আওয়ামী লীগ নিষিদ্ধের রিট

ডিজিটাল প্ল্যাটফর্মে কনটেন্ট বন্ধের আবেদন

  • ডিজিটাল পেজ ও চ্যানেল ব্লকের দাবি
  • আওয়ামী লীগ বিলুপ্ত ও নিষিদ্ধের আবেদন
  • বিচার বিভাগীয় তদন্ত কমিশন গঠনের দাবি

ডিজিটাল প্ল্যাটফর্মে কনটেন্ট বন্ধের আবেদন
২৫ নভেম্বর, ২০২৬ ১৯:৫০  

ডিজিটাল যোগাযোগমাধ্যমে সহিংসতা উসকানি ও নাশকতার অভিযোগে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগকে রাজনৈতিক দল হিসেবে বিলুপ্ত এবং অনলাইন কনটেন্ট বন্ধের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট দায়ের করা হয়েছে। ২৫ নভেম্বর, বুধবার রিটটির বিষয়ে জানানো হয়। সংশ্লিষ্ট সূত্রে প্রকাশ, নড়াইলের কালিয়ার এম এস মোস্তাফিজুর রহমানসহ সাতজন এ রিট করেন এবং আইনজীবী ব্যারিস্টার এএসএম শাহরিয়ার কবির বিষয়টি জানান।

রিটে স্বরাষ্ট্র সচিব, পররাষ্ট্র সচিব, আইন সচিব, মন্ত্রিপরিষদ সচিব, ডাক ও টেলিযোগাযোগ সচিব, বিটিআরসি চেয়ারম্যান, বাংলাদেশ ব্যাংকের গভর্নর, বিএফআইইউ প্রধান এবং তথ্য সচিবকে বিবাদী করা হয়েছে। আবেদনে আওয়ামী লীগ ও এর অঙ্গ, সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠন—ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, কৃষক লীগ, জাতীয় শ্রমিক লীগ, মহিলা আওয়ামী লীগ, তাঁতী লীগ ও মৎস্যজীবী লীগসহ সংশ্লিষ্ট অন্য যে কোনো সংগঠনকে স্থায়ীভাবে নিষিদ্ধ ও সন্ত্রাসী সংগঠন হিসেবে তালিকাভুক্ত করার নির্দেশনা চাওয়া হয়েছে। ২০২৫ সালের ১২ মে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের প্রজ্ঞাপনে বিচার সম্পন্ন না হওয়া পর্যন্ত দলটির কার্যক্রম নিষিদ্ধ এবং নির্বাচন কমিশন নিবন্ধন স্থগিত করলেও আবেদনকারীদের মতে তা যথেষ্ট নয়; বরং সংসদে আইন প্রণয়ন বা অধ্যাদেশ জারির মাধ্যমে স্থায়ী বিলুপ্তি প্রয়োজন।

রিটে বিভিন্ন সময়ে হত্যা, অগ্নিসংযোগ, বোমাবাজি, সরকারি-বেসরকারি স্থাপনায় হামলা ও সহিংসতা উসকানির অভিযোগ তুলে ধরা হয়েছে। এতে বলা হয়, নিষেধাজ্ঞা সত্ত্বেও গত ১০ নভেম্বর থেকে দেশজুড়ে সংঘবদ্ধ অগ্নিসংযোগ, বোমাবাজি ও হামলা চলছে; যার মধ্যে ১৭ নভেম্বর গোপালগঞ্জের টুঙ্গিপাড়া থানা ঘেরাও করে অগ্নিসংযোগ ও বিজিবির চারটি গাড়িতে আগুন দেওয়ার অভিযোগ রয়েছে।

এছাড়া ১৮ নভেম্বর নড়াইলের কালিয়ায় বিএনপির সহযোগী সংগঠনের দুই নেতা মো. শাহীন ও সোহেল মোল্লাকে হত্যা, ফরিদপুরের ভাঙ্গায় কৃষক দলের এক নেতাকে হত্যা, গোপালগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ডা. কে এম বাবরের মালিকানাধীন আরাফ জেনারেল হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে হামলা-ভাঙচুর-অগ্নিসংযোগ, সংসদ সদস্য এস এম জিলানীর বাসভবনে হামলা এবং ১০ থেকে ১৬ নভেম্বরের মধ্যে গ্রামীণ ব্যাংকের ২০ থেকে ৩৭টি শাখায় অগ্নিসংযোগ ও হামলার চেষ্টার অভিযোগ উল্লেখ করা হয়েছে। ১৮ নভেম্বর চট্টগ্রামের পাঁচলাইশে সাবেক প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের পৈতৃক বাড়িতে অগ্নিসংযোগের ঘটনাও রিটে রয়েছে। বিদেশে অবস্থানরত শেখ হাসিনাসহ পলাতক নেতারা অডিও বার্তা, টেলিফোন ও আন্তর্জাতিক গণমাধ্যমে সাক্ষাৎকারের মাধ্যমে সহিংসতা ও সরকার উৎখাতের নির্দেশনা দিচ্ছেন বলে অভিযোগ করা হয়েছে; পাশাপাশি ১৮ নভেম্বর ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনের সমাপনী ভাষণে প্রধানমন্ত্রী দলটিকে সন্ত্রাসী গোষ্ঠী হিসেবে অভিহিত করেছিলেন বলে উল্লেখ করা হয়েছে।

