স্মার্ট নজরদারিতে মহাসড়কে বাড়বে নিরাপত্তা
এআই ক্যামেরায় ট্রাফিক আইন প্রয়োগ করবে হাইওয়ে পুলিশ
- সওজের প্রযুক্তিগত তথ্য ব্যবহার করবে হাইওয়ে পুলিশ
- এএনপিআর ও স্পিড ডিটেকশনে শনাক্ত হবে অপরাধ
- সাত কার্যদিবসে এপিআই সংযোগ দেবে সওজ
সিসিটিভি, স্বয়ংক্রিয় নম্বর প্লেট শনাক্তকরণ, গতিসীমা পর্যবেক্ষণ এবং যানবাহনের ওজন পরিমাপের প্রযুক্তি ব্যবহার করে মহাসড়কে ট্রাফিক আইন প্রয়োগ আরও কার্যকর করতে যাচ্ছে বাংলাদেশ হাইওয়ে পুলিশ। এ লক্ষ্যে সড়ক ও জনপথ অধিদপ্তরের (সওজ) ট্রাফিক ম্যানেজমেন্ট সেন্টারের (টিএমসি) তথ্য ব্যবহারের সুযোগ পাচ্ছে সংস্থাটি। নিরাপদ ডিজিটাল প্ল্যাটফর্মে তাৎক্ষণিক তথ্য বিনিময় এবং এপিআই সংযোগের মাধ্যমে দুই প্রতিষ্ঠানের মধ্যে প্রযুক্তিগত সমন্বয় গড়ে উঠবে।
২৪ নভেম্বর, মঙ্গলবার বাংলাদেশ সচিবালয়ের সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সভাকক্ষে সওজ ও বাংলাদেশ হাইওয়ে পুলিশের মধ্যে এ-সংক্রান্ত সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হয়।
অনুষ্ঠানে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব ড. মোহাম্মদ জিয়াউল হক, বাংলাদেশ হাইওয়ে পুলিশের অতিরিক্ত আইজি মোঃ সায়েদুর রহমান এবং সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের অতিরিক্ত সচিব মোঃ আনিসুর রহমান উপস্থিত ছিলেন। এ সময় সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ, বাংলাদেশ পুলিশ এবং সড়ক ও জনপথ অধিদপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।
সমঝোতা স্মারক অনুযায়ী, সওজের ট্রাফিক ম্যানেজমেন্ট সেন্টারে সংরক্ষিত সিসিটিভি ফুটেজ এবং বিভিন্ন বুদ্ধিমান পরিবহন ব্যবস্থার (আইটিএস) মাধ্যমে সংগৃহীত তথ্য ব্যবহার করতে পারবে হাইওয়ে পুলিশ।
এসব প্রযুক্তির মধ্যে রয়েছে স্বয়ংক্রিয় নম্বর প্লেট শনাক্তকরণ ব্যবস্থা (এএনপিআর), গতিসীমা শনাক্তকরণ ব্যবস্থা এবং চলন্ত অবস্থায় যানবাহনের ওজন পরিমাপের প্রযুক্তি (ওয়েট-ইন-মোশন বা ডব্লিউআইএম)।
এসব তথ্যের মাধ্যমে অতিরিক্ত গতিতে গাড়ি চালানো, অবৈধ পার্কিং, অননুমোদিত স্থানে যানবাহন থামানো এবং নির্ধারিত লেনের শৃঙ্খলা ভঙ্গের মতো অপরাধ শনাক্ত করা সহজ হবে। একই সঙ্গে এসব অপরাধের বিরুদ্ধে আইন প্রয়োগ কার্যক্রম আরও দ্রুত ও কার্যকর করা সম্ভব হবে।
সমঝোতার আওতায় সড়ক দুর্ঘটনা কমানো, যানজট নিয়ন্ত্রণ এবং সড়ক নিরাপত্তা উন্নয়নে দুই প্রতিষ্ঠান তথ্য বিনিময় ও সমন্বিত কার্যক্রম পরিচালনা করবে।
এ লক্ষ্যে নিরাপদ ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে তাৎক্ষণিক তথ্য আদান-প্রদানের ব্যবস্থা রাখা হবে। পাশাপাশি প্রয়োজনীয় কারিগরি সহযোগিতা ও তথ্যপ্রাপ্তি সপ্তাহের সাত দিন, ২৪ ঘণ্টা (২৪/৭) সচল রাখার উদ্যোগ নেওয়া হবে।
সমঝোতা স্মারক স্বাক্ষরের সাত কার্যদিবসের মধ্যে সওজ হাইওয়ে পুলিশকে প্রয়োজনীয় অ্যাপ্লিকেশন প্রোগ্রামিং ইন্টারফেস (এপিআই) সংযোগ এবং কারিগরি নির্দেশনা দেবে।
এই ব্যবস্থায় হাইওয়ে পুলিশ ট্রাফিক ম্যানেজমেন্ট সেন্টারের তথ্যভান্ডার থেকে শুধু তথ্য দেখার (রিড-অনলি) সুযোগ পাবে। অর্থাৎ তথ্য দেখার অনুমতি থাকলেও মূল তথ্য পরিবর্তন বা সম্পাদনার সুযোগ থাকবে না।
তথ্যের গোপনীয়তা ও নিরাপত্তা নিশ্চিত করতে উভয় প্রতিষ্ঠানকে নির্ধারিত বিধিবিধান অনুসরণ করতে হবে।
এ উদ্যোগের মাধ্যমে মহাসড়কে প্রযুক্তিনির্ভর নজরদারি এবং তথ্যভিত্তিক আইন প্রয়োগ কার্যক্রম আরও জোরদার হবে। এর ফলে ট্রাফিক শৃঙ্খলা প্রতিষ্ঠা, সড়ক দুর্ঘটনা প্রতিরোধ এবং নিরাপদ সড়ক নিশ্চিত করতে সংশ্লিষ্ট সংস্থাগুলোর মধ্যে সমন্বয় বাড়বে।
সমঝোতা স্মারকটি স্বাক্ষরের তারিখ থেকে কার্যকর হবে এবং প্রাথমিকভাবে পাঁচ বছর বলবৎ থাকবে।
//ডিবিটেক/এনডিআর/ডিআরই/এফওইডি//





