অচলাবস্থা কাটাতে জরুরি সভা ডেকেছে চুয়েট শিক্ষক সমিতি

  • ২৫ নভেম্বর সকাল ১১টায় চুয়েট কেন্দ্রীয় অডিটোরিয়ামে জরুরি সাধারণ সভা
  • ​শিক্ষা মন্ত্রণালয় ও ইউজিসির সঙ্গে অনুষ্ঠিত মতবিনিময় সভার বিষয়বস্তু অবহিতকরণ
  • ​প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের জটিলতা নিরসনে পরবর্তী করণীয় নির্ধারণ করবে শিক্ষক সমিতি

অচলাবস্থা কাটাতে জরুরি সভা ডেকেছে চুয়েট শিক্ষক সমিতি
২৪ নভেম্বর, ২০২৬ ২৩:৪১  

দেশের অন্যতম শীর্ষস্থানীয় প্রকৌশল ও প্রযুক্তিবিদ্যা উচ্চশিক্ষা প্রতিষ্ঠান চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) চলমান অচলাবস্থা নিরসন এবং একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রমে গতি ফেরাতে জরুরি সাধারণ সভা আহ্বান করেছে চুয়েট শিক্ষক সমিতি।

প্রযুক্তি ও প্রকৌশল শিক্ষার এই গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানে উদ্ভূত জটিলতা কাটিয়ে পরবর্তী করণীয় নির্ধারণে ২৫ নভেম্বর, বুধবার সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় অডিটোরিয়ামে এই সভা অনুষ্ঠিত হবে।

​এর আগে ২৩ নভেম্বর, সোমবার চুয়েট শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মো. আবুল হাছান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই জরুরি সভার তথ্য জানানো হয়।

​বিজ্ঞপ্তিতে বলা হয়, শিক্ষা মন্ত্রণালয়ে সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) প্রতিনিধি দলের সঙ্গে চুয়েট শিক্ষক সমিতির প্রতিনিধি দলের একটি মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

​এতে আরও উল্লেখ করা হয়, চুয়েটে চলমান অচলাবস্থার কারণে বিভিন্ন ধরনের জটিলতা ক্রমবর্ধমান হারে বৃদ্ধি পাচ্ছে। এমতাবস্থায়, শিক্ষা মন্ত্রণালয়ে অনুষ্ঠিত সভার আলোচনাসমূহ শিক্ষক সমিতির সদস্যদের অবহিতকরণ এবং বিশ্ববিদ্যালয়ের বৃহত্তর স্বার্থে চলমান অচলাবস্থা নিরসনে পরবর্তী করণীয় নির্ধারণকে এই জরুরি সভার মূল আলোচ্যসূচি হিসেবে রাখা হয়েছে।

​বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ও গবেষণামূলক পরিবেশ স্বাভাবিক রাখার লক্ষ্যে চুয়েট শিক্ষক সমিতির পক্ষ থেকে এই জরুরি সাধারণ সভায় সমিতির সকল সদস্যকে উপস্থিত থাকার জন্য অনুরোধ জানানো হয়েছে।

//ডিবিটেক/আরএইচ/ডিআরই/এফওইডি//