‘অন্তর্বর্তী সরকার বাজেটে টাকা রাখেনি বলে জটিলতা’; জুলাই থেকে বেতন নিয়মিত করার ঘোষণা ড. এহছানুল হক মিলনের

ইএফটি মাধ্যমে হবে মাদ্রাসা শিক্ষকদের বেতন; জুলাইয়েই মিলবে ২ মাসের বকেয়া: শিক্ষামন্ত্রী

মাদ্রাসা শিক্ষকদের বেতনসংক্রান্ত জটিলতা দূর করতে ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার (ইএফটি) ব্যবস্থা চালুর পরিকল্পনা ঘোষণা করেছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। একই সাথে অন্তর্বর্তী সরকারের বাজেট জটিলতার কারণে আটকে থাকা ২ মাসের বকেয়াসহ আগামী জুলাই মাস থেকেই মাদ্রাসা শিক্ষকদের নিয়মিত বেতন দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন তিনি। মঙ্গলবার (৩০ জুন) আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা জানান।

ইএফটি মাধ্যমে হবে মাদ্রাসা শিক্ষকদের বেতন; জুলাইয়েই মিলবে ২ মাসের বকেয়া: শিক্ষামন্ত্রী
৩০ জুন, ২০২৬ ১১:৩৫  

মাদ্রাসা শিক্ষকের বেতনসংক্রান্ত জটিলতা দূরীকরণে ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার (ইএফটি) ব্যবস্থা চালুর মাধ্যমে ভবিষ্যতে বেতন পরিশোধ প্রক্রিয়াকে আরও সহজ, স্বচ্ছ ও কার্যকর করার পরিকল্পনা জানিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। মাদ্রাসা শিক্ষাকে সময়ের চাহিদা অনুযায়ী আধুনিক, গবেষণানির্ভর ও দক্ষতাভিত্তিক করে গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করে দুই মাসের বকেয়া সহ আগামী জুলাই মাস থেকেই মাদ্রাসা শিক্ষকদের নিয়মিত বেতন দেওয়ার কথা জানান তিনি।

৩০ জুন, মঙ্গলবার, রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত ফাজিল ও কামিল স্তরের ‘শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান ও অনন্য শিক্ষার্থীদের অ্যাওয়ার্ড প্রদান’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই তথ্য দেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ আবু জাফর খান। বিশেষ অতিথি ছিলেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব আবদুল খালেক এবং মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের (মাউশি) মহাপরিচালক প্রফেসর ড. খান মইনুদ্দিন আল মাহমুদ সোহেল।

অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী বলেন, ‘গত সেপ্টেম্বর থেকে এনটিআরসির মাধ্যমে প্রায় ১৭ হাজার শিক্ষক নিয়োগ দেওয়া হয়েছে, যা প্রয়োজনীয় ছিল। শিক্ষক ছিল না, তাই এসব পদে নিয়োগ দেওয়া জরুরি হয়ে পড়েছিল। অন্তর্বর্তী সরকার নিয়োগ কার্যক্রম দ্রুত সম্পন্ন করেছে, যা প্রশংসনীয় উদ্যোগগুলোর মধ্যে একটি। কিন্তু অন্তর্বর্তী সরকার বাজেটে টাকা রাখেনি।’

তিনি আরও বলেন, ‘সরকার গঠনের পর দেখা গেল ৫০১ কোটি টাকা প্রয়োজন, কিন্তু সেটাও নেই। অন্তর্বর্তী সরকার বাজেটে টাকা রাখেনি বলে মাদ্রাসা শিক্ষকদের ২ মাসের বেতন দেওয়া যায়নি। তবে জুলাই মাস থেকে বকেয়াসহ বেতন নিয়মিত হবে।’ শিক্ষামন্ত্রীর এই ঘোষণায় দীর্ঘদিন ধরে বেতন জটিলতায় থাকা নতুন নিয়োগপ্রাপ্ত মাদ্রাসা শিক্ষকদের মধ্যে স্বস্তি ফিরবে বলে সংশ্লিষ্টরা আশা করছেন।

মাদ্রাসা খাতে শিক্ষক সংকটের বিষয় তুলে ধরে শিক্ষামন্ত্রী বলেন, অনেক প্রতিষ্ঠানে প্রয়োজনীয় শিক্ষক নিয়োগ দেওয়া যাচ্ছে না। বিশেষ করে ইসলামি শিক্ষায় দক্ষ শিক্ষক পাওয়া বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। এ পরিস্থিতি মোকাবিলায় কারিকুলাম উন্নয়ন ও শিক্ষার গুণগত মান বৃদ্ধিতে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে আরও সক্রিয় হতে হবে। ফাজিল–কামিল শিক্ষাকে মূলধারার উচ্চশিক্ষার সঙ্গে আরও শক্তভাবে যুক্ত করার বিষয়ে গুরুত্ব দিয়ে মন্ত্রী বলেন, অতীতে মাদ্রাসা শিক্ষার কাঠামো ও প্রশাসনিক ব্যবস্থাপনায় বিভিন্ন সীমাবদ্ধতা ছিল। ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়কে এ ক্ষেত্রে আরও কার্যকর, গবেষণানির্ভর ও পরিকল্পিত ভূমিকা নিতে হবে যাতে এখানকার শিক্ষার্থীরা জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে নেতৃত্ব দেওয়ার সক্ষমতা অর্জন করতে পারে।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (একাডেমিক) ড. মোহাম্মদ শহীদুল ইসলাম, উপ-উপাচার্য (প্রশাসন) ড. মোহাম্মদ ইলিয়াছ ছিদ্দিকী, ট্রেজারার শাহীনুল ইসলাম, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, অধ্যক্ষ, শিক্ষক এবং দেশের বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। 

//ডিবিটেক/এসএইচ/এমআই//