চুয়েটে পরীক্ষা আয়োজন নিয়ে উপাচার্যের পোস্টের প্রতিবাদ শিক্ষার্থীদের
শিক্ষকদের উদ্যোগে পরীক্ষায় আগ্রহ, তবে কোনো ব্যক্তির কর্তৃত্ব মেনে নিতে নারাজ শিক্ষার্থীরা
- চুয়েটের পরীক্ষা আয়োজনের উদ্যোগকে স্বাগত জানালেও উপাচার্য অধ্যাপক ড. শেখ শরীফুল আলমের ফেসবুক পোস্ট ও কর্তৃত্ব প্রতিষ্ঠার প্রচেষ্টার প্রতিবাদ জানিয়েছেন শিক্ষার্থীরা
- দীর্ঘদিনের অচলাবস্থা কাটাতে শিক্ষার্থীরা নিজেরাই শিক্ষকদের কাছে পরীক্ষা আয়োজনের আবেদন করেছিলেন
- সাবেক উপাচার্য অধ্যাপক ড. আবু সাদাত মুহাম্মদ সায়েমের পুনর্বহালের দাবিতে আন্দোলন অব্যাহত রাখার ঘোষণা দিয়েছেন শিক্ষার্থীরা
চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) পরীক্ষা আয়োজন নিয়ে উপাচার্য অধ্যাপক ড. শেখ শরীফুল আলমের সাম্প্রতিক ফেসবুক পোস্ট ও বক্তব্যের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানিয়েছেন সাধারণ শিক্ষার্থীরা।
শনিবার (৭ নভেম্বর ২০২৬) প্রকাশিত এক যৌথ বিবৃতিতে শিক্ষার্থীরা জানান, তারা শিক্ষকদের উদ্যোগে পরীক্ষা দিতে আগ্রহী হলেও এর মাধ্যমে কোনো একক ব্যক্তির কৃতিত্ব বা কর্তৃত্ব প্রতিষ্ঠার প্রচেষ্টা পুরোপুরি প্রত্যাখ্যান করছেন।
বিবৃতিতে শিক্ষার্থীরা বলেন, দীর্ঘদিনের অচলাবস্থায় তাদের শিক্ষাজীবন ও পরিবারগুলো ব্যাপক ক্ষতির মুখে পড়েছে। এই সংকট থেকে উত্তরণের জন্যই তারা নিজ উদ্যোগে শিক্ষকদের কাছে পরীক্ষা আয়োজনের আবেদন জানিয়েছিলেন। ডিন, বিভাগীয় প্রধান ও সংশ্লিষ্ট শিক্ষকদের সেই আবেদনে সাড়া দেওয়াকে তাঁরা একটি দায়িত্বশীল ও নৈতিক পদক্ষেপ হিসেবে দেখছেন।
তবে এই উদ্যোগকে কোনো বিশেষ ব্যক্তির ব্যক্তিগত নেতৃত্বের সাফল্য হিসেবে প্রচার করা বা শিক্ষার্থীদের ওপর প্রশাসনিক ব্যর্থতার দায় চাপানোর তীব্র বিরোধিতা করেন তারা। এছাড়া ব্যক্তিগত বা যাচাইবিহীন ই-মেইলকে পুরো শিক্ষার্থীসমাজের সম্মিলিত মতামত হিসেবে তুলে ধরার সমালোচনা করা হয়।
শিক্ষার্থীরা আরও উল্লেখ করেন, পরীক্ষার রুটিন ও দাপ্তরিক নথি ব্যক্তিগত ফেসবুক পেজে ব্যবহার করে শিক্ষক-শিক্ষার্থীদের বিরুদ্ধে অভিযোগ তোলার ঘটনা অনভিপ্রেত। প্রাতিষ্ঠানিক যোগাযোগ মাধ্যম বাদ দিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে এ ধরনের মতপার্থক্য প্রকাশ না করার আহ্বান জানান তারা।
বিবৃতিতে স্পষ্ট করা হয় যে, শিক্ষাজীবন সচল রাখতে তারা শিক্ষকদের তত্ত্বাবধানে পরীক্ষা দিতে প্রস্তুত, তবে কোনো ব্যক্তির কর্তৃত্বের শর্তে নয়। একই সাথে পরীক্ষা আয়োজনকারী শিক্ষকদের বিরুদ্ধে কোনো ধরনের শাস্তিমূলক ব্যবস্থা না নেওয়ার আহ্বান জানিয়ে শিক্ষার্থীরা সাবেক উপাচার্য অধ্যাপক ড. আবু সাদাত মুহাম্মদ সায়েমের পুনর্বহালের দাবিতে তাদের আন্দোলন চালিয়ে যাওয়ার দৃঢ় অবস্থান পুনর্ব্যক্ত করেন।
//ডিবিটেক/মো: রাকিব হাসান/এসএমই/এসএমপি//





