কাওরান বাজারে শুল্ক ফাঁকির মোবাইল ব্যবসায়ীদের বিক্ষোভ
১৬ ডিসেম্বরেই এনইআইআর বাস্তবায়ন, ১৫ মার্চ পর্যন্ত বিক্রি করা যাবে শুল্ক ফাঁকির ফোন
শুল্ক ফাঁকি দিয়ে আনা মোবাইল হ্যান্ডসেট আগামী ১৫ মার্চ পর্যন্ত বিক্রির সুযোগ রেখে ১৬ ডিসেম্বর থেকে এনইআইআর চালুর বিষয়ে অনড় সেরকার। তবে এই দাবিতে অসন্তুষ্ট হয়ে এরই মধ্যে অবৈধ ফোন বিক্রির বড় উৎস বসুন্ধরা সিটি মার্কেট সংলগ্ন কাওরানবাজার মোড়ে বিক্ষোভ করছে ‘অবৈধ’ মোবাইল ফোন ব্যবসায়ীদের সংগঠন মোবাইল বিজনেস কমিউনিটি বাংলাদেশের সদস্যরা।
১০ ডিসেম্বর, বুধবার সন্ধ্যায় সচিবালয়ে অনুষ্ঠিত বহুপক্ষীয় সভা শেষ হতেই এই বিক্ষোভ করে তারা। রাস্তায় আগুন জ্বালিয়ে নানা স্লোগান দেয়ায় পুরো এলাকায় উত্তেজনা বিরাজ করছে। সৃষ্টি হয়েছে ব্যপক জানজট। ভোগান্তিতে পড়েছেন ঘরে ফেরা নাগরিকেরা।
এর আগে ডাক ও টেলিযোগাযোগাযোগ সচিব আব্দুন নাসের খানের সভাপতিত্বে মন্ত্রণালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত ওই বৈঠকে মোবাইলফোন ইন্ডাস্ট্রি ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (এমআইওবি) ও মোবাইল বিজনেস কমিউনিটি বাংলাদেশের (এমবিসিবি) শীর্ষ নেতারা ছাড়াও এনবিআর, বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) কমিশনার মাহমুদ হোসেন, স্পেকট্রাম বিভাগের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোঃ আমিনুল হক উপস্থিত ছিলেন।
সূত্রমতে, এমবিসিবি নেতারা বৈঠকে ছয় মাসের জন্য এনইআইআর বাস্তবায়ন পেছানোর দাবি করে। তবে তা যৌক্তিকতায় না টেকায় শুল্ক ফাঁকি দিয়ে আনা মোবাইল হ্যান্ডসেট বিক্রি তিন মাস পর্যন্ত বাড়ানো হয়। তবে এই সিদ্ধান্ত আনুষ্ঠানিক ভাবে জানানোর পর এমবিসিবি নেতারা আন্দোলন প্রত্যাহারের সিদ্ধান্ত জানাবে।
মন্ত্রণালয় সূত্রে প্রকাশ, ১১ ডিসেম্বর, বৃহস্পতিবার সরকার এ বিষয়ে ঘোষণা দিবে। ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মুহম্মদ জসিম উদ্দিন জানিয়েছেন, মোবাইল ফোন চোরাচালান, ক্লোনড ফোন, রিফার্বিশড ফোন ও বিদেশের পুরানো ফোনের প্রবেশ নিয়ন্ত্রণ, মোবাইল ফোন ছিনতাই, অনলাইন জুয়া, মোবাইল ব্যাংকিং, এমএফএস ইত্যাদি সংশ্লিষ্ট ডিজিটাল অপরাধ থেকে জনসাধারণের সুরক্ষা এবং একইসাথে নিয়ম বহির্ভূতভাবে দেশের বাজারে অনুপ্রবেশকৃত মোবাইল ফোনের শুল্ক ফাঁকি প্রতিরোধকল্পে আগামী ১৬ই ডিসেম্বর ২০২৫ তারিখে NEIR (National Equipment Identity Register) ব্যবস্থা চালু করার উদ্যোগ গ্রহণ করা হয়েছে। এই সময়ের মধ্যে সকল অনিবন্ধিত মোবাইল ফোন নিবন্ধন করার জন্য প্রাথমিকভাবে নির্দেশনা প্রদান করা হয়েছিলো।
তবে, মোবাইল বিজনেস কমিউনিটির সাথে এ বিষয়ে গত তিনদিন ধারাবাহিক আলোচনা শেষে ব্যবসায়ীদের দাবির প্রেক্ষিতে বর্তমানে দেশে থাকা সকল অনিবন্ধিত মোবাইল ফোন ১৬ ডিসেম্বর ২০২৫ এর পরিবর্তে আগামী ১৫ মার্চ ২০২৬ এর মধ্যে নিবন্ধন করার সুযোগ দেয়া হয়েছে।
‘মোবাইল ফোন আমদানিতে কোনও বাঁধা নেই। কত পুরানো ফোন আমদানি কারা যাবে, কোন কোন মডেল ডাক টেলিযোগাযোগ বিভাগ তা বাণিজ্য মন্ত্রণালয়সহ উপযুক্ত কর্তৃপক্ষকে অবহিত করবেন। তবে সরকারের উপযুক্ত কর্তৃপক্ষকে আমদানির বিষয়ে অবহিত করতে হবে। সকল পক্ষকে আগামীকাল ডাক ও টেলিযোগাযোগ বিভাগকে লিখিতভাবে এই বিষয়ে জানাতে বলা হয়েছে। এছাড়া মোবাইল ফোন আমদানিতে শুল্ক পুনঃনির্ধারণে জাতীয় রাজস্ব বোর্ড ও বাণিজ্য মন্ত্রণালয়ের সাথে আলোচনা চলমান রয়েছে। ডাক ও টেলিযোগাযোগ বিভাগ এ বিষয়ে মধ্যস্থতা করবে। আমদানীকারক ও উৎপাদনকারীরা একসাথে বসে সরকারকে লিখিত ভাবে জানাবে বলে জানিয়েছে’।
‘এই সিদ্ধান্তের পর দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি নষ্ট করার অপচেষ্টা থেকে বিরত থাকার জন্য আহ্বান জানানো হচ্ছে’।
ডিবিটেক/আইএইচ/ইকে
এ সম্পর্কিত আরও খবর







