আইওএস বেটা সংস্করণে হোয়াটসঅ্যাপের ‘ভিউ ওয়ান্স’ টেক্সট সুবিধা

আইওএস বেটা সংস্করণে হোয়াটসঅ্যাপের ‘ভিউ ওয়ান্স’ টেক্সট সুবিধা
২৫ নভেম্বর, ২০২৬ ০৯:৩৭  

তথ্য আদান-প্রদানের জনপ্রিয় মাধ্যম হোয়াটসঅ্যাপ এবার আইওএসের বেটা ব্যবহারকারীদের জন্য টেক্সট বার্তায় ‘ভিউ ওয়ান্স’ (একবার দেখার সুবিধা) ফিচারটি চালু করেছে। এর প্রায় দুই সপ্তাহ আগে অ্যান্ড্রয়েড বেটা সংস্করণে এই সুবিধা যুক্ত হয়েছিল।

হোয়াটসঅ্যাপের বিভিন্ন ফিচার নিয়ে কাজ করা পর্যবেক্ষক ওয়েবসাইট ডব্লিউএবেটাইনফোর বরাতে জানা গেছে, আইওএসের জন্য হোয়াটসঅ্যাপ বেটা সংস্করণ ২৬.৪৫.১০.৭৩-তে কিছু ব্যবহারকারী ফিচারটি পাচ্ছেন।

কাজ করবে যেভাবে
আইওএসে টেক্সট বার্তায় ভিউ ওয়ান্স সুবিধাটি অ্যান্ড্রয়েডের মতোই কাজ করবে। বার্তা লিখে সেন্ড বাটনে চেপে ধরে রাখলে ‘ভিউ ওয়ান্স’ অপশন আসবে। প্রথমবার ব্যবহারের সময় ফিচারটি সম্পর্কে একটি তথ্যবার্তা দেখাবে, যেখানে ‘ওকে’ চাপলেই সেটি সক্রিয় হবে।

প্রাপক চ্যাটে গিয়ে বার্তাটিতে ট্যাপ করলে এটি আলাদা একটি ইন্টারফেসে খুলবে। একবার বন্ধ করে দিলে তা আর দ্বিতীয়বার খুলে দেখা যাবে না। প্রাপকের ‘রিড রিসিপ্ট’ চালু থাকলে বার্তাটি দেখা হয়েছে কি না, তা বোঝা যাবে।

গোপনীয়তা ও সীমাবদ্ধতা
বার্তাটি একবার পড়া হয়ে গেলে প্রেরক বা প্রাপক কারও কাছেই আর তা থাকবে না। প্রাপক এই বার্তা কপি, ফরোয়ার্ড বা সংরক্ষণ করতে পারবেন না। এমনকি বার্তাটি দেখার সময় স্ক্রিনশট নেওয়া বা স্ক্রিন রেকর্ড করার চেষ্টা করলে তা আটকে দেবে হোয়াটসঅ্যাপ।

তবে আপাতত এই ধরনের বার্তা শিডিউল বা নির্দিষ্ট সময়ে পাঠানোর সুযোগ রাখেনি হোয়াটসঅ্যাপ। ভবিষ্যতে এই সুবিধা যুক্ত হবে কি না, তা এখনো নিশ্চিত নয়।

ডিবিটেক/বিএমটি    ।   সূত্র: জিএসএম এরিনা