অ্যামাজনের ডিভাইসের দাম ৬০ শতাংশ পর্যন্ত বৃদ্ধি

অ্যামাজনের ডিভাইসের দাম ৬০ শতাংশ পর্যন্ত বৃদ্ধি
২৫ আগষ্ট, ২০২৬ ০৯:৪৯  

বিশ্বজুড়ে মেমোরি ও স্টোরেজ যন্ত্রাংশের তীব্র সংকটের কারণ দেখিয়ে নিজেদের তৈরি হার্ডওয়্যার পণ্যের দাম একলাফে ৬০ শতাংশ পর্যন্ত বাড়িয়ে দিয়েছে মার্কিন প্রযুক্তি জায়ান্ট অ্যামাজন। হুট করে এই বিপুল পরিমাণ দাম বৃদ্ধির ফলে অ্যামাজনের ফায়ার টিভি, ইকো স্পিকার, কিন্ডল ই-রিডার এবং ইরো রাউটারের মতো জনপ্রিয় ডিভাইসগুলো কিনতে গ্রাহকদের এখন অনেক বেশি অর্থ গুনতে হবে। 

বাজার বিশ্লেষণকারী ওয়েবসাইটগুলোর তথ্য অনুযায়ী, অ্যামাজনের সবচেয়ে জনপ্রিয় ও সাশ্রয়ী স্মার্ট স্পিকার ‘ইকো ডট’- এর দাম ৪৯.৯৯ ডলার থেকে একলাফে বেড়ে দাঁড়িয়েছে ৭৯.৯৯ ডলারে।

অ্যামাজনের ব্যাখ্যা ও বৈশ্বিক মেমোরি সংকট
হুট করে দাম বাড়ানোর বিষয়ে এক বিবৃতিতে অ্যামাজন জানিয়েছে, বিশ্বজুড়ে কনজিউমার ইলেকট্রনিক্স শিল্প বর্তমানে মেমোরি ও স্টোরেজ যন্ত্রাংশের অতিরিক্ত মূল্যবৃদ্ধির মুখোমুখি হয়েছে। প্রতিষ্ঠানটি এতদিন নিজেদের পক্ষ থেকে এই বাড়তি খরচের ধাক্কা সামলে নেওয়ার চেষ্টা করলেও শেষ পর্যন্ত বাধ্য হয়ে সব ধরনের পণ্যের দাম পুনর্নির্ধারণ করতে হয়েছে। 

তবে আগামী এক বছর গ্রাহকদের জন্য মাঝে মাঝে বিশেষ ছাড়ের সুযোগ বহাল রাখা হবে বলেও জানানো হয়। কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির ব্যাপক প্রসারের কারণে মেমরি চিপের এই অভূতপূর্ব বৈশ্বিক সংকট তৈরি হয়েছে, যাকে প্রযুক্তি খাত এখন ‘র‍্যামাগেডন’ হিসেবে আখ্যা দিচ্ছে।

গ্রাহকদের ভোগান্তি ও প্রযুক্তিবাজারের ভবিষ্যৎ
উৎপাদন খরচ বেড়ে যাওয়ায় বর্তমানে যেকোনো ধরনের কারিগরি বা হার্ডওয়্যার পণ্য কেনার ক্ষেত্রে গ্রাহকদের কঠিন পরিস্থিতির মুখোমুখি হতে হচ্ছে। অ্যামাজনের আগে অপর প্রযুক্তি প্রতিষ্ঠান অ্যাপলও তাদের বিভিন্ন ডিভাইসের দাম বাড়িয়েছে। মূলত বাড়তি মূল্যের চাপ কমাতে অ্যাপল কিস্তিতে পণ্য ব্যবহারের সুবিধা বা ‘ডিভাইস-লিসিং প্রোগ্রাম’ চালু করতে বাধ্য হয়েছে। 

প্রযুক্তি বিশ্লেষকদের মতে, এআই প্রযুক্তির চাহিদা বাড়তে থাকায় মেমরির এই সংকট ২০২৭ সাল পর্যন্ত অব্যাহত থাকতে পারে এবং ২০২৮ সালের দিকে গিয়ে বাজার আবার স্থিতিশীল হওয়ার সম্ভাবনা রয়েছে।

ডিবিটেক/বিএমটি   ।   সূত্র: টেকক্রাঞ্চ