ডব্লিওআরও এশিয়া-প্যাসিফিক ওপেন চ্যাম্পিয়নশিপ
রোবট অলিম্পিয়াড জাতীয় দলের বাছাই পর্ব অনুষ্ঠিত
ওয়ার্ল্ড রোবট অলিম্পিয়াড (ডব্লিওআরও) এর উদ্যোগে আয়োজিত এশীয় প্রশান্ত মহাসাগরীয় আঞ্চলিক ওপেন চ্যাম্পিয়নশীপে অংশ নেবে বাংলাদেশ দল। তারই লক্ষ্যে বাংলাদেশ দল নির্বাচনের জন্য ৫ জুন, শনিবার ২৬ টি দল নিয়ে অনুষ্ঠিত হলো প্রতিযোগিতার জাতীয় পর্ব। বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্ক (বিডিওএসএন) ও ওয়ার্ল্ড রোবট অলিম্পিয়াড বাংলাদেশ (ডব্লিওআরওবিডি) এর যৌথ উদ্যোগে বিডিওএসএন- এর ধানমন্ডি অফিসে সকাল ১০টা থেকে দিনব্যাপী এই আয়োজন অনুষ্ঠিত হয়।
আন্তর্জাতিক চ্যাম্পিয়নশীপটি চারটি ভিন্ন ক্যাটাগরিতে অনুষ্ঠিত হয়। বাংলাদেশ থেকে তিনটি ক্যাটাগরিতে চারটি দল অংশগ্রহণ করবে। এর মধ্যে ফিউচার ইনোভেটরস ক্যাটাগরিতে ২টি, ফিউচার ইঞ্জিনিয়ার্স ক্যাটাগরিতে ১টি ও রোবোস্পোর্টস ক্যাটাগরিতে ১টি দল বাছাই করা হবে।
এছাড়াও ওয়ার্ল্ড রোবট অলিম্পিয়াড বাংলাদেশ (ডব্লিওআরওবিডি) শিক্ষার্থীদের রোবটিক্স অলিম্পিয়াড বিষয়ে উৎসাহিত করতে জুনমাসের বিভিন্ন সময়ে ১৪টি এক্টিভেশন প্রোগ্রাম আয়োজন করে। দেশের ৫টি জেলায় বিভিন্ন সরকারি-বেসরকারি বিশ্ববিদ্যালয়ে এই ওয়ার্কশপগুলো করা হয় যেখানে প্রায় ২ হাজার শিক্ষার্থী অংশগ্রহণ করেছিল।
প্রোগ্রামের শুরুতেই ফিউচার ইনোভেটরস ক্যাটাগরির প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় তারপর দুপুর ২ টা থেকে শুরু হয় ফিউচার ইঞ্জিনিয়ারস ক্যাটাগরির অনুশীলন পর্ব। বিকেল ৪ টায় রোবোস্পোর্টসের প্রতিযোগিদের প্রতিদ্বন্দ্বিতা হয় এবং ফিউচার ইঞ্জিনিয়ারস ক্যাটাগরির লড়াইয়ের মাধ্যমে সন্ধ্যায় প্রোগ্রামের ইতিটানা হয়। যথাযথ মূল্যায়ন শেষে শিগগিরই এই পর্বের বিজয়ী দলগুলোর নাম ঘোষণা করা হবে। ওয়ার্ল্ড রোবট অলিম্পিয়াড (ডব্লিওআরও) এর দিক নির্দেশনা অনুসারে প্রতিটি দলে ২-৩ জন সদস্য এবং ১ জন কোচ রয়েছে। এই প্রতিযোগিতার মাধ্যমে নির্বাচিত দলগুলো ওয়ার্ল্ড রোবট অলিম্পিয়াড এশিয়া-প্যাসিফিক ওপেন চ্যাম্পিয়নশিপ (ফিলিপাইন) ২০২৫-এ বাংলাদেশকে প্রতিনিধিত্ব করবে।
ফেলটা মাল্টিমিডিয়া ইনক.-এর আয়োজনে এবং ডব্লিওআরও ফিলিপাইনের জাতীয় আয়োজক সংস্থার অংশীদারিত্বে আগামী ১৮ থেকে ২১ সেপ্টেম্বর ফিলিপাইনের রাজধানী ম্যানিলায় হবে এশিয়া-প্যাসিফিক ওপেন চ্যাম্পিয়নশীপের আসর। বিশ্বের ৪৭টি দেশের ২৫০টি দলের শিক্ষার্থী এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে বলে আশা করা যাচ্ছে। উল্লেখ্য, প্রতি বছর মহাদেশভিত্তিক ওয়ার্ল্ড রোবট অলিম্পিয়াড (ডব্লিওআরও) ওপেন চ্যাম্পিয়নশীপ আয়োজন করা হয়। আমেরিকা, ইউরোপ, মধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকা এবং এশীয়-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে আঞ্চলিক চ্যাম্পিয়নশীপ অনুষ্ঠিত হয়। শিক্ষার্থীদের ভ্রমণ সহজ করার উদ্দেশ্যে বিভিন্ন মহাদেশে পৃথকভাবে এই আঞ্চলিক চ্যাম্পিয়নশীপ আয়োজন করা হয়। এতে স্থানীয় পর্যায়ের শিক্ষার্থীদের মাঝে রোবটিক্সের প্রতি আগ্রহ বাড়ে এবং উন্নয়নশীল দেশগুলোও এই আয়োজনে যুক্ত হতে পারে।
০৬-জুলাই/ডিজিবিটেক/এফএজে







