যানজট ও সড়ক দুর্ঘটনা নিয়ন্ত্রণে পরিচালনা ও নিয়ন্ত্রণের সমন্বিত নির্দেশিকা চূড়ান্ত করছে সরকার

ব্যাটারিচালিত রিকশা-ইজিবাইকে আসছে জাতীয় নীতিমালা

ব্যাটারিচালিত রিকশা ও ইজিবাইকের পরিচালনা ও নিয়ন্ত্রণে একটি সমন্বিত নীতিমালা ও নির্দেশিকা প্রণয়নের কাজ করছে সরকার। সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম জানিয়েছেন, এ যানবাহন ব্যবস্থাপনায় কার্যকর পদ্ধতি নির্ধারণে পরীক্ষামূলক কার্যক্রম চলছে এবং শিগগিরই সংশ্লিষ্ট নির্দেশনা জারি করা হবে।

ব্যাটারিচালিত রিকশা-ইজিবাইকে আসছে জাতীয় নীতিমালা
১৩ জুলাই, ২০২৬ ১৯:০৯  

দেশজুড়ে ব্যাটারিচালিত রিকশা ও ইজিবাইকের পরিচালনা ও নিয়ন্ত্রণে একটি নির্দিষ্ট ও সমন্বিত নীতিমালা প্রণয়নের উদ্যোগ নিয়েছে সরকার। যানজট ও সড়ক দুর্ঘটনা কমাতে এসব যানবাহনের ব্যবস্থাপনা ও নিয়ন্ত্রণের কার্যকর পদ্ধতি নির্ধারণে পরীক্ষামূলক কার্যক্রম চলছে।

১৩ জুলাই, সোমবার জাতীয় সংসদের ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম বাজেট অধিবেশনের ২৩তম কার্যদিবসে সম্পূরক প্রশ্নের জবাবে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম এ তথ্য জানান।

মন্ত্রী বলেন, রাজধানী ঢাকাসহ দেশের যোগাযোগ ব্যবস্থা আধুনিক ও বহুমাত্রিক করে তোলার লক্ষ্যে সরকার কাজ করছে। ব্যাটারিচালিত রিকশা ও ইজিবাইকের ব্যবস্থাপনায় কার্যকর পদ্ধতি নির্ধারণে চলমান পরীক্ষার ফলাফল পর্যালোচনা করে শিগগিরই একটি নির্দিষ্ট নীতিমালা ও নির্দেশনা জারি করা হবে।

এর আগে সংসদ সদস্য শওকত আরা আক্তার কার্যপ্রণালি বিধির ৭১ বিধিতে জরুরি জনস্বার্থে নোটিশ দিয়ে পরিবেশবান্ধব বা বৈদ্যুতিক জ্বালানিনির্ভর গণপরিবহনে রূপান্তরের উদ্যোগ জোরদারের আহ্বান জানান। তিনি বলেন, বৈশ্বিক উষ্ণায়নের প্রভাবে বাংলাদেশ ক্রমবর্ধমান তাপমাত্রা, প্রাকৃতিক দুর্যোগ এবং কৃষি উৎপাদনে বিরূপ প্রভাবের মতো নানা ঝুঁকির মুখে রয়েছে।

তিনি জানান, দেশে পরিবহন খাত থেকে বছরে প্রায় ১ কোটি ১৬ লাখ টন কার্বন ডাই-অক্সাইড নির্গত হয়, যার বড় অংশই ডিজেলচালিত বাস ও ট্রাক থেকে আসে। এ পরিস্থিতিতে বৈদ্যুতিক যানবাহনের জন্য বিদ্যুৎ উৎপাদন বৃদ্ধি এবং সংকুচিত প্রাকৃতিক গ্যাস, তরলীকৃত প্রাকৃতিক গ্যাস, সবুজ হাইড্রোজেন ও সৌরশক্তির ব্যবহার বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন তিনি।

শওকত আরা আক্তার বলেন, ব্যাটারিচালিত অটোরিকশার অনিয়ন্ত্রিত চলাচল যানজট ও দুর্ঘটনার কারণ হলেও কম খরচ, তুলনামূলক দ্রুত চলাচল এবং চালকদের শ্রম কম লাগার কারণে এসব যান যাত্রী ও চালকদের কাছে জনপ্রিয়। তিনি এসব যান নিষিদ্ধ না করে একটি নির্দিষ্ট কর্তৃপক্ষের অধীনে মানসম্মত ব্যবস্থাপনায় আনার বিষয়ে সরকারের পরিকল্পনা জানতে চান।

জবাবে মন্ত্রী বলেন, নগর এলাকায় এসব যানবাহনের ব্যবস্থাপনার দায়িত্ব মূলত সিটি করপোরেশন ও ট্রাফিক বিভাগের অধীনে থাকলেও সরকার সমন্বিত সমাধান নিয়ে কাজ করছে। শিগগিরই ব্যাটারিচালিত যানবাহনের পরিচালনা ও নিয়ন্ত্রণে একটি নির্দিষ্ট নীতিমালা জারি করা হবে, যা স্থানীয় প্রশাসন ও সংশ্লিষ্ট সংস্থাগুলোর জন্য সমন্বিত কর্মপদ্ধতি হিসেবে কাজ করবে।
//ডিবিটেক/এমএআর/এসআই//