বাকৃবিতে মাঠ সংস্কার ও টার্ফের দাবি
- মাঠ সংস্কারের লিখিত দাবি পেশ
- আধুনিক মিনি টার্ফ নির্মাণ প্রস্তাব
- নিয়মিত ফুটবল অনুশীলনে চরম ব্যাঘাত
ক্রীড়া অবকাঠামো প্রযুক্তি আধুনিকীকরণ, ড্রেনেজ সিষ্টেম টেকসইকরণ এবং আধুনিক সিনথেটিক সারফেস প্রযুক্তির ব্যবহারের লক্ষ্যে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) বিভিন্ন হলের খেলার মাঠ সংস্কারসহ একটি আধুনিক মিনি ফুটবল টার্ফ নির্মাণের দাবি জানিয়েছেন শিক্ষার্থীরা।
১২ আগস্ট, বুধবার বিশ্ববিদ্যালয়ের ছাত্র বিষয়ক উপদেষ্টার কাছে এ বিষয়ে একটি লিখিত আবেদন জমা দেওয়া হয়।
প্রকৌশলগত রক্ষণাবেক্ষণের অভাব ও সঠিক পানি নিষ্কাশন ব্যবস্থা না থাকায় স্টেডিয়ামসহ বিভিন্ন হলের মাঠগুলো খেলাধুলার অনুপযোগী হয়ে পড়েছে। ড্রেনেজ না থাকা, নিয়মিত ফিল্ড লেভেলিং প্রযুক্তি ব্যবহার না করা এবং যত্রতত্র ইটের খোয়া, গর্ত ও গবাদিপশুর প্রবেশের কারণে গ্রাউন্ডের ভেতরের গঠন ক্ষতিগ্রস্ত হচ্ছে। ফলে খেলতে গিয়ে প্রতিনিয়ত শিক্ষার্থীরা আহত হচ্ছেন।
বিশ্ববিদ্যালয়ে অত্যাধুনিক টার্ফ প্রযুক্তি যুক্ত করার সুবিধা তুলে ধরে বাকৃবি ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক ও আবেদনকারী মো. মেজবাউল হক মিজু বলেন, "বিশ্ববিদ্যালয়ের মাঠগুলো সংস্কারের পাশাপাশি সময়ের সঙ্গে তাল মিলিয়ে একটি আধুনিক মিনি ফুটবল টার্ফ নির্মাণ করা প্রয়োজন। বিশ্ববিদ্যালয়ের অনেক শিক্ষার্থী নিয়মিত ময়মনসিংহ শহরের বিভিন্ন টার্ফে অর্থ খরচ করে খেলতে যান। শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের মধ্যেও টার্ফে খেলার আগ্রহ রয়েছে। বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরে একটি টার্ফ নির্মাণ করা হলে তা সবার জন্য উপকারী হবে। জিমনেশিয়ামের মাঠসংলগ্ন সুইমিং পুলের পাশের জায়গা অথবা স্টেডিয়ামের উপযুক্ত কোনো অংশে টার্ফ নির্মাণ করা যেতে পারে।"
কৃত্রিম টার্ফ প্রযুক্তির মাধ্যমে অনুশীলন সহজ করার বিষয় উল্লেখ করে বাকৃবি ফুটবল দলের অধিনায়ক মো. আব্দুল মুয়ীদ বলেন, "প্রতি বছর আন্তবিশ্ববিদ্যালয় ফুটবল টুর্নামেন্টে অংশগ্রহণের জন্য দলের নিয়মিত অনুশীলন প্রয়োজন। কিন্তু বিশ্ববিদ্যালয়ের অধিকাংশ মাঠ বছরের বড় একটি সময় খেলার অনুপযুক্ত থাকায় নিয়মিত অনুশীলন ব্যাহত হচ্ছে। তাই প্রতিদিন অনুশীলনের জন্য বিশ্ববিদ্যালয়ে অন্তত একটি টার্ফ নির্মাণ করা জরুরি।"
//ডিবিটেক/এএইচবি/এমএসই//





