প্রতি উপজেলায় হবে এআই ফ্রিল্যান্সার ট্রেনিং সেন্টার; বিক্রি করা হবে না টেলিটক
দেশের টেলিকম খাতে স্বচ্ছতা ও জবাবদিহিতার প্রতিশ্রুতি দিয়েছেন ডাক, টেলিযোগাযোগ, তথ্য প্রযুক্তি ও বিজ্ঞান মন্ত্রী ফকির মাহবুব আনাম। এজন্য তিনি তথ্য-উপাত্ত নির্ভর বস্তুনিষ্ঠ খবরে সাংবাদিকদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, আপনারা এমন কিছু করেন যেন আমরা ভয়ে থাকি।
মন্ত্রী আরও বলেন, এখন আমরা ৫জি নিয়ে ভাবছি। এআই নিয়ে ভেরি সিরিয়াস। উপজেলা পর্যায়ে সেন্টার করে তরুণদের এআই ও ফ্রিল্যান্সিং শেখাতে চাই। তাই তিন মাসের মাথায় সরকার জনগণের কাছে সেবা নেয়ার জন্য রেলস্টেশনের পর বিমানবন্দরগুলোকে ফ্রি ওয়াইফাই ইন্টারনেট করে দেয়া হয়েছে। সরকার পরিকল্পনা বাস্তবায়নে কাজ করছে। তবে নির্বাচিত সরকার হিসেবে আমাদের কিছু অবলিগেশন আছে।
৫০০০-৬০০০ কোটি টাকা বিনিয়োগ করলে টেলিটক আগামীতে জিপিকে ছাড়িয়ে যাবে আশাবাদ ব্যক্ত করে মন্ত্রী ফকির মাহবুব আনাম আরও বলেন এটি বিক্রি না করে জিটুজি বা পিপিপি মডেলে বিনিয়োগ খোঁজা হচ্ছে। আমরা সবার জন্য নির্ভরযোগ্য ইন্টারনেট সেবা নিশ্চিত করতে ফাইবার ও স্যাটেলাইট সংযোগ সম্প্রসারণে কাজ চলছে। এআই, ক্লাউড ও সাইবার নিরাপত্তায় সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছি।
১৬ মে, শনিবার রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে অনুষ্ঠিত হয় এই সেমিনারটি। টেলিকম রিপোর্টার্স নেটওয়ার্ক বাংলাদেশ (টিআরএনবি) আয়োজিত এক নীতি নির্ধারণী সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন মন্ত্রী।
মন্ত্রী ফকির মাহবুব আনাম আরও বলেন, সরকার ৫-জি এবং কৃত্রিম বুদ্ধিমত্তা গ্রামীণ পর্যায় পর্যন্ত পৌঁছে দিতে গুরুত্বের সঙ্গে কাজ করছে। একই সঙ্গে এই খাতে দুর্নীতি নিয়ন্ত্রণেও সরকার অঙ্গীকারবদ্ধ। তিনি জানান, আগামী পাঁচ বছরে আইসিটি খাতে ১০ লাখ কর্মসংস্থান সৃষ্টি করার পরিকল্পনা নেওয়া হয়েছে।
সেমিনারে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা রেহান আসিফ আসাদ। মুখ্য আলোচক ছিলেন বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন-এর চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) এমদাদ উল বারী। অনুষ্ঠানে ‘শেপিং দ্য এরা অব টেলিকম: বাংলাদেশ পার্সপেক্টিভ’ শীর্ষক মূল প্রবন্ধ উপস্থাপন করেন রবি আজিয়াটা পিএলসি-এর রেগুলেটরি অ্যান্ড কর্পোরেট অ্যাফেয়ার্স প্রধান সাহেদ আলম।
সভায় আরও বক্তব্য দেন এমটব মহাসচিব অবসরপ্রাপ্ত লে. কর্নেল মোহাম্মদ জুলফিকার, ফরেন ইনভেস্টরস চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ফিকি)-এর প্রধান নির্বাহী কর্মকর্তা নুরুল কবীর, বাংলাদেশ কম্পিটিশন কমিশন-এর সাবেক পরিচালক খালেদ আবু নাসের, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়-এর অধ্যাপক ড. লুৎফা আক্তার, টেলিটক বাংলাদেশ লিমিটেড-এর ব্যবস্থাপনা পরিচালক নুরুল মাবুদ চৌধুরী, বাংলালিংক-এর হেড অব রেগুলেটরি অ্যান্ড কর্পোরেট অ্যাফেয়ার্স তাইমুর রহমান এবং টেলিকম অ্যান্ড টেকনোলজি রিপোর্টার্স নেটওয়ার্ক বাংলাদেশ (টিআরএনবি)-এর সাধারণ সম্পাদক মাসুদুজ্জামান রবিন।
ডিবিটেক/আইএইচ/ইকে





