চা শিল্পে নতুন সম্ভাবনা

খরা সহিষ্ণু চায়ের জিনোটাইপ শনাক্ত করলেন গবেষকেরা

  • বাকৃবি ও বিটিআরআইয়ের যৌথ গবেষণায় খরা সহিষ্ণু চায়ের জিনোটাইপ শনাক্ত
  • ‘বি/৮/৯৩’ সবচেয়ে খরাসহিষ্ণু এবং ‘এমজেড/৩৯’ মাঠপর্যায়ে অভিযোজনক্ষম হিসেবে চিহ্নিত
  • জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় জাত উন্নয়নে তৈরি হলো বৈজ্ঞানিক ভিত্তি

খরা সহিষ্ণু চায়ের জিনোটাইপ শনাক্ত করলেন গবেষকেরা
১৮ নভেম্বর, ২০২৬ ১৪:২৫  

জলবায়ু পরিবর্তনের প্রভাবে অনিয়মিত বৃষ্টিপাত, দীর্ঘস্থায়ী তাপপ্রবাহ ও খরার ঝুঁকি বাংলাদেশের কৃষি উৎপাদনের জন্য ক্রমেই বড় চ্যালেঞ্জ হয়ে উঠছে এবং এর প্রভাব পড়ছে দেশের অন্যতম গুরুত্বপূর্ণ অর্থকরী ফসল চায়ের ওপরও। বিশেষ করে সিলেট, মৌলভীবাজার, হবিগঞ্জ ও চট্টগ্রামের চা-বাগানগুলোতে পর্যাপ্ত বৃষ্টিপাতের অভাব দেখা দিলে চা গাছের নতুন কুঁড়ি গজানো, পাতার বৃদ্ধি ও উৎপাদন ব্যাহত হয়। এমন প্রেক্ষাপটে খরাপ্রবণ পরিবেশে টিকে থাকতে সক্ষম চায়ের জিনোটাইপ শনাক্ত করে নতুন সম্ভাবনার দুয়ার খুলেছেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) ফসল উদ্ভিদবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মো. আশরাফুজ্জামান, বাংলাদেশ চা গবেষণা ইনস্টিটিউটের (বিটিআরআই) পরিচালক ড. ইসমাইল হোসেনসহ একদল গবেষক।

বিটিআরআইয়ের উদ্ভিদবিজ্ঞান বিভাগ ও বাকৃবির ফসল উদ্ভিদবিজ্ঞান বিভাগের যৌথ সহযোগিতায় পরিচালিত এই গবেষণায় পাঁচটি চায়ের জিনোটাইপ ও একটি প্রচলিত জাতের মধ্যে তুলনামূলক মূল্যায়ন করে ‘বি/৮/৯৩’ নামের জিনোটাইপকে সবচেয়ে খরা সহনশীল এবং ‘এমজেড/৩৯’ জিনোটাইপকে মাঠপর্যায়ে ভালো অভিযোজনক্ষম হিসেবে শনাক্ত করা হয়েছে।

সংশ্লিষ্ট সূত্রে প্রকাশ, ‘স্ক্রিনিং অফ বাংলাদেশ টি (ক্যামেলিয়া সিনেনসিস (এল.) কুন্টজে) জিনোটাইপস ফর ড্রাউট টলারেন্স’ শীর্ষক গবেষণাপত্রটি সম্প্রতি আন্তর্জাতিক প্রকাশনা সংস্থা আটলান্টিস প্রেস থেকে প্রকাশিত ‘প্রসিডিংস অফ দ্য ইন্টারন্যাশনাল টি সিম্পোজিয়াম’ গ্রন্থে প্রকাশিত হয়েছে। বাংলাদেশের চা উৎপাদন অঞ্চলে খরার প্রভাব মোকাবিলায় সম্ভাবনাময় জিনোটাইপ চিহ্নিত করা এবং ভবিষ্যৎ জাত উন্নয়ন কার্যক্রমের জন্য বৈজ্ঞানিক ভিত্তি তৈরি করাই ছিল এর মূল লক্ষ্য।

