পেশাদার নারী পেইন্টারদের ক্ষমতায়নে বার্জার ও বাংলালিংকের ডিজিটাল মেলবন্ধন

পেশাদার নারী পেইন্টারদের ক্ষমতায়নে বার্জার ও বাংলালিংকের ডিজিটাল মেলবন্ধন
৭ মার্চ, ২০২৬ ১৫:৪৪  

আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে দেশের পেইন্টিং শিল্পে এক বৈপ্লবিক পরিবর্তনের সূচনা করেছে বার্জার পেইন্টস বাংলাদেশ লিমিটেড ও শীর্ষস্থানীয় ডিজিটাল অপারেটর বাংলালিংক। দীর্ঘদিন ধরে পুরুষপ্রধান হিসেবে পরিচিত এই পেশায় নারীদের অংশগ্রহণ নিশ্চিত করতে এবং তাদের আর্থিক ও সামাজিক ক্ষমতায়নে এই দুই প্রতিষ্ঠান একটি সমন্বিত অংশীদারিত্বের ঘোষণা দিয়েছে।

প্রথাগত পেশার গণ্ডি পেরিয়ে যেসব নারী পেইন্টার হিসেবে নিজেদের ক্যারিয়ার গড়ছেন, তাদের ডিজিটাল সংযোগ, আর্থিক সক্ষমতা এবং স্বাস্থ্যসেবার আওতায় আনাই এই উদ্যোগের মূল লক্ষ্য। বার্জার পেইন্টস তাদের নিজস্ব ট্রেনিং ইনস্টিটিউটের মাধ্যমে নারী পেইন্টারদের কারিগরি দক্ষতা উন্নয়নে প্রশিক্ষণ দিয়েছে। সেই দক্ষতাকে পেশাদারিত্বের রূপ দিতে এবং কর্মক্ষেত্রে তাদের অবস্থান সুসংহত করতে বাংলালিংক দিচ্ছে ডিজিটাল ও অর্থনৈতিক সুরক্ষা।

এই উদ্যোগের আওতায় অংশগ্রহণকারী নারী পেইন্টাররা বাংলালিংকের পক্ষ থেকে একটি বিশেষ বিজনেস সিম কার্ড পাচ্ছেন, যা তাদের ব্যবসায়িক যোগাযোগ নম্বর হিসেবে ব্যবহৃত হবে। এতে বার্জার এক্সপেরিয়েন্স জোনের মাধ্যমে সেবা নিতে ইচ্ছুক গ্রাহকরা সরাসরি তাদের সঙ্গে যোগাযোগ করতে পারবেন। এছাড়া, প্রযুক্তির ছোঁয়ায় নিজেদের সেবার প্রসারে এবং অনলাইনে দক্ষতা বৃদ্ধির সুযোগ তৈরিতে বাংলালিংক ইএমআই সুবিধায় স্মার্টফোন কেনার সুযোগ দিচ্ছে, যেখানে প্রাথমিক ডাউন পেমেন্টের ভার বহন করছে প্রতিষ্ঠানটি।

আর্থিক স্বনির্ভরতা নিশ্চিত করতে নারী পেইন্টারদের বাংলালিংকের ‘বিএল পাওয়ার’ অ্যাপে এজেন্ট হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে। এর ফলে পেইন্টিংয়ের পাশাপাশি মোবাইল রিচার্জ সেবা দিয়ে তারা বাড়তি আয়ের সুযোগ পাবেন। এছাড়া পেশাগত জীবনের অনিশ্চয়তা দূর করতে তাদের স্বাস্থ্য সুরক্ষায় জোর দেওয়া হয়েছে। ক্লিনিকলের সহযোগিতায় ‘মাইবিএল’ অ্যাপের মাধ্যমে তারা এক বছর আনলিমিটেড বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ এবং সর্বোচ্চ এক লাখ টাকা পর্যন্ত স্বাস্থ্যবিমা সুবিধা পাবেন। বিশেষ পরিস্থিতিতে হাসপাতালে ভর্তি বা চিকিৎসার জন্য ২৫ হাজার টাকা পর্যন্ত দাবি করার পাশাপাশি জীবনবিমার সুবিধাও নিশ্চিত করা হয়েছে।

বাংলালিংকের চিফ মার্কেটিং অফিসার কাজী মাহবুব হাসান বলেন, “ডিজিটাল অন্তর্ভুক্তি নারীদের জন্য স্বাধীন ও টেকসই জীবিকার নতুন দিগন্ত উন্মোচন করে। বার্জারের সঙ্গে এই অংশীদারিত্ব আমাদের ‘পিপল-ফার্স্ট’ দর্শনেরই প্রতিফলন, যা এই অগ্রগামী নারীদের আত্মবিশ্বাসের সঙ্গে এগিয়ে যেতে সহায়তা করবে।”

বার্জার পেইন্টসের চিফ মার্কেটিং অফিসার সালাহউদ্দিন আহমেদ বলেন, “পেইন্টিং শিল্পে নারীদের অংশগ্রহণ কেবল নতুন সুযোগই তৈরি করছে না, বরং গ্রাহকদের কাছেও আস্থা ও স্বাচ্ছন্দ্যের সেবা পৌঁছে দিচ্ছে। বাংলালিংকের এই সমন্বিত সহায়তা আমাদের এই যাত্রাকে আরও অর্থবহ ও টেকসই করে তুলবে।”

প্রযুক্তি ও করপোরেট সহযোগিতার এই মেলবন্ধন কেবল একটি নির্দিষ্ট পেশায় নারীদের অংশগ্রহণই বাড়াচ্ছে না, বরং এটি একটি অন্তর্ভুক্তিমূলক ও প্রগতিশীল অর্থনীতির ভিত্তি তৈরিতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। এমন উদ্যোগ ভবিষ্যতে বাংলাদেশের নারী উদ্যোক্তা ও পেশাজীবীদের জন্য এক অনুকরণীয় দৃষ্টান্ত হয়ে থাকবে।

ডিবিটেক/এসআই/ইকে