বিল্ট-ইন ফ্যানসহ স্মার্টফোন আনছে শাওমি!

বিল্ট-ইন ফ্যানসহ স্মার্টফোন আনছে শাওমি!
১১ জানুয়ারি, ২০২৬ ২০:০০  

চীনের স্মার্টফোন বাজারে সক্রিয় কুলিং ফ্যানযুক্ত ডিভাইসের জনপ্রিয়তা বাড়তে থাকায় এবার সেই পথে হাঁটতে যাচ্ছে শাওমি। চীনা সামাজিক যোগাযোগমাধ্যম উইবোতে পরিচিত সূত্র ডিজিটাল চ্যাট স্টেশনের তথ্য অনুযায়ী, শাওমি বর্তমানে বিল্ট-ইন ফ্যানসহ একটি নতুন স্মার্টফোনের ওপর কাজ করছে। খবর জিএসএম এরিনা।

প্রতিবেদন অনুযায়ী, ডিভাইসটিতে ব্যবহার করা হবে মিডিয়াটেকের ডাইমেনসিটি ৯৫০০ প্রসেসর। এতে থাকবে ‘১.৫কে’ রেজুলেশনের ডিসপ্লে এবং অত্যন্ত উচ্চ রিফ্রেশ রেট, যদিও নির্দিষ্ট হার উল্লেখ করা হয়নি। 

ফোনটির ক্যামেরা আইল্যান্ডের মধ্যেই ফ্যানটি বসানো হবে, যা পারফরম্যান্সের সময় তাপ নিয়ন্ত্রণে সহায়ক হবে। 

উল্লেখযোগ্য বিষয় হলো, ফ্যান থাকা সত্ত্বেও ডিভাইসটি ধুলা ও পানিরোধী আইপি৬৮ সনদ পাবে বলে দাবি করা হচ্ছে।

ধারণা করা হচ্ছে, এটি হতে পারে আসন্ন রেডমি কে৯০ আলট্রা মডেল। আগের গুজব অনুযায়ী, এই ফোনে ৬.৮ ইঞ্চির এলটিপিএস ওএলইডি ডিসপ্লে, ১৬৫ হার্টজ রিফ্রেশ রেট, ধাতব ফ্রেম, আল্ট্রাসনিক ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এবং কমপক্ষে ৮,০০০ মিলিঅ্যাম্পিয়ার ঘণ্টার ব্যাটারি থাকতে পারে। 

নতুন এই কুলিং প্রযুক্তি গেমিং ও উচ্চ পারফরম্যান্স ব্যবহারে শাওমির ফোনকে আরও আকর্ষণীয় করে তুলতে পারে।

ডিবিটেক/বিএমটি