নবনিযুক্ত উপাচার্যকে প্রত্যাখ্যান করে ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (ডুয়েট) পঞ্চম দিনের আন্দোলনে চলছে। ১৮ মে, সোমবার সকাল থেকেই বিশ্ববিদ্যালয়ের সবগুলো ফটক বন্ধ করে অবস্থান করে পালন করছে পূর্বঘোষিত ডুয়েট ব্লকেড কর্মসূচি। এতে বিশ্ববিদ্যালয়ের প্রায় সব কার্যক্রম স্থগিত রয়েছে। মূল ফটকে তালা দিয়েছেন শিক্ষার্থীরা।
শিক্ষার্থী ব্যতীত কাউকে এসব ফটক দিয়ে কাউকে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। মূলত বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য যেন বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরে প্রবেশ করতে না পারেন সেজন্য প্রতিটি ফটকে পাহারায় রয়েছেন তারা। সকাল থেকেই বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল ও সমাবেশ করছেন। বিপুলসংখ্যক পুলিশ সদস্য ক্যাম্পাসের বাইরে অবস্থান করছেন। শিক্ষার্থীরা বলেন, যে ভিসির মাধ্যমে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের রক্ত ঝরেছে সেই ভিসিকে তারা ক্যাম্পাসে গ্রহণ করবেন না।
অবশ্য বিশ্ববিদ্যালয় প্রশাসন বলছে, গতকাল আনুষ্ঠানিকভাবে নতুন ভিসি তার কার্যালয়ে অফিস করেছেন। শিক্ষার্থীরা বলেছেন, তাদের বিশ্ববিদ্যালয় থেকে নতুন ভিসি নিয়োগ নিয়ে যে আন্দোলন শুরু হয়েছে, দাবি আদায় না হওয়া পর্যন্ত তা চলবে।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, গত ১৪ মে ডুয়েটের উপাচার্য হিসেবে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মোহাম্মদ ইকবালকে নিয়োগ দেওয়া হয়। নিয়োগের প্রজ্ঞাপন জারির পর ওই দিন রাত সাড়ে নয়টা থেকে শিক্ষার্থীরা আন্দোলন শুরু করেন। সোমবার সকালে আন্দোলনের অংশ হিসেবে বিশ্ববিদ্যালয়ের মূল ফটকে অবস্থান নিয়ে ব্লকেড কর্মসূচি শুরু করেছে শিক্ষার্থীরা।
আন্দোলনরত শিক্ষার্থীদের দাবি, দুপুরের দিকে নবনিযুক্ত ভিসির পক্ষে ছাত্রদল ও কিছু বহিরাগত লোক এসে ক্যাম্পাসে অবস্থান নিলে সাধারণ শিক্ষার্থীদের সঙ্গে তাদের সংঘর্ষ বেঁধে যায়। দুই পক্ষের মধ্যে ব্যাপক ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে।
তারা বলেন, ডুয়েট একটি বিশেষায়িত প্রকৌশল বিশ্ববিদ্যালয়। তাই বিশ্ববিদ্যালয়ের স্বার্থে বহিরাগত কাউকে না এনে অভ্যন্তরীণ যোগ্য ও জ্যেষ্ঠ শিক্ষকদের মধ্য থেকেই উপাচার্য নিয়োগ দেওয়া প্রয়োজন। তাদের এ দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে বলে জানিয়েছেন তারা।
গাজীপুর মেট্রোপলিটন সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আমিনুল ইসলাম বলেন, ডুয়েটের ভাইস চ্যান্সেলর নিয়োগকে কেন্দ্র করে কয়েক দিন ধরে শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনা বিরাজ করছিল। এ অবস্থায় গতকাল শিক্ষার্থীদের দুই পক্ষের সংঘর্ষে গেটের বাইরে থাকা পুলিশ সদস্য, গাজীপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাজ্জাত হোসেন ও সাধারণ ছাত্রসহ ১৪-১৫ জন আহত হন। এ ব্যাপারে থানায় মামলার প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন তিনি।
বিশ্ববিদ্যালয় প্রশাসন এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়েছে, গতকাল নতুন ভিসি অধ্যাপক মোহাম্মদ ইকবাল বিশ্ববিদ্যালয়ে যোগদান করে তার দাফতরিক কাজ শুরু করেছেন।
ডিবিটেক/এসএ/এমআই