এনার্জিপ্যাক ও এডেক্সের চুক্তি স্বাক্ষর
- এডেক্স কর্পোরেশনের সঙ্গে ৫০ লাখ ডলারের চুক্তি স্বাক্ষর করল এনার্জিপ্যাক
- এডিবি অর্থায়নে নেসকোর প্রকল্পে ১৫টি ২০/২৮ এমভিএ ট্রান্সফরমার সরবরাহ করা হবে
- ঢাকার তেজগাঁওয়ে এডেক্সের প্রধান কার্যালয়ে দ্বিপক্ষীয় চুক্তিটি সম্প্রতি স্বাক্ষরিত হয়
জাতীয় পাওয়ার গ্রিড টেকনোলজি ও বিদ্যুৎ বিতরণ ব্যবস্থার প্রযুক্তিগত অবকাঠামো আধুনিকীকরণে এডেক্স কর্পোরেশনের সঙ্গে ৫০ লাখ মার্কিন ডলারের (প্রায়) একটি বাণিজ্যিক চুক্তি স্বাক্ষর করেছে এনার্জিপ্যাক ইঞ্জিনিয়ারিং লিমিটেড। ১২ আগস্ট, বুধবার বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করা হয়।
এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) অর্থায়নে নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই কোম্পানি লিমিটেডের (নেসকো) একটি বিদ্যুৎ বিতরণ প্রকল্পে ব্যবহারের জন্য এই চুক্তির অধীনে এডেক্স কর্পোরেশনকে ১৫টি উন্নত প্রযুক্তির ২০/২৮ এমভিএ পাওয়ার ট্রান্সফরমার সরবরাহ করবে এনার্জিপ্যাক।
রাজধানীর তেজগাঁওয়ে এডেক্স কর্পোরেশনের প্রধান কার্যালয়ে আয়োজিত সম্প্রতি এক অনুষ্ঠানে চুক্তিটি আনুষ্ঠানিকভাবে স্বাক্ষরিত হয়। উক্ত অনুষ্ঠানে এনার্জিপ্যাক ইঞ্জিনিয়ারিং লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ও পরিচালক ইঞ্জিনিয়ার রবিউল আলম এবং এডেক্স গ্রুপের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার আলী আজম নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে উপস্থিত ছিলেন।
বাংলাদেশের অন্যতম শীর্ষস্থানীয় ইলেকট্রিক্যাল ও পাওয়ার ইঞ্জিনিয়ারিং অবকাঠামো প্রতিষ্ঠান এনার্জিপ্যাক ইঞ্জিনিয়ারিং লিমিটেড মূলত ট্রান্সফরমার, সাবস্টেশন ও সুইচগিয়ারসহ উচ্চক্ষমতাসম্পন্ন বৈদ্যুতিক সরঞ্জাম ডিজাইন, ম্যানুফ্যাকচারিং, সরবরাহ, ইনস্টলেশন ও কমিশনিং সেবা দিয়ে থাকে। আধুনিক উৎপাদন সুবিধা, আন্তর্জাতিক প্রকৌশল মানদণ্ড ও প্রযুক্তিগত দক্ষতা কাজে লাগিয়ে দেশের সার্বিক বিদ্যুৎ বিতরণ ব্যবস্থা জোরদার ও সক্ষমতা বৃদ্ধিতে নতুন এই অংশীদারিত্ব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে প্রত্যাশা করা হচ্ছে।
//ডিবিটেক/এমআর/এসএমই//





