আন্তর্জাতিক মানের শিক্ষায় কৃতিত্ব অর্জন

পিয়ারসন লার্নার অ্যাওয়ার্ডস পেলেন বাংলাদেশের ৭৯০ শিক্ষার্থী

  • বিভিন্ন বিভাগে বাংলাদেশের ৭৯০ শিক্ষার্থী মোট ৮৫৩টি পুরস্কার পেয়েছেন
  • ৩২ জন শিক্ষার্থী পরীক্ষায় বিশ্বের মধ্যে সর্বোচ্চ নম্বর অর্জন করেছেন
  • পুরস্কার তুলে দেন প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ।

পিয়ারসন লার্নার অ্যাওয়ার্ডস পেলেন বাংলাদেশের ৭৯০ শিক্ষার্থী
২১ নভেম্বর, ২০২৬ ১১:০৮  

বৈশ্বিক মানদণ্ডের আধুনিক শিক্ষাব্যবস্থা ও আন্তর্জাতিক মূল্যায়ন প্রক্রিয়ায় নিজেদের মেধা ও যোগ্যতার স্বাক্ষর রেখে চলেছে বাংলাদেশের শিক্ষার্থীরা। সংশ্লিষ্ট সূত্রে প্রকাশ, পিয়ারসন এডএক্সেল ও ব্রিটিশ কাউন্সিলের যৌথ আয়োজনে ‘আউটস্ট্যান্ডিং পিয়ারসন লার্নার অ্যাওয়ার্ডস-২০২৬’ অর্জন করেছেন বাংলাদেশের ৭৯০ জন শিক্ষার্থী। ২০২৫ সালের অক্টোবর-নভেম্বর এবং চলতি বছরের জানুয়ারি ও মে-জুন সেশনের পরীক্ষায় অসাধারণ ফলাফলের স্বীকৃতিস্বরূপ তাদের এই সম্মাননা প্রদান করা হয়েছে।

২০ নভেম্বর, শুক্রবার রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রের হল অব ফেমে আয়োজিত এক বর্ণাঢ্য অনুষ্ঠানে শিক্ষার্থীদের হাতে এসব পুরস্কার তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। বিশেষ অতিথি হিসেবে অংশ নেন পিয়ারসন স্কুল কোয়ালিফিকেশনসের গ্লোবাল লিড ক্যাথরিন বুথ এবং ব্রিটিশ কাউন্সিল বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর স্টিফেন ফোর্বস।

তথ্য অনুযায়ী, চারটি পর্যায়ে—ইন্টারন্যাশনাল প্রাইমারি, ইন্টারন্যাশনাল লোয়ার সেকেন্ডারি, ইন্টারন্যাশনাল জিসিএসই এবং ইন্টারন্যাশনাল এ লেভেল—বিভিন্ন বিভাগে এসব শিক্ষার্থীরা মোট ৮৫৩টি পুরস্কার অর্জন করেছেন। এর মধ্যে ৩২ জন শিক্ষার্থী পরীক্ষায় বিশ্বের মধ্যে সর্বোচ্চ নম্বর পেয়েছেন, এশিয়ায় সর্বোচ্চ নম্বর পেয়েছেন চারজন এবং বাংলাদেশে সর্বোচ্চ নম্বর পেয়েছেন ৪৯ জন। এছাড়া পর্যায়ভিত্তিক ফলাফলে ইন্টারন্যাশনাল প্রাইমারি ও ইন্টারন্যাশনাল লোয়ার সেকেন্ডারি পর্যায়ে ৩৬ জন, ইন্টারন্যাশনাল জিসিএসইতে ৫০৬ জন এবং ইন্টারন্যাশনাল এ লেভেলে ২২৬ জন শিক্ষার্থী পুরস্কার লাভ করেন।

অনুষ্ঠানের শুরুতে অতিথিদের স্বাগত জানান পিয়ারসনের বাংলাদেশ ও নেপালের রিজিওনাল ডেভেলপমেন্ট ম্যানেজার লিটন আবদুল্লাহ ও জান্নাতুল ফেরদৌস সিগমা। সমাপনী পর্বে বক্তব্য প্রকাশ করেন ব্রিটিশ কাউন্সিল বাংলাদেশের ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড হেড অব মার্কেট, ইংলিশ অ্যান্ড এক্সামস জুনায়েদ আহমেদ। উল্লেখ্য, যুক্তরাজ্যের শিক্ষাব্যবস্থার আদলে তৈরি পিয়ারসন এডএক্সেলের শিক্ষাগত যোগ্যতা বিশ্বের শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়গুলোতে স্বীকৃত। ২০১২ সালে বাংলাদেশে এ পুরস্কার প্রবর্তনের পর থেকে এ পর্যন্ত দেশের ৮ হাজার ৮০০-এর বেশি শিক্ষার্থী এই সম্মাননা অর্জন করেছেন এবং বর্তমানে দেশের ১৫০টির বেশি শিক্ষাপ্রতিষ্ঠানের সঙ্গে কাজ করছে প্রতিষ্ঠানটি।

//ডিবিটেক/এএইচসি/এমএসসি/ডিইওই//