নিরাপত্তা মানদণ্ডে অন-সাইট সক্ষমতা প্রশংসিত

রূপপুরের জরুরি প্রস্তুতি ব্যবস্থাপনায় আইএইএর আন্তর্জাতিক স্বীকৃতি

  • রূপপুর কেন্দ্রের নিজস্ব জরুরি সাড়াদান সক্ষমতার আন্তর্জাতিক স্বীকৃতি মিলেছে
  • জাতীয় পর্যায়ে আন্তপ্রাতিষ্ঠানিক সমন্বয় বাড়াতে পাঁচটি সুপারিশ করেছে আইএইএ
  • ১৭ নভেম্বর প্রথম ইউনিট থেকে জাতীয় গ্রিডে বিদ্যুৎ যুক্ত হয়েছে

রূপপুরের জরুরি প্রস্তুতি ব্যবস্থাপনায় আইএইএর আন্তর্জাতিক স্বীকৃতি
২১ নভেম্বর, ২০২৬ ১২:৪৪  

আধুনিক পরমাণু প্রকৌশল ও বৈশ্বিক নিরাপত্তা মানদণ্ড অনুসরণ করে দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপুরের জরুরি পরিস্থিতি মোকাবিলার সক্ষমতা ও অবকাঠামোগত প্রস্তুতি আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার (আইএইএ) স্বীকৃতি অর্জন করেছে।

সংশ্লিষ্ট সূত্রে প্রকাশ, বাংলাদেশ পরমাণু শক্তি নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের (বায়েরা) তত্ত্বাবধানে গত ৮ থেকে ১৮ নভেম্বর পর্যন্ত পরিচালিত সংস্থাটির ১০ দিনব্যাপী জরুরি প্রস্তুতি পর্যালোচনা (ইপিআরইভি) মিশনের প্রতিবেদনে কেন্দ্রটির নিজস্ব সাড়াদান ব্যবস্থা, বিশেষায়িত চিকিৎসাকেন্দ্র এবং আধুনিক অগ্নিনির্বাপণ প্রশিক্ষণ কাঠামোকে শক্তিশালী দিক হিসেবে চিহ্নিত করা হয়েছে। প্রকল্পসংশ্লিষ্টদের তথ্যমতে, কেন্দ্রটির অভ্যন্তরীণ বা অন-সাইট জরুরি ব্যবস্থাপনায় কোনো সুনির্দিষ্ট ঘাটতি কিংবা সংশোধনের সুপারিশ করেনি আইএইএ।

গত ১৮ নভেম্বর রাতে আইএইএর ওয়েবসাইটে প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বাংলাদেশের জরুরি প্রস্তুতির ইতিবাচক দিকগুলো তুলে ধরার পাশাপাশি জাতীয় পর্যায়ে আন্তপ্রাতিষ্ঠানিক সমন্বয় আরও সুসংহত করতে পাঁচটি গুরুত্বপূর্ণ ক্ষেত্রে উন্নয়নের সুপারিশ করা হয়েছে। মূল্যায়ন প্রতিবেদনে আইএইএর বিশেষজ্ঞ দল বাংলাদেশের জরুরি প্রস্তুতি ও সাড়াদান কাঠামোর দুটি প্রধান শক্তিশালী দিক উল্লেখ করেছে।

প্রথমটি হলো প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় দেশের দীর্ঘদিনের অভিজ্ঞতাভিত্তিক সুপ্রতিষ্ঠিত ব্যবস্থা, যা পারমাণবিক ও তেজস্ক্রিয়তাজনিত যেকোনো জরুরি পরিস্থিতিতে সমন্বিত কার্যক্রমের শক্ত ভিত্তি হিসেবে কাজ করতে পারে। দ্বিতীয়টি হলো রূপপুর কেন্দ্রের নিজস্ব জরুরি সাড়াদান সক্ষমতা; বিশেষ করে কেন্দ্রের চিকিৎসাসেবা ও মনস্তাত্ত্বিক সহায়তাসম্পন্ন চিকিৎসাকেন্দ্র এবং অগ্নিনির্বাপণ কর্মীদের বাস্তবভিত্তিক প্রশিক্ষণের জন্য নির্মিত আধুনিক ফায়ার স্টেশন সিমুলেটর ও বিশেষায়িত অগ্নিনির্বাপণ স্টেশনের প্রস্তুতিকে বিশেষজ্ঞ দল ইতিবাচকভাবে মূল্যায়ন করেছে।

