জয়-পলকের বিরুদ্ধে অভিযোগ গঠন শুনানি পিছিয়ে ১১ জানুয়ারি
জুলাই-আগস্টে গণঅভ্যুত্থান চলাকালীন ইন্টারনেট বন্ধ করে হত্যাসহ মানবতাবিরোধী অপরাধের মামলায় প্রসিকিউসন পক্ষে অভিযোগ গঠন বিষয়ে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাপুত্র ও তার আইসিটি উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় এবং সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলকের বিরুদ্ধে শুনানি পিছিয়ে আগামী ১১ জানুয়ারি পুণনির্ধারণ করা হয়েছে।
৭ জানুয়ারি (বুধবার) বিচারপতি মো. শফিউল আলম মাহমুদের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ শুনানির এই দিন ধার্য করেন। রাষ্ট্রপক্ষ অভিযোগ গঠনের জন্য প্রয়োজনীয় প্রস্তুতি ও নথিপত্র উপস্থাপনের লক্ষে সময় প্রার্থনা করলে আদালত এই সিদ্ধান্ত প্রদান করেন। এসময় আদালতে পলক উপস্থিত ছিলেন। আর জয়কে পলাতক হিসেবে উপস্থাপন করা হয়।
আদালতে দাখিলকৃত অভিযোগপত্রের তথ্য অনুযায়ী, জয় ও পলকের বিরুদ্ধে মূলত তিনটি সুনির্দিষ্ট ও গুরুতর অভিযোগ আনা হয়েছে। অভিযোগ রয়েছে যে, ছাত্র-জনতার আন্দোলন চলাকালে এই দুই ব্যক্তি পারস্পরিক আলোচনার ভিত্তিতে উদ্দেশ্যমূলকভাবে সারা দেশে ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন করে দিয়েছিলেন, যাতে নিরাপত্তা বাহিনীর হাতে সাধারণ মানুষের প্রাণহানির চিত্র বিশ্ববাসীর সামনে না আসতে পারে। এছাড়া তারা সুপরিকল্পিতভাবে মিথ্যা তথ্য ছড়িয়েছিলেন যে আন্দোলনকারী শিক্ষার্থীরাই গুরুত্বপূর্ণ ইন্টারনেট লাইন পুড়িয়ে দিয়েছে, যা তদন্তে সম্পূর্ণ ভিত্তিহীন প্রমাণিত হয়েছে। পলাতক সজীব ওয়াজেদ জয়ের পক্ষে আইনি লড়াই পরিচালনার জন্য আদালতের পক্ষ থেকে ‘স্টেট ডিফেন্স’ বা রাষ্ট্রীয় আইনজীবী নিয়োগ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
ডিবিটেক/টিবিও/ইকে







