এআই সাইবারঝুঁকি মোকাবিলায় ‘হেড অব প্রিপেয়ার্ডনেস’ নিয়োগ দিচ্ছে ওপেনএআই

এআই সাইবারঝুঁকি মোকাবিলায় ‘হেড অব প্রিপেয়ার্ডনেস’ নিয়োগ দিচ্ছে ওপেনএআই
২৯ ডিসেম্বর, ২০২৫ ১৭:০০  

কৃত্রিম বুদ্ধিমত্তা থেকে উদ্ভূত সাইবারঝুঁকি মোকাবিলায় নতুন করে শীর্ষ পর্যায়ের নিয়োগের ঘোষণা দিয়েছে ওপেনএআই। প্রতিষ্ঠানটি ‘হেড অব প্রিপেয়ার্ডনেস’ নামে একটি গুরুত্বপূর্ণ পদে নিয়োগ দেবে, যার মূল দায়িত্ব হবে ফ্রন্টিয়ার পর্যায়ের এআই ব্যবহারে সাইবার নিরাপত্তায় সৃষ্ট ‘গুরুত্বপূর্ণ দুর্বলতা’ শনাক্ত ও প্রতিরোধে নেতৃত্ব দেওয়া। খবর পিসি ম্যাগ।

ওপেনএআইয়ের প্রধান নির্বাহী কর্মকর্তা স্যাম অল্টম্যান সামাজিক মাধ্যমে জানান, এআই মডেলগুলো এখন কম্পিউটার নিরাপত্তায় এতটাই দক্ষ হয়ে উঠছে যে সেগুলো নিজেই গুরুতর দুর্বলতা খুঁজে পাচ্ছে। এতে সাইবার হামলার ঝুঁকি উল্লেখযোগ্যভাবে বেড়েছে। তিনি বলেন, এই পদে নিয়োগপ্রাপ্ত ব্যক্তিকে একদিকে যেমন সাইবার নিরাপত্তা রক্ষাকারীদের সক্ষমতা বাড়াতে কাজ করতে হবে, তেমনি নিশ্চিত করতে হবে যেন আক্রমণকারীরা এআইকে অপব্যবহার করতে না পারে।

চাকরির বিবরণ অনুযায়ী, এ পদে বায়োসিকিউরিটি–সংক্রান্ত ঝুঁকিও গুরুত্ব পাবে। বিশেষজ্ঞদের আশঙ্কা, উন্নত এআই ব্যবস্থার মাধ্যমে ভবিষ্যতে জৈব অস্ত্র নকশার মতো ঝুঁকিও তৈরি হতে পারে। নতুন নিয়োগপ্রাপ্তকে পরিবর্তনশীল এআই ঝুঁকির সঙ্গে তাল মিলিয়ে ওপেনএআইয়ের ‘প্রিপেয়ার্ডনেস ফ্রেমওয়ার্ক’ তদারকি করতে হবে।

উচ্চ চাপের এই পদে বার্ষিক বেতন ও সুবিধা মিলিয়ে পাঁচ লাখ ডলারের বেশি পারিশ্রমিক দেওয়ার কথা জানিয়েছে ওপেনএআই।

ডিবিটেক/বিএমটি