সুপ্রিম কোর্টের কর্মরত বা অবসরপ্রাপ্ত বিচারপতির নেতৃত্বে ১৯৫৬ সালের কমিশন অব ইনকোয়ারি আইনের আওতায় স্বাধীন বিচার বিভাগীয় তদন্ত কমিশন গঠনের আবেদন জানানো হয়েছে, যা ১৯৭২ থেকে ১৯৭৫ সালের রক্ষীবাহিনীর কর্মকাণ্ড ও সিরাজ সিকদার হত্যা, ২০০৯ সালের পিলখানা হত্যাকাণ্ড, ২০১৩ সালের শাপলা চত্বর অভিযান, ২০০৯ থেকে ২০২৪ সালের গুম-খুন, কথিত আয়নাঘর ও অর্থ পাচার এবং ২০২৪ সালের ৫ আগস্ট পরবর্তী সহিংসতা তদন্ত করে ৯০ দিনের মধ্যে প্রতিবেদন দেবে। আওয়ামী লীগের দেশি-বিদেশি অর্থের উৎস, অর্থদাতাদের পরিচয় শনাক্ত ও তহবিল জব্দের বিষয়ে বাংলাদেশ ব্যাংক ও বিএফআইইউকে ৩০ দিনের মধ্যে হলফনামায় প্রতিবেদন দিতে বলা হয়েছে।

বিদেশি সরকার ও দূতাবাসকে অবহিত করা, যুক্তরাষ্ট্রের ইমিগ্রেশন অ্যান্ড ন্যাশনালিটি অ্যাক্টের ২১৯ ধারা অনুযায়ী ‘ফরেন টেরোরিস্ট অর্গানাইজেশন’ হিসেবে তালিকাভুক্ত করতে ওয়াশিংটনের দূতাবাসের মাধ্যমে মার্কিন পররাষ্ট্রমন্ত্রীকে অনুরোধ, জাতিসংঘ নিরাপত্তা পরিষদের ১৩৭৩ নম্বর প্রস্তাব অনুযায়ী ভারতের ভূখণ্ড ব্যবহার করে বাংলাদেশবিরোধী কর্মকাণ্ড বন্ধে ভারত সরকারকে অনুরোধ এবং দণ্ডিত সাবেক প্রধানমন্ত্রীসহ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের আসামিদের ফেরাতে কূটনৈতিক পদক্ষেপের নির্দেশনা চাওয়া হয়েছে।

গণমাধ্যম, অনলাইন ও সামাজিক যোগাযোগমাধ্যমে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নামে প্রকাশিত পেজ, অ্যাকাউন্ট, চ্যানেল, পোস্ট ও কনটেন্ট অপসারণ বা ব্লক এবং সহিংসতা উসকে দেওয়া কনটেন্টের পুনঃপ্রকাশ বন্ধের নির্দেশনা চাওয়া হয়েছে, তবে আইনসম্মত সংবাদ প্রতিবেদন, একাডেমিক পর্যালোচনা ও সরকারের সমালোচনা এর বাইরে থাকবে। টেলিভিশন টকশো ও সামাজিক যোগাযোগমাধ্যমে ২০২৪ সালের হত্যাকাণ্ড অস্বীকার বা ন্যায্যতা দেওয়া এবং জুলাই যোদ্ধাদের ‘জুলাই জঙ্গি’ আখ্যা দেওয়ার অভিযোগে সংশ্লিষ্ট ব্যক্তি ও সম্প্রচারমাধ্যমের বিরুদ্ধে দণ্ডবিধি ও সন্ত্রাসবিরোধী আইনে ব্যবস্থা নিয়ে ৩০ দিনের মধ্যে আদালতে প্রতিবেদন দাখিল এবং সশস্ত্র ও সন্ত্রাসী কর্মকাণ্ডে অর্থদাতা ও মদতদাতাদের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের মামলা দায়েরের নির্দেশনাও চাওয়া হয়েছে।             //ডিবিটেক/জেএনআর/এসএমই/এসএমপি//