বৈশ্বিক এআই হ্যাকাথনে বাংলাদেশের ঐতিহাসিক জয়
জাতিসংঘের এআই হ্যাকাথনে চ্যাম্পিয়ন বাংলাদেশের দল ‘জেডএআই বিডি’
- ৩৭টি দেশের কয়েকশ দলকে পেছনে ফেলে চ্যাম্পিয়ন বাংলাদেশের দল
- ১১টি দেশের বাণিজ্য আইন বিশ্লেষণে উন্মুক্ত প্ল্যাটফর্ম ‘ক্লজচেইন’ উদ্ভাবন
- বিডিরেনের নিজস্ব এনভিডিয়া ডিজিএক্স স্পার্ক অবকাঠামোতে তৈরি এআই প্রযুক্তি
কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), নিজস্ব বৃহৎ ভাষা মডেল (এলএলএম) এবং দেশীয় ডেটা সেন্টার অবকাঠামোর সক্ষমতা কাজে লাগিয়ে জাতিসংঘের বৈশ্বিক এআই হ্যাকাথনে চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশের দল ‘জেডএআই বিডি’ (zAI BD)। বিশ্বের ৩৭টি দেশের কয়েক শ দলকে পেছনে ফেলে এই গৌরব অর্জন করেছে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি) পরিচালিত অলাভজনক প্রতিষ্ঠান বাংলাদেশ রিসার্চ অ্যান্ড এডুকেশন নেটওয়ার্কের (বিডিরেন) তরুণ প্রকৌশলীদের এই দলটি।
২৪ নভেম্বর, মঙ্গলবার ইউজিসিতে বিডিরেনের ৬৪তম ট্রাস্টি বোর্ড সভায় বিজয়ী দলের সদস্যদের অভিনন্দন জানান ইউজিসি চেয়ারম্যান ও বিডিরেন ট্রাস্টি বোর্ডের চেয়ারপার্সন অধ্যাপক ড. মামুন আহমেদ। তিনি বলেন, তরুণদের মেধা ও প্রযুক্তিগত সক্ষমতা দেশের গবেষণা ও উদ্ভাবনে কাজে লাগাতে এ ধরনের উদ্যোগে সহযোগিতা করবে ইউজিসি। সভায় ইউজিসি সদস্য অধ্যাপক ড. মাছুমা হাবিব, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. রইছ উদ্দীনসহ বিডিরেন ও ইউজিসির সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
|
বাংলাদেশের দলটির নেতৃত্ব দেন বিডিরেনের ব্যবস্থাপক (ইনোভেশন) ও এআই প্রকৌশলী আবু নাছের মুহা. নাফিউ। দলের অন্য সদস্যরা হলেন বিডিরেনের জ্যেষ্ঠ ডেভেলপার ও এআই প্রকৌশলী পুনম চৌধুরী, এআই প্রকৌশলী মো. সানিউল বাসির সাজ এবং আইনি পর্যালোচক মো. ইনসাফুল রহমান তুষার। এর আগে গত ১৫ অক্টোবর, বৃহস্পতিবার থাইল্যান্ডের ব্যাংককে জাতিসংঘ সম্মেলন কেন্দ্রে প্রতিযোগিতার চূড়ান্ত পর্বে আন্তর্জাতিক বিচারকেরা বাংলাদেশের দলটিকে বিজয়ী ঘোষণা করেন। জাতিসংঘের এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের অর্থনৈতিক ও সামাজিক কমিশন (ইউএনএসকাপ) ‘ইউনাইটেড নেশনস গ্লোবাল হ্যাকাথন ২০২৬: ইউজিং এআই ফর ডিজিটাল ট্রেড রেগুলেটরি অ্যানালাইসিস’ শীর্ষক এই প্রতিযোগিতার আয়োজন করে। বিভিন্ন দেশের ডিজিটাল বাণিজ্যবিষয়ক আইন ও বিধিমালা বিশ্লেষণের জন্য উন্মুক্ত উৎসের (ওপেন সোর্স) এআই প্রযুক্তি তৈরি ছিল এর মূল লক্ষ্য। |
|
দলটির উদ্ভাবিত সম্পূর্ণ উন্মুক্ত উৎসের এআই প্ল্যাটফর্মটির নাম ‘ক্লজচেইন’। এটি বিভিন্ন দেশের সরকারি পোর্টাল ও গেজেট থেকে আইন সংগ্রহ করে বিশ্লেষণ করে এবং আইনের ধারাগুলোর সঙ্গে জাতিসংঘের রিজিওনাল ডিজিটাল ট্রেড ইন্টিগ্রেশন ইনডেক্সের (আরডিটিআইআই) সূচকের সামঞ্জস্য যাচাই করে। প্ল্যাটফর্মটির বিশেষত্ব হলো, এআইয়ের দেওয়া প্রতিটি তথ্য ও উদ্ধৃতি মূল সরকারি নথির সঙ্গে মিলিয়ে দেখা হয়। পাশাপাশি আইনটি কার্যকর আছে কি না এবং তথ্যের উৎস সরকারি কি না, তা-ও যাচাই করা হয়। নয়টি স্বয়ংক্রিয় যাচাইয়ের যেকোনো একটিতে ব্যর্থ হলে সংশ্লিষ্ট তথ্য বাদ পড়ে। বর্তমানে ১১টি দেশের ১ হাজার ৪৯টি সরকারি উৎস থেকে সংগৃহীত ৭৪৬টি আইন ও বিধিমালার ১ লাখ ৫৪ হাজারের বেশি ধারা এতে প্রক্রিয়াজাত করা হয়েছে।
এই সাফল্যের পেছনে গুরুত্বপূর্ণ প্রযুক্তিগত সহায়তা দিয়েছে বিডিরেন। প্রতিষ্ঠানটি তাদের ডেটা সেন্টারে স্থাপিত এনভিডিয়া ডিজিএক্স স্পার্ক ব্যবহারের সুযোগ দেয় দলটিকে। এর মাধ্যমে নিজস্ব বৃহৎ ভাষা মডেল, পাঠ্য বিশ্লেষণ ও ওসিআর প্রযুক্তি ব্যবহার করে বিদেশি বাণিজ্যিক এআই সেবা বা এপিআইয়ের ওপর নির্ভরতা ছাড়াই বাংলাদেশের নিজস্ব প্রযুক্তি অবকাঠামোতে পুরো বিশ্লেষণ সম্পন্ন করা সম্ভব হয়েছে।
দলনেতা আবু নাছের মুহা. নাফিউ বলেন, তাদের লক্ষ্য ছিল এমন একটি ব্যবস্থা তৈরি করা, যার প্রতিটি তথ্য মূল সরকারি নথি থেকে যাচাই করা যায়। বিডিরেনের প্রযুক্তিগত সহায়তা বাংলাদেশের নিজস্ব অবকাঠামোতেই বিশ্বমানের এআই পরিচালনার সক্ষমতা দেখিয়েছে। উল্লেখ্য, ক্লজচেইনকে আরও উন্নত করে পূর্ণাঙ্গ পণ্য হিসেবে ব্যবহারের আগ্রহ প্রকাশ করেছে ইউএনএসকাপের ট্রেড পলিসি অ্যান্ড ফ্যাসিলিটেশন বিভাগ।
//ডিবিটেক/আইএইচইউ/ডিআরই/এফওইডি//





