১৭ মার্চের রেলের টিকিট পেতে ৭ মার্চ
আধা ঘণ্টায় ১ কোটি ৩০ লাখ হিট
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে রেলের অগ্রিম টিকিটের জন্য ৭ মার্চ, শনিবার সকাল ৮টা থেকে উন্মুক্ত ১৭ মার্চের টিকিট। সকাল ৮টা থেকে সাড়ে ৮টা পর্যন্ত মাত্র আধা ঘণ্টায় পশ্চিমাঞ্চলের ট্রেনের টিকিট কাটতে ওয়েবসাইট ও অ্যাপে প্রায় ১ কোটি ৩০ লাখ হিট হয়।
রেলওয়ে সূত্র জানিয়েছে, ১৭ মার্চ ঢাকা থেকে বিভিন্ন গন্তব্যে ট্রেনের মোট আসন রয়েছে ৩১ হাজার ২৫৫টি। এর মধ্যে সকাল সাড়ে ১০টা পর্যন্ত ঢাকা থেকে পশ্চিমাঞ্চলের ২০টি ট্রেনের ১৪ হাজার ৬৮৬টি আসনের টিকিট বিক্রি হয়ে গেছে।
শনিবার সকাল ১০টার দিকে রেলের টিকিটিং ওয়েবসাইটে দেখা যায়, ঢাকা-রাজশাহী, ঢাকা-পঞ্চগড়, ঢাকা-চিলাহাটি, ঢাকা-বেনাপোল, ঢাকা-দিনাজপুর, ঢাকা-রংপুর, ঢাকা-কুড়িগ্রাম ও ঢাকা-খুলনা রুটের ট্রেনগুলোর কোনো আসন আর অবশিষ্ট নেই।
রেলওয়ের কর্মকর্তারা জানান, গত কয়েক দিনের তুলনায় আজ টিকিটের চাহিদা সবচেয়ে বেশি দেখা গেছে। ফলে সকালেই বিপুলসংখ্যক যাত্রী একসঙ্গে টিকিট কাটার চেষ্টা করায় ওয়েবসাইট ও অ্যাপে চাপ তৈরি হয়। তাদের ধারণা, আজ এবং আগামীকালের টিকিটের চাহিদা সবচেয়ে বেশি থাকবে।
এর আগে ৬ মার্চ, শুক্রবার সকাল ৮টায় ১৬ মার্চের টিকিট বিক্রি শুরুর মাত্র ৩০ মিনিটের মাথায় রেলওয়ের ওয়েবসাইট ও অ্যাপে রেকর্ড হয় ১ কোটির বেশি হিট। এদিন ৮টা থেকে সাড়ে ৮টা পর্যন্ত মাত্র ৩০ মিনিটে শুধু পশ্চিমাঞ্চলের ট্রেনের টিকিট পেতে ১ কোটি ৫ লাখ বার হিট করেছেন ব্যবহারকারীরা।
রেলওয়ের সিদ্ধান্ত অনুযায়ী, ঈদের আগে সাত দিনের অগ্রিম টিকিট বিশেষ ব্যবস্থায় বিক্রি করা হচ্ছে। এই সূচি অনুযায়ী- ১৭ মার্চের টিকিট বিক্রি করা হবে ৭ মার্চ, ১৮ মার্চের টিকিট ৮ মার্চ এবং ১৯ মার্চের টিকিট ৯ মার্চ পাওয়া যাবে।
চাঁদ দেখার ওপর ভিত্তি করে আগামী ২০, ২১ ও ২২ মার্চের টিকিট বিক্রি করা হবে। যাত্রীদের অনুরোধে নন-এসি কোচের ২৫ শতাংশ দাঁড়িয়ে যাওয়ার টিকিট যাত্রা শুরুর আগে প্রারম্ভিক স্টেশন থেকে সংগ্রহ করা যাবে।
ডিবিটেক/ডিএইচই/এমইউএম







