রোবট ফোন ও ম্যাজিক৯ প্রো প্রদর্শন

অনার কানেক্টে এআই ভিত্তিক ইকোসিস্টেম উন্মোচন

  • ঢাকায় ‘অনার কানেক্ট’ অনুষ্ঠানে এআই প্রযুক্তির কানেক্টেড ইকোসিস্টেম উন্মোচন
  • সিনেমা ক্যামেরা নির্মাতা অ্যারির প্রযুক্তিতে তৈরি ‘ম্যাজিক৯ প্রো’ ও ‘রোবট ফোন’ প্রদর্শিত
  • বাংলাদেশে স্থানীয়ভাবে তৈরি মানসম্মত গ্যাজেট ও ল্যাপটপ-টিভি আনার ঘোষণা স্মার্ট টেকনোলজিসের

অনার কানেক্টে এআই ভিত্তিক ইকোসিস্টেম উন্মোচন
৩০ সেপ্টেম্বর, ২০২৬ ১১:১০  

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) এবং কানেক্টেড প্রযুক্তির সমন্বয়ে স্মার্টফোনের গণ্ডি পেরিয়ে বিস্তৃত ইকোসিস্টেম গড়ার লক্ষ্য নিয়ে ঢাকায় ‘অনার কানেক্ট’ অনুষ্ঠানের আয়োজন করেছে অনার বাংলাদেশ। ইউসিবি কনভেনশন সেন্টারে ২৯ সেপ্টেম্বর মঙ্গলবার আয়োজিত এই অনুষ্ঠানে ব্র্যান্ডটির নতুন ‘ডেয়ার টু বি’ দর্শন, নতুন লোগো এবং দেশে প্রথমবারের মতো ‘রোবট ফোন’ প্রদর্শনের মাধ্যমে প্রযুক্তি প্রেমীদের নজর কাড়া হয়।

অনুষ্ঠানে জানানো হয়, বিশ্বখ্যাত সিনেমা ক্যামেরা নির্মাতা ‘অ্যারি’ (ARRI)-র সমন্বয়ে তৈরি ফ্ল্যাগশিপ ফোন ‘ম্যাজিক৯ প্রো’ আগামী মাসে বাংলাদেশের বাজারে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করবে। ২৮ সেপ্টেম্বর আন্তর্জাতিকভাবে উন্মোচিত এই প্রযুক্তি নিয়ে আলোকপাত করেন বিশিষ্ট চলচ্চিত্র নির্মাতা রায়হান রফী এবং চিত্রগ্রাহক সুমন সরকার।

অনার সাউথ ইস্ট এশিয়া অঞ্চলের জিটিএম ডিরেক্টর লিও পেই জানান, অনার এখন কেবল স্মার্টফোন ব্র্যান্ড নয়; বরং ফোন, ট্যাবলেট, পরিধানযোগ্য গ্যাজেট, ল্যাপটপ ও টিভিকে একটি সমন্বিত ইকোসিস্টেমে যুক্ত করার কাজ করছে। অনার বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার ল্যাং গু জানান, সাধারণ মানুষের দৈনন্দিন জীবনের চাহিদা পূরণে সহজ টেকসই প্রযুক্তি পরিবেশনই তাদের লক্ষ্য।

স্মার্ট টেকনোলজিস (বিডি) লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ জহিরুল ইসলাম জানান, বাংলাদেশে অনারের স্থানীয় উৎপাদন বিশ্বমানের কারখানার সমকক্ষ এবং পর্যায়ক্রমে আরও বিভিন্ন গ্যাজেট বাজারে আনা হবে। অনারের বিজনেস প্রধান আবদুল্লাহ আল মামুন এবং প্রোডাক্ট ও মার্কেটিং প্রধান সৈয়দ মো. বদরুল আরিফিন অনুষ্ঠানে বক্তব্য দেন।

অনুষ্ঠানের এক্সপেরিয়েন্স জোনে রোবট ফোনের পাশাপাশি ফোল্ডেবল ‘ম্যাজিক ভি৬’, বিভিন্ন সিরিজের স্মার্টফোন, ইয়ারবাডস, স্মার্টওয়াচ এবং ৩২ থেকে ১০০ ইঞ্চির আগামী দিনের টিভি ও ল্যাপটপ প্রদর্শন করা হয়। রোবট ফোনের ক্যামেরা প্রসঙ্গে নির্মাতা রায়হান রফী জানান, স্বয়ংক্রিয় ট্র্যাকিং ও সুবিধাজনক আকারের কারণে এটি দিয়ে চমৎকার পরীক্ষামূলক কাজ করা সম্ভব।

//ডিবিটেক/এনএপি/এসএমপি/বিভিএন//