ইউএন এসক্যাপ সংস্থায় নতুন দায়িত্ব

এপিসিআইসিটি গভর্নিং কাউন্সিলের চেয়ারম্যান বাংলাদেশ

  • জাতিসংঘ এসক্যাপের আঞ্চলিক প্রযুক্তি সংস্থায় নতুন সভাপতি নির্বাচিত বাংলাদেশ
  • ব্যাংককে ২১তম অধিবেশনে অতিরিক্ত সচিব মুহাম্মদ আনোয়ার উদ্দিনের নির্বাচন
  • ডিজিটাল রূপান্তর অভিজ্ঞতা বিনিময়ে আঞ্চলিক সহযোগিতা বৃদ্ধির আশাবাদ প্রকাশ

এপিসিআইসিটি গভর্নিং কাউন্সিলের চেয়ারম্যান বাংলাদেশ
৭ সেপ্টেম্বর, ২০২৬ ১৯:১৩  

জাতিসংঘের এশীয় ও প্রশান্ত মহাসাগরীয় অর্থনৈতিক ও সামাজিক কমিশনের (ইএসসিএপি/এসক্যাপ) আঞ্চলিক প্রতিষ্ঠান এশিয়ান অ্যান্ড প্যাসিফিক ট্রেনিং সেন্টার ফর ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি ফর ডেভেলপমেন্টের (এপিসিআইসিটি) গভর্নিং কাউন্সিলের চেয়ারম্যান নির্বাচিত হয়েছে বাংলাদেশ। ৩ সেপ্টেম্বর থাইল্যান্ডের ব্যাংককে জাতিসংঘ সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত কাউন্সিলের ২১তম অধিবেশনে অতিরিক্ত সচিব মুহাম্মদ আনোয়ার উদ্দিন চেয়ারম্যান নির্বাচিত হন। তিনি তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের অতিরিক্ত সচিব এবং অ্যাসপায়ার টু ইনোভেটের (এটুআই) প্রকল্প পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন।

বাংলাদেশ ২০২৫-২০২৮ মেয়াদের জন্য ৮টি নির্বাচিত কাউন্সিল সদস্য দেশের অন্যতম। অন্য দেশগুলো হলো কম্বোডিয়া, ভারত, কাজাখস্তান, ফিলিপাইন, রাশিয়া, থাইল্যান্ড ও উজবেকিস্তান। স্বাগতিক দেশ হিসেবে দক্ষিণ কোরিয়াও এতে যুক্ত রয়েছে। এপিসিআইসিটির সংবিধি অনুযায়ী পরবর্তী নিয়মিত অধিবেশন পর্যন্ত চেয়ারম্যান দায়িত্ব পালন করবেন।

অধিবেশনে প্রশাসনিক ও আর্থিক পরিস্থিতি, বিগত দিনের কার্যক্রম এবং ২০২৭ সালের কর্মপরিকল্পনা পর্যালোচনা করা হয়। নতুন কর্মপরিকল্পনায় জ্ঞান বিনিময়, কারিগরি সহযোগিতা, প্রাতিষ্ঠানিক সক্ষমতা এবং সুশাসনকে প্রাধান্য দেওয়া হয়েছে।

নির্বাচন প্রসঙ্গে মুহাম্মদ আনোয়ার উদ্দিন বলেন, "এই নির্বাচন বাংলাদেশের জন্য একই সঙ্গে সম্মান ও গুরুত্বপূর্ণ আঞ্চলিক দায়িত্বের। আমাদের অগ্রাধিকার হলো কার্যকর জ্ঞান বিনিময় ও কারিগরি সহযোগিতার মাধ্যমে সদস্য রাষ্ট্রগুলোর বাস্তব চাহিদা মেটানো। পাবলিক সার্ভিস ইনোভেশন, ডেটা-ভিত্তিক সিদ্ধান্ত গ্রহণ এবং অন্তর্ভুক্তিমূলক ডিজিটাল সক্ষমতা বৃদ্ধিতে বাংলাদেশের অভিজ্ঞতাও আমরা ভাগ করে নিতে চাই।"

ব্যাংকক সফরকালে ১-৩ সেপ্টেম্বর তিনি বেশ কয়েকটি উচ্চপর্যায়ের এসক্যাপ সভায় বাংলাদেশের প্রতিনিধিত্ব করেন। এর মধ্যে ১ সেপ্টেম্বর এশিয়া-প্যাসিফিক ইনফরমেশন সুপারহাইওয়ে স্টিয়ারিং কমিটির ১০ম অধিবেশন, ২ সেপ্টেম্বর আইসিটি, বিজ্ঞান, প্রযুক্তি ও উদ্ভাবন বিষয়ক কমিটি এবং ৩ সেপ্টেম্বর এপিসিআইসিটির মূল অধিবেশন অনুষ্ঠিত হয়।

এসব বৈঠকে 'এশিয়া-প্যাসিফিক ইনফরমেশন সুপারহাইওয়ে ইনিশিয়েটিভ ২০২৭-২০৩০' বাস্তবায়ন রূপরেখা স্থান পায়, যার প্রধান স্তম্ভ তিনটি: সবার জন্য সংযোগ, উদীয়মান প্রযুক্তি ও স্মার্ট পাবলিক সার্ভিস এবং ডিজিটাল ডেটা। বাংলাদেশ ওয়ার্কিং গ্রুপ ৩ (ডিজিটাল ডেটা)-এর ভাইস-চেয়ার হিসেবেও দায়িত্ব পালন করছে।

এপিসিআইসিটির সঙ্গে বাংলাদেশের দীর্ঘদিনের সহযোগিতার অংশ হিসেবে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ ও বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের উদ্যোগে 'উইমেন আইসিটি ফ্রন্টিয়ার ইনিশিয়েটিভ' (WIFI) পরিচালিত হচ্ছে। এর হালনাগাদ সংস্করণ 'WIFI DX' নারী উদ্যোক্তাদের ই-কমার্স, ডিজিটাল মার্কেটিং, আর্থিক সাক্ষরতা, ডেটা অ্যানালিটিকস ও অনলাইন নিরাপত্তায় প্রশিক্ষণ দিচ্ছে।
//ডিবিটেক/আরআইপি/এসএমই/এমআএস//