পোরশেতে আরও ৪ হাজার কর্মী ছাঁটাইয়ের আশঙ্কা
বিলাসবহুল স্পোর্টস কার ব্র্যান্ড ‘পোরশে’তে আরও প্রায় ৪,১০০ কর্মী ছাঁটাইয়ের প্রস্তাব করেছে এর মূল মালিকানা প্রতিষ্ঠান ফোক্সওয়াগেন। জার্মানির প্রভাবশালী ব্যবসায়িক দৈনিক ‘হ্যান্ডেলসব্ল্যাট’-এর এক বিশেষ প্রতিবেদনে এই চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে।
ফোক্সওয়াগেনের পরিচালনা পর্ষদের অভ্যন্তরীণ নথির বরাত দিয়ে জানানো হয়, প্রতিষ্ঠানের বার্ষিক পরিচালন ব্যয়ে প্রায় ৭০০ মিলিয়ন ইউরো (প্রায় ৮০৩.৮ মিলিয়ন ডলার) ঘাটতি মেটাতে ও সামগ্রিক পুনর্গঠন পরিকল্পনা বাস্তবায়নে এই নতুন সিদ্ধান্ত নেওয়া হচ্ছে। এই প্রস্তাব কার্যকর হলে তা পোরশের পূর্বে ঘোষিত কর্মী ছাঁটাই কর্মসূচির অতিরিক্ত হিসেবে যুক্ত হবে।
পোরশের সার্বিক কর্মসংস্থানে বড় ধাক্কা
এর আগে গত জুলাই মাসে পোরশে ব্যবস্থাপনা কর্তৃপক্ষ ও শ্রমিক প্রতিনিধিদের মধ্যে এক চুক্তির মাধ্যমে পূর্বের ৪,০০০ কর্মীর পাশাপাশি আরও ৫,০০০ কর্মী ছাঁটাইয়ে সমঝোতা হয়েছিল। সেই পরিকল্পনা অনুযায়ী, ২০৩৫ সালের মধ্যে বিখ্যাত ‘৯১১’ মডেলের এই গাড়ি প্রস্তুতকারক প্রতিষ্ঠানের প্রতি পাঁচজন কর্মীর মধ্যে একজনকে চাকরি হারানোর তালিকায় রাখা হয়।
নতুন করে আরও ৪,১০০ কর্মী ছাঁটাই করা হলে প্রতিষ্ঠানটির জনবলে বড় ধরনের বিপর্যয় নেমে আসবে। তবে ফোক্সওয়াগেন কেবল এই সিদ্ধান্ত কার্যকর করার সুপারিশ পাঠাতে পারে, পোরশে কর্তৃপক্ষের ওপর তা সরাসরি বাস্তবায়নের আইনি বাধ্যবাধকতা নেই।
চীনা বাজারে ধস ও ইভি কৌশলে রূপান্তর
চলতি বছরের জন্য নিজেদের মুনাফার লক্ষ্যমাত্রা ৪.০-৫.৫ শতাংশ থেকে কমিয়ে সর্বোচ্চ ১ শতাংশে পুনর্নির্ধারণ করেছে ফোক্সওয়াগেন। পোরশের মূলধন পুনঃমূল্যায়ন বা রাইটডাউনের কারণেই মূল গ্রুপকে এই বড় ধরনের আর্থিক লোকসান গুণতে হচ্ছে।
বিশ্ববাজারে, বিশেষ করে চীনের বাজারে পোরশের গাড়ি বিক্রি আশঙ্কাজনক হারে কমে যাওয়া এবং বৈদ্যুতিক যান (ইভি) নির্মাণ কৌশলে বিপুল অর্থ ব্যয়ের পর তা পুনর্মূল্যায়ন করতে গিয়ে চাপে পড়েছেন প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী মাইকেল লাইটার্স।
এই কঠিন পরিস্থিতিতে প্রতিষ্ঠানটিকে আর্থিক ক্ষতি থেকে বাঁচিয়ে আবার প্রতিযোগিতায় ফেরাতেই এমন কঠোর পদক্ষেপের কথা ভাবছে ফোক্সওয়াগেন।
ডিবিটেক/বিএমটি । সূত্র: রয়টার্স





