প্রকৌশল শিক্ষাকে বিশ্বমানে উন্নীত করার ঘোষণা

প্রকৌশল শিক্ষা বিশ্বমানে উন্নীত করার অঙ্গীকার

  • প্রকৌশল শিক্ষা বিশ্বমানে উন্নীত করার অঙ্গীকার
  • এআই, আইসিটি ও রোবটিক্সে গবেষণা গুরুত্ব
  • এমআইএসটি স্পোর্টস কমপ্লেক্স উদ্বোধন সম্পন্ন

প্রকৌশল শিক্ষা বিশ্বমানে উন্নীত করার অঙ্গীকার
২৫ নভেম্বর, ২০২৬ ২০:২৭  

চতুর্থ শিল্পবিপ্লবের অগ্রযাত্রায় কৃত্রিম বুদ্ধিমত্তা, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, বিগ ডাটা ও রোবটিক্স গবেষণার ওপর গুরুত্ব দিয়ে প্রকৌশল শিক্ষাকে বিশ্বমানে উন্নীত করার অঙ্গীকার করা হয়েছে। ২৫ নভেম্বর, বুধবার অনুষ্ঠিত কাউন্সিল অব এমআইএসটি'র ২৩তম সভায় সভাপতি হিসেবে বক্তব্যকালে শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন এ কথা জানান। সংশ্লিষ্ট সূত্রে প্রকাশ, সভাটি ঢাকায় মিলিটারি ইনস্টিটিউট অফ সাইন্স এন্ড টেকনোলজিতে (এমআইএসটি) অনুষ্ঠিত হয়।

ড. আ ন ম এহছানুল হক মিলন জানান, যুগের চাহিদার সঙ্গে সংগতিপূর্ণ শিক্ষাব্যবস্থার আলোকে প্রকৌশল শিক্ষাকে বিশ্বমানে উন্নীত করতে বর্তমান সরকার বদ্ধপরিকর। তার মতে, বিশ্ববিদ্যালয় কেবল সনদ বিতরণের প্রতিষ্ঠান নয়, বরং উৎকর্ষের কেন্দ্র হতে হবে এবং শিক্ষা হতে হবে দক্ষতাভিত্তিক ও কর্মমুখী। সততা, নিষ্ঠা, নৈতিক মূল্যবোধ ও দেশপ্রেমে উজ্জীবিত আগামীর প্রজন্ম গড়ে তোলার কাজ চলছে বলেও তিনি উল্লেখ করেন।

বাংলাদেশকে একটি আন্তর্জাতিক উচ্চশিক্ষা হাবে পরিণত করার লক্ষ্যে কাজ চলছে জানিয়ে মন্ত্রী বলেন, দেশের বিশ্ববিদ্যালয়গুলো উৎকর্ষ কেন্দ্র হলে বিদেশি শিক্ষার্থীরাও এখানে পড়তে আসবে। চতুর্থ শিল্পবিপ্লবের পথে এগিয়ে যেতে কৃত্রিম বুদ্ধিমত্তা, আইসিটি, বিগ ডাটা ও রোবটিক্সের মতো ক্ষেত্রে জ্ঞানার্জন ও গবেষণা অপরিহার্য বলে তিনি উল্লেখ করেন এবং এ পথে এমআইএসটি অগ্রণী ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেন।

সভায় সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, অ্যাডমিরাল খোন্দকার মিসবাহ উল আজীম, বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান, এমআইএসটি'র কমান্ড্যান্ট মেজর জেনারেল মো. হাকিমুজ্জামানসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। সভা শেষে মন্ত্রী এমআইএসটি'র স্পোর্টস কমপ্লেক্স উদ্বোধন করেন।

//ডিবিটেক/এসএমপি/এমআইএস/এমভিএনও//