উদ্বোধনের অপেক্ষায় ডিডিআই এক্সপো’র ষষ্ঠ আসর

উদ্বোধনের অপেক্ষায় ডিডিআই এক্সপো’র ষষ্ঠ আসর
২৮ জানুয়ারি, ২০২৬ ১১:২৭  

২০১৫ থেকে শুরু হয়েছিলো দেশি-বিদেশি প্রযুক্তি পণ্য প্রদর্শনী।  করোনার আগ পর্যন্ত নিয়মিত হতো ‘ডিজিটাল ডিভাইস এক্সপো’। এর পর সর্বশেষ ২০২১ সালে অনুষ্ঠিত হয় ‘ডিজিটাল ডিভাইস অ্যান্ড ইনোভেশন এক্সপো’। সে বছর সীমিত পরিসরে  রাজধানী আগারগাঁওয়ের বাংলাদেশ ফিল্ম আর্কাইভে অনুষ্ঠিত হয়েছিলো ‘মেক হেয়ার, সেল এভরিহোয়্যার’ স্লোগানের এই মেলা। এরপর কয়েক বছরের বিরতীতে ২৮ জানুয়ারি, বুধবার রাজধানীর চীন-মৈত্রী সম্মেলন কেন্দ্রে বসছে ডিজিটাল ডিভাইস অ্যান্ড ইনোভেশনের ষষ্ঠ আসর। 

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ, বাংলাদেশ হাই-টেক পার্ক কর্তৃপক্ষ এবং বাংলাদেশ কম্পিউটার সমিতি (বিসিএস) ত্রিপাক্ষিক অংশীদারিত্বে অনুষ্ঠিত এই মেলার প্লাটিনাম স্পন্সর স্যামসাং। তাই মেলা প্রাঙ্গনের কেন্দ্রতেই রয়েছে এই ব্র্যান্ডটির প্যাভিলিয়ন। এছাড়াও রয়েছে গোল্ড স্পন্সর ইপসন, অনর, এইচপি, লেনেভো, অপো, টেকনো ও শাওমি’র প্যাভিলিয়ন। মেলা জুড়ে একসময় শুরু হওয়া কম্পিউটার, প্রিন্টার, মনিটরের জায়গায় আধিক্য দেখা গেছে মোবাইল ফোন ও পেরিফেরালসের।  

এই আয়োজন উদ্বোধনে সকাল ১১টার দিকে মেলা প্রাঙ্গনে প্রবেশ করেছেন নোবেল জয়ী প্রথম বাংলাদেশী এবং অন্তবর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। তার নিরাপত্তায় নিচ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করা হয়েছে। এতে প্রযুক্তি খাতের গণমাধ্যমকর্মী থেকে অনেক অভ্যাগত অতিথিই মোবাইল ফোন ও ডিজিটাল ডিভাইস নিয়ে পড়েন বিড়ম্বনায়। যাদের গাড়ি নেই তারা গেটেই এসব ডিভাইস জমা রেখে ভেতরে প্রবেশ করছেন। অনেককেই আবার দেখা গেলো বাইরেই অপেক্ষা করতে। প্রদর্শনীতে নতুন নতুন পণ্য ও সেবার সঙ্গে পরিচিতি হওয়া এবং বড় ছাড়ে প্রয়োজনীয় ডিভাইস কেনার আগ্রহে দুপুরের জন্য অপেক্ষা করছেন দর্শনার্থীরা।  

প্রধান উপদেষ্টার উদ্বোধনের পরই সবরা জন্য উন্মোচন করা হবে মেলা। উদ্বোধনী অনুষ্ঠানের স্বাগত বক্তা বাংলাদেশ হাইটেক পার্ক কর্তৃপক্ষের ব্যবস্থাপনা পরিচালক মোঃ মামুনুর রশীদ। আইসিটি বিভাগের সচিব শীষ হায়দার চৌধুরীর সভাপত্বি উদ্বোধনীতে বিশেষ অতিথি প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমাদ তৈয়্যব। উপস্থিত আছেন আয়োজন অংশীদার বাংলাদেশ কম্পিউটার সমিতির সভাপতি মোহাম্মদ জহিরুল ইসলাম। 

তিন দিনব্যাপী এই মেলার উদ্বোধনীতে উন্মোচন করা হবে বাংলাদেশ ইনোভেশন চ্যালেঞ্জের লোগো ও ওয়েবসাইট। 

এদিকে ডিডিআইএক্সপো ২০২৬ এর সোশ্যাল হ্যান্ডেল অনুযায়ী, বেস্ট অব পিসি ব্যাটেল শুরু হচ্ছে বিকেল তিনটা থেকে। অনলাইনে নিবন্ধন করে কোনো ফি ছাড়াই এই মেলা সবার জন্য উন্মুক্ত থাকছে। মেলায় প্রবেশ করে সোশ্যাল হ্যান্ডেলে ছবি শেয়ার করলে ফটো চ্যালেঞ্জে আছে ২০ হাজার টাকার প্রাইজ পুল।  প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত চলবে মেলা। 

ডিবিটেক/এমইউএম/ইকে