হংকংয়ে সুন্দরবন লাউঞ্জ উদ্বোধন পরিবেশ প্রতিমন্ত্রীর

পরিবেশ সুরক্ষায় সবুজ অর্থায়ন ও প্রযুক্তির তাগিদ

  • পরিবেশ সুরক্ষায় পরিবেশবান্ধব প্রযুক্তি ও সবুজ অর্থায়নে গুরুত্ব দেওয়ার আহ্বান জানানো হয়েছে
  • হংকং সফরকালে প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম সুন্দরবন লাউঞ্জ উদ্বোধন করেন
  • ইকো এক্সপো এশিয়া এবং বেল্ট অ্যান্ড রোড গ্রিন কনফারেন্সে অংশ নেবেন তিনি

পরিবেশ সুরক্ষায় সবুজ অর্থায়ন ও প্রযুক্তির তাগিদ
২৫ অক্টোবর, ২০২৬ ১৪:১২  

পরিবেশ সুরক্ষায় সবুজ অর্থায়ন, পরিবেশবান্ধব প্রযুক্তির বিস্তার ও প্রকৃতিনির্ভর সমাধানের সুযোগ কাজে লাগাতে গুরুত্বারোপ করেছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম। ২৫ অক্টোবর, রবিবার  হংকং সফরকালে প্রবাসী বাংলাদেশি, ব্যবসায়ী সমাজ ও প্রতিনিধিবৃন্দের সঙ্গে আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এ কথা জানান।

এ সময় তিনি বাংলাদেশ কনস্যুলেটে 'সুন্দরবন লাউঞ্জ'-এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন।

অনুষ্ঠানে প্রতিমন্ত্রী জানান, দূষণ নিয়ন্ত্রণ, বনভূমি সংরক্ষণ এবং নবায়নযোগ্য জ্বালানির প্রসারে টেকসই ও পরিবেশবান্ধব প্রযুক্তি ব্যবহার বাড়াতে সরকার অঙ্গীকারবদ্ধ। হংকংয়ে আয়োজিত আন্তর্জাতিক ‘ইকো এক্সপো এশিয়া ২০২৬’ এবং ‘বেল্ট অ্যান্ড রোড গ্রিন ইনোভেশন কনফারেন্স’-এ অংশগ্রহণের লক্ষ্যে তিনি বর্তমানে সফর করছেন। এছাড়া চীনের হুনান প্রদেশে সবুজ প্রযুক্তিবিষয়ক বিশেষ ফোরাম ও বিভিন্ন কারিগরি স্থাপনা পরিদর্শনের পরিকল্পনা রয়েছে তার।

পরিবেশ সুরক্ষায় সাম্প্রতিক অগ্রগতির চিত্র তুলে ধরে সভায় জানানো হয়, ইতোমধ্যে দেশে প্রায় ৩ কোটি ৫৪ লাখ বৃক্ষরোপণ করা হয়েছে। পাহাড় কাটা ও অবৈধ বনভূমি দখল রোধে কঠোর পদক্ষে নেওয়া হচ্ছে। পাশাপাশি বুড়িগঙ্গা, তুরাগ ও ধলেশ্বরী নদীর ৪২৪টি দূষণ পয়েন্ট চিহ্নিত করে নদীদূষণ টেকসই প্রযুক্তিতে রোধ করার উদ্যোগ নেওয়া হচ্ছে। ইট পোড়ানোজনিত দূষণ কমাতে বিকল্প হিসেবে কংক্রিট ব্লকের আধুনিক ব্যবহার বৃদ্ধির ওপর জোর দেন তিনি।

সভায় মোংলা বন্দরের সক্ষমতা বৃদ্ধি, সৌরবিদ্যুতের প্রযুক্তিগত সম্প্রসারণ, সবুজ অর্থায়ন বাড়ানো এবং দেশব্যাপী কার্বন ক্রেডিট ও পরিষ্কার-পরিচ্ছন্নতাকে সামাজিক আন্দোলনে রূপ দেওয়ার বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। অনুষ্ঠানে হংকংয়ে বাংলাদেশের কনসাল জেনারেল ড. শাহ মোহাম্মদ তানভীর মনসুরসহ কনস্যুলেটের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

//ডিবিটেক/টিএইচপি/এসএমই/এমআইএসটি//