প্রতিষ্ঠিত মিডিয়ার চেয়েও ইউটিউবারের প্রভাব অনেক বেশি বেড়েছে

প্রতিষ্ঠিত মিডিয়ার চেয়েও ইউটিউবারের প্রভাব অনেক বেশি বেড়েছে
২৫ মার্চ, ২০২৬ ০৭:৩৩  

জ্বালানি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে আতঙ্ক ছড়ানো হচ্ছে জানিয়ে গুজব রোধে এবং ‘প্যানিক বায়িং’ থেকে বিরত থাকতে জনগণের প্রতি আহ্বান জানিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন। তিনি বলেছেন, প্রতিষ্ঠিত মিডিয়া হাউসের চাইতেও একজন ইউটিউবারের প্রভাব প্রতিপত্তি এবং পরিধি অনেক বেশি বেড়ে গেছে। 

২৫ মার্চ, বুধবার সচিবালয়ে সরকারের এক মাস নিয়ে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে এক প্রশ্নের জবাবে মন্ত্রী এ কথা জানান।  এ সময় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী, প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় উপদেষ্টা জাহেদ উর রহমান, সচিব মাহবুবা ফারজানা উপস্থিত ছিলেন।

গণমাধ্যম কর্মীদের হুট করে চাকুরিচ্যুতি রোধে কোনো সুনির্দিষ্ট আইন বা কোনো কিছু করে যাবেন কি না- এমন প্রশ্নের জাবাবে তথ্য ও সম্প্রচার মন্ত্রী বলেন, আপনারা সবাই জানেন যে গণমাধ্যম জগতের চেহারা এবং কাঠামোটায় কত বড় ধরনের পরিবর্তন ঘটেছে সারা পৃথিবীতে। আপনারা দেখেছেন যে প্রতিষ্ঠিত মিডিয়া হাউসের চাইতেও একজন ইউটিউবারের প্রভাব প্রতিপত্তি এবং পরিধি অনেক বেশি বেড়ে গেছে। এটা সবটাই কিন্তু তথ্যপ্রযুক্তি এবং এখনকার যে কমিউনিকেশন সায়েন্স তার যে রূপান্তরিত পরিস্থিতি সেটার কারণেই। অনলাইন পত্রিকা, আইপি টিভি- এ ধরনের যে প্লাটফর্মগুলো তৈরি হয়েছে। ফলে আগের মতো কিন্তু আমরা বা সরকার চাইলেই পুরনো নিয়ন্ত্রণের আইন কাঠামো... তার আওতার মধ্যে কিন্তু এগুলো পড়ে না। আবার এগুলো কিন্তু আমাদের সভ্যতার অনুষঙ্গে পরিণত হয়েছে। ফলে পুরো ব্যাপারটাই একটা স্ট্র্যাটেজিক ডিসকাশন। তাই, ছোটখাটো বিষয় নিয়ে কথা বলা যায়, অমুকটা কিভাবে তমুকটা কিভাবে, কিন্তু আমরা এ রকম কোনো কথাবার্তা না বলে গণমাধ্যম সংক্রান্ত একটা বিষয়ে আপনাদের মতো স্টেক হোল্ডারদের সাথে নিয়েই একটা স্ট্র্যাটেজিক মুভ (পরিকল্পিত পদক্ষেপ) নিতে চাই। এজন্য আমি কোনো বিচ্ছিন্ন বিক্ষিপ্ত মন্তব্য করতে চাচ্ছি না আপাতত।

জহির উদ্দিন স্বপন বলেন, আর ব্যক্তিগত মালিকানাধীন কোনো প্রতিষ্ঠানে কে তার কর্মকর্তা-কর্মচারীদেরকে রাখবেন কি রাখবেন না এটার তো তার একটা এখতিয়ার এবং ক্ষমতা আছে। আবার তথ্য মন্ত্রণালয় যে কোনো ধরনের গণমাধ্যম কর্মীদের এক ধরনের নিরাপত্তা এবং নিরাপদ পরিবেশ নিশ্চিত করার একটা নৈতিক দায়িত্ব আছে। কিন্তু, এই নৈতিক দায়িত্ব পালন করার জন্য কোনো উদ্যোক্তার প্রতি কি পরিমাণ চাপ প্রয়োগ করা যাবে, তার কিন্তু কোনো আইন নেই। ফলে সবটাই কিন্তু আমাদের একটা স্ট্র্যাটেজিক ডিসকাশনের মধ্যে আনতে হবে। আমি আপনাদের সকলের সহযোগিতা চাই এই বিষয়ে। 

এর আগে বক্তব্যে সরকারের চলমান বিভিন্ন উন্নয়নমূলক কর্মসূচির অগ্রগতি তুলে ধরে আগামী ১৮০ দিনের মধ্যে দেশে ১ হাজার ২০০ কিলোমিটার খাল খনন জুলাই যোদ্ধাদের দায়মুক্তির বাস্তবায়নসহ নানা পরিকল্পনা তুলে ধরেন  তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন।  