সিলেট, মৌলভীবাজার, হবিগঞ্জ ও চট্টগ্রামের পাহাড়ি অঞ্চলের পাশাপাশি উত্তরাঞ্চলের পঞ্চগড় ও ঠাকুরগাঁওসহ বিভিন্ন জেলায় চা চাষ সম্প্রসারিত হয়েছে, যার সঙ্গে বিপুলসংখ্যক শ্রমিক, ক্ষুদ্র চাষি ও ব্যবসায়ীর জীবিকা জড়িত। বাংলাদেশ চা বোর্ডের তথ্য অনুযায়ী, ২০২৫ সালে দেশে প্রায় ৯৪ দশমিক ৯১ মিলিয়ন কেজি চা উৎপাদিত হয়েছে, যা ২০২৪ সালের তুলনায় বেশি হলেও ২০২৩ সালের রেকর্ড উৎপাদনের চেয়ে কম। চা একটি বহুবর্ষজীবী অর্থকরী উদ্ভিদ হওয়ায় এর স্বাভাবিক বৃদ্ধি ও পাতা উৎপাদনে পর্যাপ্ত পানি অপরিহার্য; পানির ঘাটতিতে শিকড়ের পানি শোষণ ও সালোকসংশ্লেষণ ব্যাহত হয়ে বিশেষ করে নতুন চারাগাছ বেশি ক্ষতিগ্রস্ত হয়।  

গবেষণাপদ্ধতি সম্পর্কে অধ্যাপক ড. আশরাফুজ্জামান জানান, গবেষণায় এ/১৭/৭, এমজেড/৩৯, এসএইচ/৯/৬৫, বি/৮/৯৩ এবং এ/৮/৮ জিনোটাইপের পাশাপাশি তুলনার জন্য প্রচলিত বিটি-২ চায়ের জাত অন্তর্ভুক্ত করা হয়। নার্সারি ও মাঠপর্যায়ে মাটির আর্দ্রতা ৩৬, ৩০, ২৪ ও ১৮ শতাংশে রেখে বিভিন্ন মাত্রার খরার প্রভাব পরীক্ষা করা হয়।

এ সময় গাছের উচ্চতা, শিকড়ের দৈর্ঘ্য, আয়তন ও বিস্তার, শুষ্ক পদার্থের পরিমাণ, পাতার আপেক্ষিক পানির পরিমাণ, প্রোলিন, মোট পলিফেনল ও রিডিউসিং সুগারের পরিবর্তন বিশ্লেষণ করা হয়। প্রোলিন কোষের পানির ভারসাম্য বজায় রাখতে ভূমিকা রাখে এবং শিকড়ের বিস্তার মাটির গভীর থেকে পানি সংগ্রহের সক্ষমতার সঙ্গে সম্পর্কিত। গবেষণার ফলাফল সম্পর্কে তিনি জানান, গবেষণায় বি/৮/৯৩ জিনোটাইপটি সবচেয়ে বেশি খরাসহিষ্ণু এবং এ/৮/৮ সবচেয়ে সংবেদনশীল হিসেবে চিহ্নিত হয়েছে; এমজেড/৩৯ মাঠপর্যায়ে বিস্তৃত অভিযোজনক্ষমতা দেখিয়েছে এবং বিটি-২, এসএইচ/৯/৬৫ ও এ/১৭/৭ মধ্যম মাত্রার খরাসহিষ্ণু হিসেবে শনাক্ত হয়েছে। মাঠপর্যায়ের পরীক্ষায় বি/৮/৯৩ জিনোটাইপের গড় উচ্চতা ছিল ৬৭ দশমিক ৫ সেন্টিমিটার, প্রতি গাছে গড়ে ৭ দশমিক ৬০টি শাখা এবং সবুজ পাতার ওজন ৯ দশমিক ২ গ্রাম। এতে মোট পলিফেনলের পরিমাণ ছিল ৮৯ দশমিক ৮১ পিপিএম এবং ক্যাটেচিন ২৩ দশমিক ০৭ পিপিএম, যা চায়ের গুণগত বৈশিষ্ট্য বিশ্লেষণে গুরুত্বপূর্ণ। তবে বাণিজ্যিক সম্ভাবনা নির্ধারণে মাঠপর্যায়ের উৎপাদন, পাতা সংগ্রহ, প্রক্রিয়াজাতকরণের মান এবং বিভিন্ন অঞ্চলের জলবায়ুর সঙ্গে এর অভিযোজন যাচাই করা প্রয়োজন বলে তিনি উল্লেখ করেন।

