স্টারলিংক মোবাইলের স্যাটেলাইট-টু-ডিভাইস প্রযুক্তিতে নেটওয়ার্ক অবকাঠামোর বড় চ্যালেঞ্জ
স্পেকট্রাম চুক্তি করলেও টেলিকম জায়ান্টদের প্রতিদ্বন্দ্বী হতে পিছিয়ে স্পেসএক্স
- স্পেসএক্স ৮ বিলিয়ন ডলারে ৮০০ মেগাহার্টজের লো-ব্যান্ড স্পেকট্রাম কেনার চুক্তি করেছে
- রয়টার্সের বিশ্লেষণ অনুযায়ী স্পেকট্রামের পরিমাণ বড় টেলিকম কোম্পানিদের তুলনায় বেশ কম
- প্রচলিত মোবাইল টেলিকম নেটওয়ার্কের সেবা ও ক্ষমতার সমকক্ষ হতে সময় লাগবে
স্পেসএক্স নতুন স্পেকট্রাম (ওয়্যারলেস ফ্রিকোয়েন্সি) ক্রয়ের চুক্তি করলেও প্রতিষ্ঠিত বিশ্বমানের টেলিকম জায়ান্ট কোম্পানিগুলোর সরাসরি প্রতিদ্বন্দ্বী হয়ে ওঠার দৌড়ে এখনো অনেক পিছিয়ে রয়েছে বলে জানিয়েছে আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্স।
১৬ অক্টোবর প্রকাশিত প্রতিবেদন বলছে, স্টারলিংক মোবাইলের স্যাটেলাইট-টু-ডিভাইস (Direct-to-Cell) কাভারেজ ও নেটওয়ার্ক বিস্তার করার উদ্দেশ্যে ‘গ্রেইন ম্যানেজমেন্ট’ (Grain Management)-এর কাছ থেকে প্রায় ৮ বিলিয়ন ডলার মূল্যে একটি দেশব্যাপী ৮০০ মেগাহার্টজ লো-ব্যান্ড স্পেকট্রাম লাইসেন্স কেনার চুক্তি করেছে ইলন মাস্কের মহাকাশ গবেষণা প্রতিষ্ঠান স্পেসএক্স। এই চুক্তির পর বিশ্বব্যাপী এটিঅ্যান্ডটি (AT&T), ভেরাইজন (Verizon) ও টি-মোবাইলের (T-Mobile) মতো বড় মোবাইল অপারেটরদের শেয়ারের কিছুটা দরপতন ঘটলেও বিশ্লেষকরা একে তাৎক্ষণিক বড় হুমকি হিসেবে দেখছেন না।
টেলিকম খাত সংশ্লিষ্ট বিশেষজ্ঞদের মতে, স্টারলিংক বর্তমানে যে পরিমাণ স্পেকট্রাম পেয়েছে, তা টি-মোবাইল বা ভেরাইজনের মতো বড় মোবাইল নেটওয়ার্ক অপারেটরদের মোট স্পেকট্রাম ব্যান্ডউইথ এবং ধারণক্ষমতার তুলনায় বেশ কম। ভেরাইজন ও টি-মোবাইলের শীর্ষ কর্মকর্তারা জানান, কেবল বিলিয়ন ডলারের স্পেকট্রাম থাকলেই প্রথাগত টেলিকম সেবা দেওয়া যায় না, যদি না এর সমর্থনে শক্তিশালী গ্রাউন্ড নেটওয়ার্ক বা সেলুলার টাওয়ার অবকাঠামো থাকে।
প্রতিবেদনে আরও বলা হয়, প্রথাগত টেলিকম অপারেটরদের সাথে কার্যকর প্রতিদ্বন্দ্বিতায় যেতে স্পেসএক্সের প্রয়োজন হবে নিজস্ব অবকাঠামো নির্মাণ করা কিংবা বিদ্যমান কোনো টেলিকম জায়ান্টের সাথে ভার্চুয়াল মোবাইল নেটওয়ার্ক অপারেটর (MVNO) চুক্তি করা। বর্তমানে স্যাটেলাইট থেকে সরাসরি মোবাইল ফোনে নেটওয়ার্ক সুবিধা প্রদান এবং নেটওয়ার্ক ট্রাফিক সামলানোর কারিগরি সক্ষমতা অর্জন করতে স্টারলিংক মোবাইলের আরও কয়েক বছর সময় লাগবে।
বাজার বিশ্লেষক সংস্থা টিডি কোয়েন (TD Cowen) ও এভারকোর আইএসআই (Evercore ISI)-এর তথ্যানুযায়ী, স্পেসএক্সের এই পদক্ষেপ ভবিষ্যতের উন্নত মহাকাশ-ভিত্তিক টেলিকম ব্যবস্থার দিকে একটি বড় কৌশলগত অগ্রগতি হলেও, এটি বর্তমানের স্থলভিত্তিক টেলিকম জায়ান্টদের সেবার মান বা গ্রাহক সক্ষমতাকে রাতারাতি প্রতিস্থাপন করতে পারবে না।
//ডিবিটেক/রয়টার্স/এসএমপি/এমআইএসটি//





