চট্টগ্রামে ডিকার্বনাইজেশন জলবায়ু আড্ডায় ক্যাব নেতা নাজের হোসাইন; তৃণমূল উদ্যোগ জোরদারের তাগিদ

জলবায়ু মোকাবিলায় প্রযুক্তি ছাড়াও মেধা প্রয়োগের আহ্বান

  • প্রচলিত প্রযুক্তি ও গতানুগতিক জ্ঞানের বাইরে গিয়ে প্রকৃত মেধা ও প্রজ্ঞার প্রয়োগ বাড়ানোর তাগিদ
  • চট্টগ্রামসহ ঝুঁকিপূর্ণ অঞ্চলে জলাবদ্ধতা, পাহাড় নিধন, বন্যা ও জলবায়ু সংকটের বহুমাত্রিক প্রভাব পর্যালোচনা
  • সিক্ত বাংলাদেশ, ব্র্যাক সি৩ইআর ও আইএসডিই আয়োজিত আড্ডায় অংশ নিল যুব সংগঠনসমূহ

জলবায়ু মোকাবিলায় প্রযুক্তি ছাড়াও মেধা প্রয়োগের আহ্বান
৩১ আগষ্ট, ২০২৬ ২৩:২৭  

বৈশ্বিক জলবায়ু পরিবর্তনের মারাত্মক ঝুঁকি ও বিরূপ প্রভাব মোকাবিলায় প্রচলিত প্রযুক্তি ও গতানুগতিক জ্ঞাননির্ভর পদ্ধতির ওপর নির্ভরতা কমিয়ে প্রকৃত মেধা, প্রজ্ঞা ও পরিবর্তনের জন্য কাজ করা তরুণদের বেশি গুরুত্ব দেওয়ার আহ্বান জানিয়েছেন কনজ্যুমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ক্যাব) ভাইস প্রেসিডেন্ট এস এম নাজের হোসাইন। ১ সেপ্টেম্বর, ২০২৬ মঙ্গলবার সংশ্লিষ্ট সূত্রে এ তথ্য জানা যায়।

এর আগে সোমবার (৩১ আগস্ট) চট্টগ্রামের চান্দগাঁওয়ে আইএসডিই বাংলাদেশ মিলনায়তনে গ্রাসরুটস নেটওয়ার্ক ফর ডিকার্বনাইজেশনের উদ্যোগে আয়োজিত এক বিশেষ জলবায়ু আড্ডায় তিনি এ আহ্বান জানান। পরিবেশবাদী সংগঠন ‘সিক্ত বাংলাদেশ’ আয়োজিত এ অনুষ্ঠানে সহযোগিতা করে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের সেন্টার ফর ক্লাইমেট চেঞ্জ অ্যান্ড এনভায়রনমেন্টাল রিসার্চ (সি৩ইআর) এবং আইএসডিই বাংলাদেশ।

এস এম নাজের হোসাইন বলেন, "জলবায়ু পরিবর্তনের কারণে ভূপৃষ্ঠের তাপমাত্রা দ্রুত বাড়ছে এবং পৃথিবী ক্রমাগত বসবাসের অনুপযোগী হয়ে উঠছে, যার তীব্র মূল্য দিতে হচ্ছে বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশগুলোকে। জলবায়ু মোকাবিলায় সরকারের উদ্যোগ দৃশ্যমান হলেও তা এখনো পুরোনো জ্ঞান ও প্রযুক্তিনির্ভর। প্রকৃত মেধাবী গবেষক ও মাঠপর্যায়ের কর্মীদের সম্পৃক্ত না করে সুযোগসন্ধানীদের হাতে সুবিধা চলে যাওয়ায় বৈশ্বিক অগ্রগতির সঙ্গে তাল মেলানো কঠিন হচ্ছে। তাই জলবায়ু নীতিমালায় উদ্ভাবনী মেধা ও প্রজ্ঞার সমন্বয় ঘটাতে হবে।"

অনুষ্ঠানে আইএসডিই বাংলাদেশের সহযোগী প্রশাসনিক কর্মকর্তা আবদুল মান্নান জিহাদের সঞ্চালনায় আরও বক্তব্য দেন ক্যাব চট্টগ্রাম মহানগর কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ সেলিম জাহাঙ্গীর।

আলোচনায় অংশ নেয় ইয়ুথ ভয়েস ফর চেঞ্জ, ইয়ুথ ইনোভেশন ফর অ্যাকশন এবং উষার আলো ইয়ুথ অ্যাসোসিয়েশন। উন্মুক্ত পর্বে চট্টগ্রামের তীব্র জলাবদ্ধতা, আকস্মিক বন্যা, নির্বিচারে পাহাড় নিধন, উপকূলীয় অঞ্চলের ঝুঁকি এবং জলবায়ু পরিবর্তনের ফলে সৃষ্ট বাল্যবিয়ে ও সামাজিক সংকটের চিত্র তুলে ধরা হয়। বক্তারা পরিবেশ সুরক্ষা ও জলবায়ু অভিযোজনে তরুণদের উদ্ভাবনী উদ্যোগকে তৃণমূল পর্যায়ে ছড়িয়ে দেওয়ার ওপর গুরুত্বারোপ করেন।

//ডিবিটেক/ সিএলএন/এসএমই//