আইএইএর পর্যালোচনার ব্যাখ্যা দিয়ে শনিবার (২১ নভেম্বর) নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট কোম্পানি বাংলাদেশ লিমিটেডের (এনপিসিবিএল) ব্যবস্থাপনা পরিচালক ড. মো. জাহেদুল হাসান জানান, অন-সাইট ব্যবস্থাপনা মূলত কেন্দ্রের নিজস্ব জরুরি সাড়াদান, দুর্ঘটনা মোকাবিলা, অগ্নিনির্বাপণ, চিকিৎসাসেবা ও কর্মীদের সুরক্ষার সঙ্গে যুক্ত; অন্যদিকে অফ-সাইট ব্যবস্থাপনা জাতীয় ও স্থানীয় প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, উদ্ধারকারী সংস্থা এবং অন্যান্য সরকারি প্রতিষ্ঠানের সমন্বিত কার্যক্রমের ওপর নির্ভর করে।

তিনি জানান, “পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের জরুরি প্রস্তুতি শুধু একটি প্রতিষ্ঠানের ওপর নির্ভরশীল নয়; কেন্দ্রের নিজস্ব প্রস্তুতির পাশাপাশি জাতীয় পর্যায়ের সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর সমন্বিত সক্ষমতাও গুরুত্বপূর্ণ। রূপপুরের জরুরি সাড়াদান ব্যবস্থা, বিশেষায়িত চিকিৎসাসেবা ও অগ্নিনির্বাপণ প্রশিক্ষণ অবকাঠামো আন্তর্জাতিক বিশেষজ্ঞ দলের মূল্যায়নে শক্তিশালী দিক হিসেবে চিহ্নিত হওয়া তাৎপর্যপূর্ণ।

জাতীয় পর্যায়ে সমন্বয় জোরদারের সুপারিশকে কেন্দ্রের নিজস্ব ব্যবস্থাপনার দুর্বলতা হিসেবে ব্যাখ্যা করা ঠিক হবে না।” তিনি আরও জানান, আইএইএর সুপারিশের মূল উদ্দেশ্য হলো বিভিন্ন প্রতিষ্ঠানের মধ্যে সমন্বয়, দায়িত্ব বণ্টন এবং সমন্বিত কমান্ড ও নিয়ন্ত্রণব্যবস্থা শক্তিশালী করার মাধ্যমে জাতীয় জরুরি কাঠামোকে আরও কার্যকর করা। নিয়মিত প্রশিক্ষণ, প্রস্তুতি যাচাই এবং আন্তর্জাতিক নিরাপত্তা মানদণ্ড অনুসরণের মাধ্যমে এনপিসিবিএল রূপপুরের সক্ষমতা আরও বাড়াতে প্রতিশ্রুতিবদ্ধ বলেও উল্লেখ করেন তিনি।

পর্যালোচনা দলটি রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র এবং পরমাণু শক্তি গবেষণা প্রতিষ্ঠানের বিভিন্ন স্থাপনা পরিদর্শনের পাশাপাশি সরকারের বিভিন্ন দফতরের কর্মকর্তা, পুলিশ, উদ্ধারকারী সংস্থা ও স্থানীয় প্রশাসনের প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় করে। জরুরি প্রস্তুতি আরও কার্যকর করতে আইএইএর সুপারিশকৃত পাঁচটি ক্ষেত্র হলো—জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা ব্যবস্থার সঙ্গে পারমাণবিক জরুরি পরিস্থিতি মোকাবিলার কার্যক্রম সমন্বিত করা, সংশ্লিষ্ট সরকারি সংস্থাগুলোর মধ্যে সমন্বয় জোরদার করা, জাতীয় সুরক্ষা কৌশল প্রণয়ন সম্পন্ন করা, কারিগরি ও জনসাধারণের সঙ্গে যোগাযোগব্যবস্থা শক্তিশালী করা এবং নিয়মিত জরুরি মহড়ার আয়োজন করা; যার মধ্যে রূপপুরে একটি পূর্ণাঙ্গ জরুরি পরিস্থিতি মোকাবিলা মহড়া আয়োজনের ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে।

