ঢাবির এসএম হলে কম্পিউটার ল্যাবের নামফলক ভাঙচুর

উদ্বোধনের একদিন পর এসএম হলে ডাকসুর ল্যাবের নামফলক ভাঙচুর

  • বৃহস্পতিবার বিকেলে পাঁচটি কম্পিউটার দিয়ে ল্যাব উদ্বোধনের পর শুক্রবার রাতে ভাঙচুর
  • ঘটনার জন্য ছাত্রদলকে দায়ী করলেও অভিযোগ অস্বীকার হল ছাত্রদলের
  • নামফলক স্থাপনের বিষয়ে অবগত নয় হল প্রশাসন; তদন্তে জানেন না প্রাধ্যক্ষ

উদ্বোধনের একদিন পর এসএম হলে ডাকসুর ল্যাবের নামফলক ভাঙচুর
২১ নভেম্বর, ২০২৬ ১৪:৫৩  

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সলিমুল্লাহ মুসলিম (এসএম) হলে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) উদ্যোগে স্থাপিত কম্পিউটার ল্যাবের নামফলক ভাঙচুরের ঘটনা ঘটেছে। এই ঘটনায় ছাত্রদলের নেতাকর্মীদের জড়িত থাকার অভিযোগ তুলেছে ডাকসু, যদিও অভিযোগ অস্বীকার করে পাল্টা বক্তব্য দিয়েছে হল ছাত্রদল।

২০ নভেম্বর, শুক্রবার রাতে নামফলক ভাঙচুরের এই ঘটনা ঘটে। এর ঠিক একদিন আগে বৃহস্পতিবার বিকেলে পাঁচটি কম্পিউটার দিয়ে ল্যাবটির কার্যক্রম উদ্বোধন করা হয়েছিল।

ডাকসু নেতৃবৃন্দ জানান, বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হলে কম্পিউটার ল্যাব স্থাপনের ধারাবাহিকতায় এসএম হলে ল্যাবটি চালু করা হয়। কক্ষটি তুলনামূলক ছোট হওয়ায় প্রাথমিকভাবে পাঁচটি কম্পিউটার দিয়ে যাত্রা শুরু করা হয়েছিল। ডাকসুর ক্যারিয়ার ডেভেলপমেন্ট সম্পাদক মাজহারুল ইসলাম বলেন, ‘আমরা সব হলেই কম্পিউটার ল্যাব করছি। তারই ধারাবাহিকতায় গত বৃহস্পতিবার বিকালে পাঁচটি কম্পিউটার দিয়ে এসএম হলে ল্যাবটি উদ্বোধন করা হয়। শুক্রবার রাতের অন্ধকারে এর নামফলক ভেঙে ফেলা হয়েছে।’ ঘটনার জন্য ছাত্রদলকে দায়ী করে তিনি আরও বলেন, এর আগেও ডাকসুর বিভিন্ন কাজের নামফলক ভেঙে ফেলা ও কাজে বাধা দেওয়ার ঘটনা ঘটেছে এবং শিক্ষার্থীদের কল্যাণে নেওয়া এমন উদ্যোগ ভেঙে ফেলা অত্যন্ত দুঃখজনক।

তবে অভিযোগ অস্বীকার করে এসএম হল শাখা ছাত্রদলের সদস্যসচিব সৈয়দ ইয়ানাত ইসলাম বলেন, সকালে হলের গ্রুপে বিষয়টি দেখে নেতাকর্মীদের কাছে খোঁজ নেন এবং নামফলক ভাঙচুরের বিষয়টি জানতে পারেন। হল প্রশাসনের কাছে জানতে চাইলে তারা জানান, ডাকসু বা শিক্ষার্থীদের পক্ষ থেকে এমন নামফলক লাগানোর বিষয়ে তারা অবগত নন। প্রমাণ ছাড়াই ছাত্রদলের বিরুদ্ধে অভিযোগ তোলা হচ্ছে দাবি করে তিনি বলেন, বৃহস্পতিবার রাতে এসএম হল থেকে চিহ্নিত চারজনকে বের করে দেওয়ার প্রতিক্রিয়া হিসেবে অন্য কেউ এ ঘটনা ঘটিয়ে থাকতে পারে।

এসএম হলের প্রাধ্যক্ষ অধ্যাপক আবদুস সালাম জানান, হলের এক শিক্ষার্থী ফোন করে নামফলক ভাঙচুরের বিষয়টি তাঁকে জানিয়েছেন, তবে এ ঘটনায় এখনো কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। ভাঙচুরের ঘটনায় কোনো রাজনৈতিক দলের সম্পৃক্ততা আছে কি না বা কী ব্যবস্থা নেওয়া হবে, সে বিষয়ে এখনই কিছু বলতে পারছেন না বলে জানান প্রাধ্যক্ষ।

//ডিবিটেক/বিএনআর/ডিআরই/এফওইডি//