রাজধানীতে শুরু হলো তিন দিনব্যাপী 'বারভিডা এক্সপো ২০২৬'
জাপানি গাড়ির ৫০ বছরের ইতিহাস ও বিশেষ মূল্যছাড়ের সুযোগ
- প্রদর্শনীতে হাইব্রিড, প্লাগ-ইন হাইব্রিড, ইভি, সেডান ও এসইউভিসহ বিভিন্ন মডেলের গাড়ি তুলে ধরা হচ্ছে
- বিশেষ প্রদর্শনী ছাড়াও মেলায় থাকছে ব্যাঙ্ক ঋণ ও বিশেষ ছাড়ের সুযোগ
রাজধানীর আন্তর্জাতিক কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) বৃহস্পতিবার (৫ নভেম্বর ২০২৬) থেকে শুরু হয়েছে দেশের রিকন্ডিশন্ড গাড়ি আমদানিকারকদের শীর্ষ সংগঠন বাংলাদেশ রিকন্ডিশন্ড ভেহিকলস ইম্পোর্টার্স অ্যান্ড ডিলারস অ্যাসোসিয়েশনের (বারভিডা) একক মোটর প্রদর্শনী ‘বারভিডা এক্সপো ২০২৬’। তিন দিনব্যাপী এ আয়োজনের প্রথম দিন থেকেই গাড়িপ্রেমী ও সম্ভাব্য ক্রেতাদের উপস্থিতি লক্ষণীয় ছিল। মেলা প্রাঙ্গণে পরিবেশবান্ধব ইলেকট্রিক ভেহিকল (ইভি), হাইব্রিড, প্লাগ-ইন হাইব্রিড থেকে শুরু করে আধুনিক প্রযুক্তির সেডান, এসইউভি ও মাইক্রোবাস প্রদর্শিত হচ্ছে।
ক্রেতাদের সুবিধা দিতে মেলা উপলক্ষে অংশগ্রহণকারী ডিলার প্রতিষ্ঠানগুলো বিশেষ মূল্যছাড় ও গিফট ভাউচারের ব্যবস্থা রেখেছে। পাশাপাশি মেলা প্রাঙ্গণে উপস্থিত ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের স্টল থেকে ক্রেতারা সরাসরি স্পট কার লোন ও বিমাসংক্রান্ত সেবা নিতে পারছেন। প্রদর্শনীতে বাংলাদেশে জাপানি গাড়ির ৫০ বছরের ইতিহাস ও অটোমোবাইল প্রযুক্তির বিবর্তন নিয়ে একটি বিশেষ প্রদর্শনীও স্থান পেয়েছে।
বারভিডার ভারপ্রাপ্ত সভাপতি সাইফুল ইসলাম ও মহাসচিব রিয়াজ রহমান জানান, এ প্রদর্শনীর মাধ্যমে আমদানিকারক ও ক্রেতাদের মধ্যে সরাসরি যোগাযোগ তৈরি হচ্ছে, যা দেশের রিকন্ডিশন্ড গাড়ির বাজার ও সামগ্রিক অর্থনীতিতে ইতিবাচক প্রভাব ফেলবে। রেজিস্ট্রেশন সাপেক্ষে বিনামূল্যে প্রবেশের সুযোগ থাকা এ মেলা আগামী ৭ নভেম্বর পর্যন্ত প্রতিদিন বেলা ১১টা থেকে রাত ৮টা পর্যন্ত দর্শনার্থীদের জন্য উন্মুক্ত থাকবে।
//ডিবিটেক/বিএননএন/এসএমপি/এমভিএনও//





