ক্লাউড প্ল্যাটফর্মে আসছে কোয়ান্টাম কম্পিউটিং
উদীয়মান কোয়ান্টাম প্রযুক্তিকে মানসম্মত উপায়ে বাণিজ্যিক রূপ দেওয়ার প্রতিযোগিতায় বড় ধরনের পদক্ষেপ নিয়েছে ক্লাউড সেবাদাতা প্রতিষ্ঠান ওরাকল এবং কোয়ান্টাম প্রসেসর প্রস্তুতকারক প্রতিষ্ঠান কোয়ান্টিনুয়াম। ওরাকলের ক্লাউড প্ল্যাটফর্মে সরাসরি কোয়ান্টাম কম্পিউটিং ক্ষমতা যুক্ত করতে দুই প্রযুক্তি জায়ান্ট একটি বহুবছর মেয়াদী কৌশলগত অংশীদারিত্বের কথা ঘোষণা করেছে।
কোয়ান্টাম ও এআই প্রযুক্তির মেলবন্ধন
এই চুক্তির অধীনে ওরাকল ক্লাউড ইনফ্রাস্ট্রাকচারের গ্রাহকেরা কোয়ান্টিনুয়ামের তৈরি 'হেলিওস' কোয়ান্টাম কম্পিউটার ব্যবহারের সুযোগ পাবেন। এর ফলে ক্লাউড ব্যবহারকারীরা একই সঙ্গে ওরাকলের হাই-পারফর্ম্যান্স কম্পিউটিং, জিপিইউচালিত এআই সেবা এবং কোয়ান্টাম কম্পিউটিংকে সমন্বিতভাবে ব্যবহার করতে পারবেন। বাণিজ্যিক ব্যবহারের জন্য গত নভেম্বরে উন্মোচিত হওয়া হেলিওস কোয়ান্টাম কম্পিউটারটি যুক্তরাষ্ট্রে অবস্থিত ওরাকলের একটি ডেটা সেন্টারে স্থাপন করা হবে।
এন্টারপ্রাইজ ও গবেষণায় নতুন দিগন্ত
কোয়ান্টিনুয়ামের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) রাজীব হাজরা জানান, এন্টারপ্রাইজ কম্পিউটিংয়ের পরবর্তী অধ্যায় মূলত কোয়ান্টাম, এআই এবং উচ্চগতির কম্পিউটিংয়ের যৌথ শক্তির ওপর ভিত্তি করে তৈরি হবে।
দুই প্রতিষ্ঠানের প্রকাশিত যৌথ বিবৃতিতে বলা হয়েছে, এই হাইব্রিড কোয়ান্টাম-এআই অবকাঠামোর মাধ্যমে প্রাতিষ্ঠানিক খাতের জটিল ও গাণিতিক সমস্যা সমাধানের পাশাপাশি বিশ্ববিদ্যালয় এবং গবেষণা প্রতিষ্ঠানগুলোর বৈজ্ঞানিক উদ্ভাবন ও শিক্ষার পথ উন্মুক্ত হবে।
ডেভেলপারদের জন্য নতুন সুবিধা
ওরাকল জানিয়েছে, আগামী কয়েক মাসের মধ্যেই ক্লাউডে তাদের এই কোয়ান্টাম সেবার প্রাথমিক সংস্করণ বা প্রিভিউ উন্মোচন করা হবে। সেখানে কোয়ান্টিনুয়ামের ডেভেলপমেন্ট স্ট্যাকের পাশাপাশি ওপেন-সোর্স হাইব্রিড প্রোগ্রামিং ফ্রেমওয়ার্ক যুক্ত থাকবে, যা নতুন কোয়ান্টাম-ক্লাসিক্যাল সফটওয়্যার অ্যাপ ও অ্যালগরিদম তৈরি এবং পরীক্ষা করতে সাহায্য করবে।
ডিবিটেক/বিএমটি । সূত্র: রয়টার্স





