বাংলা কিউআর প্রসারে বিকাশের উদ্যোগ
- ৯৭টি এলাকায় মতবিনিময় সভা
- জামানতহীন ডিজিটাল ক্ষুদ্র ঋণ
- দৈনিক ২০০ কোটি টাকার পেমেন্ট
আর্থিক প্রযুক্তি (FinTech) অবকাঠামো আধুনিকীকরণ, বাংলাদেশ ব্যাংকের সর্বজনীন ‘বাংলা কিউআর’ উদ্যোগকে বেগবান এবং ক্যাশলেস ইকোসিস্টেম সুদৃঢ় করার লক্ষ্যে মার্চেন্টদের নিয়ে ধারাবাহিক মতবিনিময় সভা করেছে বিকাশ। দেশজুড়ে এ পর্যন্ত ৯৭টি এলাকায় আয়োজিত এসব সমন্বয় সভায় বিকাশ-এর প্রায় ১ হাজার ৫০০ মার্চেন্ট অংশগ্রহণ করেন।
১২ আগস্ট, বুধবার বিকাশ জানায়, পেমেন্ট গেটওয়ে অটোমেশন ও ডিজিটাল পেমেন্ট নেটওয়ার্কের সুফল তুলে ধরে সভাগুলোতে মার্চেন্ট পয়েন্টে রিয়েল-টাইম পেমেন্ট নোটিফিকেশন প্রযুক্তির প্রয়োগ হিসেবে ‘ডিজিটাল পেমেন্ট স্পিকার’ ব্যবহারের সুবিধা তুলে ধরা হয়।
জানানো হয়, বাংলা কিউআর পেমেন্ট সরাসরি মার্চেন্ট অ্যাকাউন্টে জমা হওয়ায় নগদ অর্থ বহনের ঝুঁকি ও ভাঙতির ঝামেলা কমে এবং লেনদেনের স্বচ্ছতা বাড়ে। একই সঙ্গে অ্যালগরিদম ভিত্তিক মার্চেন্ট লেনদেন পর্যালোচনা ও ডাটা-ড্রাইভেন ‘ক্রেডিট রেটিং’-এর ওপর ভিত্তি করে ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায়ীরা জামানত ছাড়াই ব্র্যাক ব্যাংকের যৌথ অর্থায়নে দ্রুততম সময়ে ডিজিটাল ঋণ সুবিধা পাচ্ছেন। পাশাপাশি লেনদেন সম্পন্ন হওয়া মাত্রই স্বয়ংক্রিয় ভয়েস মেসেজের মাধ্যমে নিশ্চিতকরণ বার্তা শোনা যায়।
গ্রাহকবান্ধব ব্যাংকিং প্রযুক্তির আধুনিক ফিচারসমূহ নিয়ে আলোচনায় উল্লেখ করা হয়, বাংলা কিউআর স্ক্যান পেমেন্টের ক্ষেত্রে বিকাশ অ্যাপে ‘পে-লেটার’ (বাই নাউ পে লেটার) সুবিধা, ভিসা কার্ড কানেক্টিভিটি এবং ব্যাংক-টু-ওয়ালেট অ্যাড মানি নেটওয়ার্কের সুযোগ রয়েছে। এছাড়া স্থানীয় বাণিজ্যিক কেন্দ্রগুলোতে সচেতনতা বৃদ্ধির পাশাপাশি ইতোমধ্যে দেশের ৮ লাখের বেশি মার্চেন্ট পয়েন্টে বাংলা কিউআর প্রতিস্থাপন করা হয়েছে, যার মাধ্যমে দৈনিক গড়ে ২০০ কোটি টাকার বেশি ডিজিটাল লেনদেন সম্পন্ন হচ্ছে।
//ডিবিটেক/এমএসআর/এমএসইউ//