উল্লেখ্য, ২০২৫ সালের এপ্রিলে সিলেট অঞ্চলের চা-বাগানগুলোতে তাপপ্রবাহ ও কম বৃষ্টিপাতে চা গাছ ক্ষতিগ্রস্ত হয় এবং ২০২৪ সালে উত্তরাঞ্চলের পাঁচ জেলায় চা উৎপাদন আগের বছরের তুলনায় প্রায় ২০ শতাংশ কমে যায়। অনেক বাগানে পানির উৎস ও আধুনিক সেচপ্রযুক্তির সীমাবদ্ধতা থাকায় শুধু খরাসহিষ্ণু জিনোটাইপ নির্বাচন নয়, পানি সংরক্ষণ, দক্ষ সেচব্যবস্থা, মাটিতে জৈব পদার্থ বৃদ্ধি ও বৈজ্ঞানিক বাগান ব্যবস্থাপনার সমন্বয় প্রয়োজন। যেহেতু মাটি, তাপমাত্রা ও বৃষ্টিপাতের পার্থক্যের কারণে এক অঞ্চলে সফল জিনোটাইপ অন্য অঞ্চলেও সমান ফল দেবে এমন নিশ্চয়তা নেই, তাই পঞ্চগড়, ঠাকুরগাঁও ও লালমনিরহাটসহ বিভিন্ন অঞ্চলে দীর্ঘমেয়াদি পরীক্ষার মাধ্যমে এমজেড/৩৯ ও বি/৮/৯৩-এর কার্যকারিতা, বংশগত স্থায়িত্ব, স্বাদ, গুণগত মান ও রোগ-পোকা প্রতিরোধক্ষমতা মূল্যায়ন জরুরি।

গবেষণায় ছয়টি জিনোটাইপ মূল্যায়ন করা হয়েছে এবং বি/৮/৯৩ এখনো বাণিজ্যিক জাত হিসেবে অনুমোদিত হওয়ার তথ্য গবেষণাপত্রে নেই। ফলাফলকে বাস্তবে রূপ দিতে কয়েকটি ধাপের কথা উল্লেখ করে ড. আশরাফুজ্জামান জানান, প্রথমত বি/৮/৯৩ ও এমজেড/৩৯-সহ সম্ভাবনাময় জিনোটাইপগুলোকে প্রধান চা উৎপাদন অঞ্চলে একাধিক মৌসুমে পরীক্ষা করতে হবে; দ্বিতীয়ত স্বাভাবিক ও খরাপ্রবণ পরিবেশে প্রতি একক জমিতে সবুজ পাতা ও প্রক্রিয়াজাত চায়ের ফলন তুলনা করতে হবে; তৃতীয়ত চায়ের স্বাদ, সুবাস, রং, পলিফেনল ও ক্যাটেচিনের মতো গুণগত বৈশিষ্ট্য যাচাই করতে হবে; চতুর্থত চারা উৎপাদনের ব্যয়, সেচের প্রয়োজন, পরিচর্যার খরচ ও কৃষকের সম্ভাব্য আয় বিশ্লেষণসহ বাগানমালিক ও ক্ষুদ্র চাষিদের অংশগ্রহণে প্রদর্শনী প্লট স্থাপন করতে হবে। এসব পরীক্ষার ফল ইতিবাচক হলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের মাধ্যমে জাত বা ক্লোন নির্বাচনের পরবর্তী প্রক্রিয়া এগিয়ে নেওয়া সম্ভব হবে এবং বাংলাদেশ চা বোর্ড, বিটিআরআই, কৃষি বিশ্ববিদ্যালয় ও উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলোর সমন্বয়ে ভবিষ্যতে জলবায়ুসহিষ্ণু চায়ের জাত উন্নয়নে এটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

 //ডিবিটেক/আরাফাত হোসাইন/এসএমই/এফওপিটিই//