সেতু বিভাগে অংশীজন সভায় সমন্বিত মোবাইল অ্যাপ ও ক্যাশলেস ব্যবস্থার রোডম্যাপ নিয়ে আলোচনা

দেশের সব টোল প্লাজায় একক ইটিসি নেটওয়ার্ক ও বিআরটিএ-র ওয়ান ট্যাগ চালুর পরিকল্পনা

দেশের সড়ক, সেতু, ফ্লাইওভার, এক্সপ্রেসওয়ে ও টানেলসমূহের ভিন্ন ভিন্ন ইলেকট্রনিক টোল কালেকশন (ETC) সিস্টেমকে একটি একক ও সমন্বিত নেটওয়ার্কের আওতায় আনতে সেতু বিভাগে অংশীজন সভা অনুষ্ঠিত হয়েছে।

দেশের সব টোল প্লাজায় একক ইটিসি নেটওয়ার্ক ও বিআরটিএ-র ওয়ান ট্যাগ চালুর পরিকল্পনা
২৫ জুন, ২০২৬ ২০:১৩  

দেশের সড়ক, সেতু, ফ্লাইওভার, এক্সপ্রেসওয়ে এবং টানেলসমূহে প্রচলিত ভিন্ন ভিন্ন ইলেকট্রনিক টোল কালেকশন (ETC) সিস্টেমকে একটি একক ও সমন্বিত (Interoperable) নেটওয়ার্কের আওতায় আনার লক্ষ্যে গঠিত উচ্চপর্যায়ের কমিটির প্রতিবেদনের ওপর এক অংশীজন সভা অনুষ্ঠিত হয়েছে।

সভায় বিদ্যমান আরএফআইডি (RFID) ভিত্তিক ইটিসি সিস্টেমসমূহকে এপিআই (API)-এর মাধ্যমে একটি কেন্দ্রীয় নেটওয়ার্কে যুক্ত করার পরিকল্পনা করা হয়, যা তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (ICT) বিভাগের মাধ্যমে বাস্তবায়ন করার সুপারিশ করা হয়েছে। গ্রাহক হয়রানি কমাতে বিভিন্ন সংস্থার আলাদা ট্যাগ ব্যবহারের পরিবর্তে শুধুমাত্র বিআরটিএ (BRTA) কর্তৃক সরবরাহকৃত একক RFID Tag ব্যবহারের নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়। এছাড়া নিবন্ধন, ডিজিটাল পেমেন্ট ও ট্র্যাফিক অ্যালার্টের সুবিধাসহ একটি সমন্বিত মোবাইল অ্যাপ তৈরির পরিকল্পনাও করা হয়েছে।

সেতু বিভাগের সম্মেলন কক্ষে সেতু বিভাগের সচিব ও বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের নির্বাহী পরিচালক মোহাম্মদ আবদুর রউফের সভাপতিত্বে ২৪ জুন, বুধবার অনুষ্ঠিত এই সভায় বিভিন্ন সরকারি সংস্থার প্রতিনিধি, বেসরকারি অংশীজন, প্রযুক্তি বিশেষজ্ঞ ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

সভাপতির বক্তব্যে সেতু বিভাগের সচিব মোহাম্মদ আবদুর রউফ বলেন, প্রধানমন্ত্রীর আধুনিক যোগাযোগ ব্যবস্থার অন্যতম প্রধান ভিত্তি হলো স্মার্ট ইনফ্রাস্ট্রাকচার এবং ক্যাশলেস ট্রানজেকশন। এক্সপ্রেসওয়ে, টানেল ও ফ্লাইওভারের সুবিধা আরও বেগবান করতে টোল প্লাজাগুলোতে শতভাগ স্বয়ংক্রিয় ব্যবস্থাপনা চালু করা প্রয়োজন। এর মাধ্যমে যানবাহন চলাচলের সময় ও জ্বালানির অপচয় শূন্যে নামিয়ে আনা সম্ভব হবে।

সভায় পদ্মা সেতু, যমুনা সেতু, ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ে, মেয়র হানিফ ফ্লাইওভার ও কর্ণফুলী টানেলের পৃথক টোল পদ্ধতির সীমাবদ্ধতা এবং জনসাধারণের ভোগান্তির বিষয়টি নিয়ে বিশদ আলোচনা করা হয়। সরকারের ‘ক্যাশলেস সোসাইটি’ গঠনের লক্ষ্য অর্জনে এই একক টোল ব্যবস্থা যুগান্তকারী ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়। সভায় সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ, বাংলাদেশ ব্যাংক, এটুআই (a2i), বুয়েট (BUET), আইইউটি (IUT), এনটিএমসি (NTMC), বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতি ও যাত্রী কল্যাণ সমিতিসহ বিভিন্ন ব্যাংক ও মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসের (MFS) প্রতিনিধিরা তাদের কারিগরি পরামর্শ প্রদান করেন।

//ডিবিটেক/এনডি/এসএ//