সংবাদ সম্মেলনে তথ্যমন্ত্রী জানান, সর্বশেষ আদমশুমারি অনুযায়ী দেশে ৪ কোটি ১০ লাখ পরিবার রয়েছে। প্রতিটি পরিবারের প্রধান নারী সদস্যকে ‘ফ্যামিলি কার্ড’ দেওয়ার পরিকল্পনা নিয়েছে সরকার ।  দায়িত্ব গ্রহণের ২১ দিনের মাথায় নির্ভয় ডটকম ওয়েবসাইট চালু করে ইতিমধ্যে পাইলট প্রকল্পের আওতায় ৩৭ হাজারেরর বেশি পরিবারের মধ্যে এই কার্ড বিতরণ করা হয়েছে। এসব পরিবার প্রতি মাসে ২ হাজার ৫০০ টাকা নগদ অর্থ সহায়তা পাবে। পর্যায়ক্রমে দেশের সকল পরিবারকে এই কর্মসূচির আওতায় আনা হবে।

ধর্মীয় সেবকদের কল্যাণে গৃহীত পদক্ষেপের কথা উল্লেখ করে জহির উদ্দিন স্বপন বলেন, ইমাম, মুয়াজ্জিন ও অন্যান্য ধর্মীয় সেবকদের জন্য সম্মানী ভাতা চালু করা হয়েছে। ইতোমধ্যে ৪ হাজার ৯০৮ জন ইমাম, ৯৯০ জন পুরোহিত, ১৪৪ জন বৌদ্ধবিহারের অধ্যক্ষ এবং ৩৯৬ জন গির্জার যাজক এই ভাতার আওতায় এসেছেন। আগামী চার অর্থবছরে দেশের সব ধর্মীয় প্রতিষ্ঠানকে এই কর্মসূচির আওতায় আনা হবে।

কৃষিখাতের অগ্রগতি তুলে ধরে মন্ত্রী বলেন, ‘সরকার গঠনের পর থেকেই নির্বাচনি ইশতেহার বাস্তবায়নে গুরুত্ব দেয়া হচ্ছে। আগামী পহেলা বৈশাখে টাঙ্গাইল থেকে কৃষক কার্ড কার্যক্রম উদ্বোধন করা হবে। প্রাথমিকভাবে ২১ হাজার ১৪ জন কৃষককে এ কার্ড দেয়া হবে।’

তিনি আরও জানান, সরকার সারা দেশে ২০ হাজার কিলোমিটার খাল খননের পরিকল্পনা নিয়েছে সরকার। এরই অংশ হিসেবে ইতোমধ্যে ৫৪টি জেলায় কাজ শুরু হয়েছে। প্রথম ১৮০ দিনের মধ্যে ১ হাজার ২০০ কিলোমিটার খাল খননের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।

স্বাস্থ্যখাতের অগ্রগতি তুলে ধরে তথ্যমন্ত্রী বলেন, ই-‘হেলথ কার্ড’ চালু ও এক লাখ নতুন স্বাস্থ্যকর্মী নিয়োগের উদ্যোগ নেওয়া হয়েছে। যার ৮০ শতাংশই হবে নারী। এছাড়াও ডেঙ্গু প্রতিরোধে আগাম ব্যবস্থা নেওয়া হচ্ছে।

জ্বালানির মূল্যবৃদ্ধি প্রসঙ্গে মন্ত্রী বলেন, ‘প্রধানমন্ত্রীর নির্দেশে এখন পর্যন্ত জেট ফুয়েল ছাড়া অন্য কোনো জ্বালানি পণ্যের দাম বাড়ানো হয়নি। জ্বালানি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে আতঙ্ক ছড়ানো হচ্ছে—এ বিষয়ে সবাইকে সচেতন থাকতে হবে।’

তিনি বলেন, এখন থেকে সংসদ সদস্যরা কোনো শুল্কমুক্ত গাড়ির সুবিধা এমনকি কোনো প্লট নেব না। প্রধানমন্ত্রীকে ঘিরে ভিআইপি প্রটোকলের বহর বাতিল করা হয়েছে বলে জানান তথ্যমন্ত্রী।

সংবাদ সম্মেলনে তিনি আরও বলেন, ‘২৯ মার্চ সফল ক্রীড়াবিদদের সম্মাননা দেবে সরকার। নারীদের জন্য ৯টি বাস চালু করা হয়েছে এবং বিদ্যুতের অপচয় রোধে উদ্যোগ নেয়া হয়েছে।’ 

দ্রুত তৃতীয় টার্মিনাল চালুর প্রস্তুতি চলছে বলেও জানান তিনি। আইনের শাসন প্রতিষ্ঠায় সরকার বদ্ধপরিকর উল্লেখ করে তথ্যমন্ত্রী বলেন, ‘মব সন্ত্রাস দমন করে দেশে আইনের শাসন নিশ্চিত করা হবে।’

এছাড়াও প্রতিমাসে বা পাক্ষিক এ ধরনের প্রেসব্রিফিং করার পরিকল্পনাও জানান তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন।

ডিবিটেক/আইএইচ/এমইউএম