতমুখী নেতৃত্ব তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ, সৈয়দপুরের অধ্যক্ষ লেফটেন্যান্ট কর্নেল সৈয়দ শাফিউল ইসলাম মেরাজ এবং বাংলাদেশ আর্মি ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি-এর কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. জাহাঙ্গীর আলম।

লেফটেন্যান্ট কর্নেল সৈয়দ শাফিউল ইসলাম মেরাজ বলেন, “চতুর্থ শিল্পবিপ্লবের প্রযুক্তি সম্পর্কে জ্ঞান অর্জনের বিকল্প নেই। এমন আয়োজন শিক্ষার্থীদের বৈশ্বিক প্রযুক্তি মঞ্চে এগিয়ে নিতে সহায়ক হবে।”

আয়োজক বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্ক জানায়, রংপুর বিভাগের শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ প্রমাণ করে, যথাযথ সুযোগ ও প্রশিক্ষণ পেলে তারা আন্তর্জাতিক মানের দক্ষতা অর্জনে সক্ষম হবে।

ডিবিটেক/এমএম/এমআইএম