গবেষণা ও একাডেমিক অংশীদারিত্বে বাকৃবি-কোরিয়ার নতুন উদ্যোগ

  • কোরিয়ার প্রতিনিধিদলের বাকৃবি সফর
  • যৌথ গবেষণা ও একাডেমিক সহযোগিতা
  • আন্তর্জাতিক অংশীদারিত্ব সম্প্রসারণে আলোচনা

গবেষণা ও একাডেমিক অংশীদারিত্বে বাকৃবি-কোরিয়ার নতুন উদ্যোগ
১২ জুলাই, ২০২৬ ১৩:৩৩  

আন্তর্জাতিক গবেষণা, জ্ঞান বিনিময় এবং উচ্চশিক্ষায় বৈশ্বিক সহযোগিতা সম্প্রসারণের লক্ষ্যে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি) সফর করেছে দক্ষিণ কোরিয়ার ইয়ুংনাম বিশ্ববিদ্যালয়ের পার্ক চুং হি স্কুল অব পলিসি অ্যান্ড সেমাউলের একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদল।

১২ জুলাই, রবিবার বাকৃবির কৃষি সম্প্রসারণ শিক্ষা বিভাগে অনুষ্ঠিত মতবিনিময় সভার আয়োজন করেন বিভাগের অধ্যাপক ড. মো. আসাদুজ্জামান সরকার।

প্রতিনিধিদলে ছিলেন পার্ক চুং হি স্কুল অব পলিসি অ্যান্ড সেমাউলের ডিন এবং আন্তর্জাতিক উন্নয়ন ও সেমাউল স্টাডিজের অধ্যাপক ড. জিয়ং জু লি, ভাইস ডিন ও স্পেশাল ফিজিক্যাল এডুকেশনের অধ্যাপক ড. সিওক মিন ইউন এবং প্রশাসনিক ব্যবস্থাপক জুং চুন লি।

সভায় প্রতিনিধিদল বাকৃবির শিক্ষক ও শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় করে। এ সময় দুই বিশ্ববিদ্যালয়ের মধ্যে যৌথ গবেষণা, একাডেমিক সহযোগিতা, শিক্ষক-শিক্ষার্থী বিনিময় কর্মসূচি, গবেষণা সক্ষমতা বৃদ্ধি এবং আন্তর্জাতিক শিক্ষা নেটওয়ার্ক সম্প্রসারণের সম্ভাবনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

পরে প্রতিনিধিদল বাকৃবির উপাচার্য অধ্যাপক ড. এ কে ফজলুল হক ভুঁইয়ার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করে। সাক্ষাতে উপাচার্য গবেষণা, উদ্ভাবন এবং আন্তর্জাতিক একাডেমিক সহযোগিতা আরও জোরদারের আগ্রহ প্রকাশ করেন। তিনি বলেন, বৈশ্বিক বিশ্ববিদ্যালয়গুলোর সঙ্গে অংশীদারিত্ব কৃষি শিক্ষা, গবেষণা এবং মানবসম্পদ উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

সংশ্লিষ্টরা জানান, এ সফরের মাধ্যমে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় ও ইয়ুংনাম বিশ্ববিদ্যালয়ের মধ্যে দীর্ঘমেয়াদি গবেষণা ও শিক্ষা-ভিত্তিক অংশীদারিত্ব গড়ে তোলার ভিত্তি আরও শক্তিশালী হয়েছে। ভবিষ্যতে যৌথ গবেষণা প্রকল্প, একাডেমিক প্রকাশনা, দক্ষতা উন্নয়ন কর্মসূচি এবং আন্তর্জাতিক শিক্ষার্থী বিনিময় কার্যক্রম চালুর ক্ষেত্রেও এ আলোচনা ইতিবাচক ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।

উচ্চশিক্ষায় আন্তর্জাতিকীকরণ, গবেষণার মানোন্নয়ন এবং বৈশ্বিক জ্ঞান আদান-প্রদানের অংশ হিসেবে এ ধরনের সহযোগিতা বাংলাদেশের কৃষি শিক্ষা ও গবেষণাকে আরও প্রতিযোগিতামূলক করে তুলবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

//ডিবিটেক/ এআর/এসএ//