মনিরুজ্জামান জুয়েল ফের বিটিআরসি মহাপরিচালক

  • মনিরুজ্জামান দ্বিতীয়বার বিটিআরসি মহাপরিচালক
  • স্পেকট্রাম ও নেটওয়ার্ক মানোন্নয়নে অভিজ্ঞ কর্মকর্তা
  • এনইআইআর বাস্তবায়নেও গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল

মনিরুজ্জামান জুয়েল ফের বিটিআরসি মহাপরিচালক
১২ আগষ্ট, ২০২৬ ২৩:০৮  

টেলিযোগাযোগ খাতে স্পেকট্রাম ব্যবস্থাপনা, মোবাইল ইন্টারনেটের মানোন্নয়ন ও ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেন্টিটি রেজিস্টার (এনইআইআর) বাস্তবায়নের গুরুত্বপূর্ণ পর্যায়ে দায়িত্ব পালন করা ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ মনিরুজ্জামান আবারও বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) মহাপরিচালক পদে ফিরেছেন। প্রায় ছয় মাস পর বাংলাদেশ সেনাবাহিনী থেকে প্রেষণে তাকে এ পদে পুনর্নিয়োগ দেওয়া হয়েছে।

১২ আগস্ট, বুধবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক আদেশে বাংলাদেশ সেনাবাহিনী থেকে তাকে বিটিআরসির মহাপরিচালক পদে প্রেষণে বদলি করা হয়। এর মধ্য দিয়ে দ্বিতীয়বারের মতো বিটিআরসির মহাপরিচালকের দায়িত্ব পেলেন মোহাম্মদ মনিরুজ্জামান।

এর আগে বিটিআরসির স্পেকট্রাম বিভাগের মহাপরিচালক হিসেবে দায়িত্ব পালনকালে মোবাইল ইন্টারনেটের গতি ও মানোন্নয়ন, বিদ্যমান স্পেকট্রামের সঠিক ব্যবহার নিশ্চিত করা এবং এনইআইআর ব্যবস্থা চালুর বিভিন্ন প্রক্রিয়ায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন তিনি। স্পেকট্রাম বিভাগের মহাপরিচালক হিসেবে তার দায়িত্ব পালনের তথ্য বিভিন্ন সময়ে কমিশনের কার্যক্রমসংক্রান্ত প্রতিবেদনে উঠে এসেছে।

প্রথম মেয়াদে ২০২১/২০২২ সাল থেকে ২০২৪ সালের শেষভাগ পর্যন্ত বিটিআরসিতে দায়িত্ব পালন করেন মোহাম্মদ মনিরুজ্জামান। ১৯ নভেম্বর ২০২৪ তাকে বিটিআরসি থেকে প্রত্যাহার করে বাংলাদেশ সেনাবাহিনীতে ফিরিয়ে নেওয়া হয়।

এরপর চলতি বছরের ১ জানুয়ারি থেকে ২৮ জুলাই পর্যন্ত বিটিআরসির মহাপরিচালকের দায়িত্বে ছিলেন ব্রিগেডিয়ার জেনারেল মো. আমিনুল হক। 

মোহাম্মদ মনিরুজ্জামানকে আবারও বিটিআরসির মহাপরিচালক পদে ফিরিয়ে আনায় টেলিযোগাযোগ খাতে স্পেকট্রাম ব্যবস্থাপনা, নেটওয়ার্কের মানোন্নয়ন এবং এনইআইআর-সংক্রান্ত কার্যক্রম বিশেষ গুরুত্ব পেতে পারে।

বিটিআরসিতে দায়িত্ব পালনের সময় মোহাম্মদ মনিরুজ্জামান মোবাইল অপারেটরদের তরঙ্গ ব্যবহারের লক্ষ্যমাত্রা নির্ধারণ ও রোলআউট নিয়ে কাজ করেছেন। এক গণশুনানিতে তিনি জানিয়েছিলেন, অপারেটরদের যথাসময়ে তরঙ্গ রোলআউটের নির্দিষ্ট লক্ষ্যমাত্রা দেওয়া হয়েছে। এসব লক্ষ্যমাত্রা বাস্তবায়িত হলে মোবাইল নেটওয়ার্কের মান বাড়বে বলেও তিনি উল্লেখ করেছিলেন।

একই সময়ে তিনি ফোরজি নেটওয়ার্কের মানোন্নয়নকে অগ্রাধিকার দেওয়ার কথাও জানিয়েছিলেন।

একইদিনে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত পৃথক প্রজ্ঞাপনে ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মুহাম্মদ শাহাদাত হোসাইন মাদরাসা শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক নিয়োগ পেয়েছেন। এজন্য তার চাকরি কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগে ন্যস্ত করা হয়েছে। 

আর ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর হোসেনকে হেলথ ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের প্রধান প্রকৌশলী পদে প্রেষণে নিয়োগ দেওয়া হয়েছে। এ পদায়নের জন্য তার চাকরি স্বাস্থ্যসেবা বিভাগে ন্যস্ত করা হয়েছে।  
//ডিবিটেক/এসআইডি/এসএমইউ//