ক্রেডিট কার্ডে ব্যয় বাড়ল ৩৯৮ কোটি

  • এক মাসে বিদেশে বাংলাদেশিদের কার্ড ব্যয় বেড়েছে ২২৫ কোটি টাকা
  • দেশে বাংলাদেশিদের ক্রেডিট কার্ড ব্যয় বেড়েছে ১৭৩ কোটি টাকা
  • বাংলাদেশে বিদেশিদের কার্ড ব্যয় কমেছে প্রায় ৭১ কোটি টাকা

ক্রেডিট কার্ডে ব্যয় বাড়ল ৩৯৮ কোটি
১৩ আগষ্ট, ২০২৬ ০০:০০  

ক্রেডিট কার্ডে এক মাসে বাংলাদেশিদের ব্যয় বেড়েছে প্রায় ৩৯৮ কোটি টাকা। এর মধ্যে বিদেশে বাংলাদেশিদের ক্রেডিট কার্ডে খরচ বেড়েছে প্রায় ২২৫ কোটি টাকা এবং দেশের ভেতরে বেড়েছে ১৭৩ কোটি টাকার বেশি। একই সময়ে বাংলাদেশে অবস্থানরত বিদেশি নাগরিকদের ক্রেডিট কার্ডে ব্যয় প্রায় ৭১ কোটি টাকা কমেছে। বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ ক্রেডিট কার্ড লেনদেনসংক্রান্ত প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

১২ আগস্ট,  বুধবার প্রকাশিত কেন্দ্রীয় ব্যাংকের সবশেষ আর্থিক প্রতিবেদন অনুযায়ী, মে মাসে বিদেশে ক্রেডিট কার্ড ব্যবহার করে বাংলাদেশিরা ৮১২ কোটি টাকা খরচ করেন। জুনে তা বেড়ে দাঁড়ায় ১ হাজার ৩৭ কোটি টাকা। অর্থাৎ এক মাসের ব্যবধানে বিদেশে বাংলাদেশিদের ক্রেডিট কার্ডে ব্যয় বেড়েছে প্রায় ২২৫ কোটি টাকা।

জুনে বিদেশে বাংলাদেশিদের ক্রেডিট কার্ডে সবচেয়ে বেশি ব্যয় হয়েছে যুক্তরাষ্ট্রে। দেশটিতে বাংলাদেশিরা ৮৫ কোটি ১ লাখ টাকা খরচ করেছেন। এরপর থাইল্যান্ডে ৫৮ কোটি ৫ লাখ, সৌদি আরবে ৪৯ কোটি, যুক্তরাজ্যে ৪৬ কোটি ২ লাখ, সিঙ্গাপুরে ৪০ কোটি ৪ লাখ, ভারতে ৩৭ কোটি, মালয়েশিয়ায় ৩৩ কোটি, কানাডায় ২৪ কোটি, নেদারল্যান্ডসে ২২ কোটি এবং অস্ট্রেলিয়ায় ১৮ কোটি টাকা ব্যয় হয়েছে।

এ ছাড়া আয়ারল্যান্ডে ১৬ কোটি এবং অন্যান্য দেশে বাংলাদেশিরা ক্রেডিট কার্ডের মাধ্যমে প্রায় ৯৫ কোটি টাকা খরচ করেছেন।

দেশের অভ্যন্তরেও জুনে বাংলাদেশিদের ক্রেডিট কার্ড ব্যবহার বেড়েছে। মে মাসে দেশের ভেতরে বাংলাদেশিদের ক্রেডিট কার্ডে লেনদেন হয়েছিল ৪ হাজার ২৮৭ কোটি টাকা। জুনে তা বেড়ে দাঁড়ায় ৪ হাজার ৪৬১ কোটি টাকা। ফলে এক মাসে দেশের ভেতরে কার্ডভিত্তিক ব্যয় বেড়েছে ১৭৩ কোটি টাকার বেশি।

অন্যদিকে বাংলাদেশে অবস্থানরত বিদেশি নাগরিকদের ক্রেডিট কার্ডে ব্যয় কমেছে। মে মাসে বিদেশিরা দেশে ক্রেডিট কার্ডের মাধ্যমে ৩১২ কোটি ৪ লাখ টাকা খরচ করেছিলেন। জুনে এ ব্যয় কমে দাঁড়ায় ২৪১ কোটি ৫ লাখ টাকা। অর্থাৎ এক মাসে তাদের ক্রেডিট কার্ড ব্যয় কমেছে প্রায় ৭১ কোটি টাকা।

জুনে বাংলাদেশে ক্রেডিট কার্ডে সবচেয়ে বেশি খরচ করেছেন যুক্তরাষ্ট্রের নাগরিকরা। তাদের ব্যয়ের পরিমাণ ৪৯ কোটি ৮ লাখ টাকা। এরপর যুক্তরাজ্যের নাগরিকরা ২২ কোটি ৯ লাখ এবং ভারতের নাগরিকরা ১৮ কোটি ৯ লাখ টাকা খরচ করেছেন।

বাংলাদেশ ব্যাংকের প্রতিবেদনে দেশে বাংলাদেশি ও বিদেশি নাগরিকদের পাশাপাশি বিদেশে বাংলাদেশি নাগরিকদের ক্রেডিট কার্ড ব্যবহারের মাসভিত্তিক চিত্র তুলে ধরা হয়েছে। এতে মে থেকে জুনে বাংলাদেশিদের দেশে ও বিদেশে কার্ডভিত্তিক ব্যয় বৃদ্ধির প্রবণতা এবং একই সময়ে বাংলাদেশে বিদেশিদের কার্ড ব্যয় কমার চিত্র স্পষ্ট হয়েছে।
//ডিবিটেক/জেএনও/এমআইএস//