আইএইএর প্রতিনিধিসহ নয়টি দেশের বিশেষজ্ঞদের নিয়ে গঠিত পর্যালোচনা দলের প্রধান ও যুক্তরাষ্ট্রের আর্গন ন্যাশনাল ল্যাবরেটরির অ্যাসেসমেন্ট অ্যান্ড রেসপন্স বিভাগের গ্রুপ লিডার মার্ক ব্রেইটিঙ্গার জানান, আইএইএর নিরাপত্তা মানদণ্ড অনুসারে পারমাণবিক ও তেজস্ক্রিয়তাজনিত জরুরি পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুতি ও সাড়াদান ব্যবস্থা শক্তিশালী করতে বাংলাদেশ দৃঢ় অঙ্গীকারের পরিচয় দিয়েছে। রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের কমিশনিংয়ের প্রস্তুতির অংশ হিসেবে সংশ্লিষ্ট সব প্রতিষ্ঠানের মধ্যে উন্মুক্ত ও গঠনমূলক মনোভাব দেখা গেছে, যা নিরাপত্তার প্রতি বাংলাদেশের দায়িত্বশীল অঙ্গীকারের প্রতিফলন।

বায়েরা চেয়ারম্যান মাহমুদুল হাসান জানান, রূপপুরের কার্যক্রম শুরুর প্রাক্কালে সর্বোচ্চ পারমাণবিক ও বিকিরণ নিরাপত্তা নিশ্চিত করাই বাংলাদেশের প্রধান অগ্রাধিকার এবং এ মিশনের মাধ্যমে দেশের বিদ্যমান প্রস্তুতি ও ব্যবস্থাপনা মূল্যায়ন, উন্নয়নের ক্ষেত্রগুলো চিহ্নিত এবং জাতীয় পর্যায়ের বিভিন্ন সংস্থার মধ্যে সমন্বয় আরও জোরদার করার সুযোগ তৈরি হয়েছে।

এ বিষয়ে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সচিব মো. আনোয়ার হোসেন জানান, আইএইএর সুপারিশ বাস্তবায়নে সরকার প্রতিশ্রুতিবদ্ধ এবং এ লক্ষ্যে মন্ত্রণালয়, জরুরি সেবাদানকারী সংস্থা ও স্থানীয় প্রশাসনের দায়িত্ব সুনির্দিষ্ট করে একটি কর্মপরিকল্পনা প্রণয়ন করা হচ্ছে; যাতে আন্তর্জাতিক মানদণ্ড ও উত্তম চর্চা অনুসরণ করে দেশের জনগণ, পরিবেশ ও ভবিষ্যৎ প্রজন্মের সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করা যায়।

প্রসঙ্গত, এর আগে গত মঙ্গলবার (১৭ নভেম্বর) রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটের উৎপাদিত ৩৫০ মেগাওয়াট বিদ্যুৎ পরীক্ষামূলকভাবে জাতীয় গ্রিডে সরবরাহ শুরু হয় যা পরবর্তীতে ৩৭৫ মেগাওয়াটে উন্নীত হয় এবং সাড়ে আট ঘণ্টাব্যাপী সরবরাহকৃত প্রায় দুই কোটি টাকা মূল্যের এই বিদ্যুতের মাধ্যমে জাতীয় গ্রিডে পারমাণবিক বিদ্যুৎ সরবরাহের ঐতিহাসিক যাত্রা শুরু হয়েছে।

//ডিবিটেক/জেএসপি/এসসি/ডিইওই//