‘হ্যালো ডিসি’ সেবা চালু করছে ঢাকা জেলা প্রশাসন, ফোনেই জানানো যাবে অভিযোগ
সেবাগ্রহীতাদের ভোগান্তি কমানো এবং প্রশাসনিক কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহি বাড়াতে ‘হ্যালো ডিসি’ নামে নতুন সেবা চালু করতে যাচ্ছে ঢাকা জেলা প্রশাসন। এ সেবার মাধ্যমে নাগরিকেরা সরাসরি জেলা প্রশাসনে ফোন করে অভিযোগ, তথ্য ও মতামত জানাতে পারবেন।
১৭ মে, রববার, দুপুরে ঢাকা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে কোর্ট রিপোর্টার্স ইউনিটি–এর সঙ্গে আয়োজিত মতবিনিময় সভায় এ তথ্য জানান ঢাকার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট ফরিদা খানম।
তিনি বলেন, ‘হ্যালো ডিসি’ সেবার মাধ্যমে প্রান্তিক পর্যায়ের মানুষ সহজেই তাঁদের সমস্যা ও অভিযোগ জানাতে পারবেন। সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত এ সেবা চালু থাকবে। এছাড়া জেলা প্রশাসনের কার্যক্রম নিয়ে নাগরিকেরা পরামর্শও দিতে পারবেন। খুব শিগগিরই এ সেবার বিস্তারিত জানানো হবে বলেও তিনি উল্লেখ করেন।
ফরিদা খানম বলেন, জেলা প্রশাসন নিয়মিত গণশুনানির আয়োজন করলেও প্রযুক্তিনির্ভর এই নতুন উদ্যোগ নাগরিকসেবাকে আরও সহজ করবে। এতে সরাসরি যোগাযোগের মাধ্যমে দ্রুত সমস্যা শনাক্ত ও সমাধানের সুযোগ তৈরি হবে।
অনলাইন জুয়া ও মাদকের বিরুদ্ধে জনসচেতনতা তৈরির বিষয়েও গুরুত্বারোপ করেন তিনি। জেলা প্রশাসক বলেন, ভবিষ্যৎ প্রজন্মকে সুরক্ষিত রাখতে মাদক ও অনলাইন জুয়ার ক্ষতিকর দিক নিয়ে সচেতনতা বাড়ানো প্রয়োজন। এ লক্ষ্যে বিভিন্ন সেলিব্রিটিকে যুক্ত করে সচেতনতামূলক ডিজিটাল কনটেন্ট তৈরি ও প্রচারের উদ্যোগ নেওয়া হবে।
‘গণমাধ্যমকর্মীবৃন্দের সঙ্গে মতবিনিময় সভা’ শীর্ষক অনুষ্ঠানে বস্তুনিষ্ঠ সাংবাদিকতার ওপর গুরুত্ব দিয়ে তিনি বলেন, গণমাধ্যম সমাজের বাস্তব চিত্র তুলে ধরে। জেলা প্রশাসনের কোনো দপ্তরে সেবাগ্রহীতারা হয়রানির শিকার হলে বা অনিয়ম দেখা গেলে সাংবাদিকদের তা নির্ভয়ে তুলে ধরার আহ্বান জানান তিনি।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. আব্দুল ওয়ারেছ আনসারী, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) শামীমা সুলতানা, অতিরিক্ত জেলা প্রশাসক (উন্নয়ন ও মানবসম্পদ ব্যবস্থাপনা) মো. মাহাবুব উল্লাহ মজুমদার এবং তেজগাঁও সার্কেলের সার্কেল অফিসার তরিকুল ইসলাম।
এছাড়া সভায় বিভিন্ন উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ কোর্ট রিপোর্টার্স ইউনিটি–এর সভাপতি লিটন মাহমুদ, সাধারণ সম্পাদক মামুন খান এবং বিভিন্ন গণমাধ্যমকর্মী উপস্থিত ছিলেন।
ডিবিটেক/ডিএমও/এমইউএম



