শিক্ষার্থীদের মধ্যে ৪০ হাজার বই বিতরণের উদ্যোগ; কুইজ প্রতিযোগিতার মাধ্যমে পাঠাভ্যাস ও সৃজনশীলতা বিকাশে জোর

বিকাশ–বিশ্বসাহিত্য কেন্দ্রের বইপড়া কর্মসূচি ফরিদপুর-মাদারীপুরে সম্প্রসারণ

বিকাশ–বিশ্বসাহিত্য কেন্দ্রের বইপড়া কর্মসূচি ফরিদপুর-মাদারীপুরে সম্প্রসারণ
২ জুলাই, ২০২৬ ১০:৪৮  

স্কুল শিক্ষার্থীদের মধ্যে বই পড়ার অভ্যাস গড়ে তোলা এবং সৃজনশীল চিন্তার বিকাশে বিকাশ ও বিশ্বসাহিত্য কেন্দ্রের যৌথ উদ্যোগে পরিচালিত বইপড়া কর্মসূচি এবার ফরিদপুর ও মাদারীপুর জেলায় সম্প্রসারণ করা হয়েছে। এ কর্মসূচির আওতায় চলতি বছর দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ৪০ হাজার বই বিতরণ করা হবে।

সম্প্রতি ফরিদপুর ও মাদারীপুরের ১১টি স্কুলের শিক্ষার্থীদের হাতে বই তুলে দেওয়া হয়। এ উপলক্ষে ফরিদপুর শিশু একাডেমি মিলনায়তন এবং মাদারীপুর জেলা শিল্পকলা একাডেমিতে পৃথক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

ফরিদপুরে জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মাজহারুল ইসলাম এবং মাদারীপুরে জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মর্জিনা আক্তার শিক্ষার্থীদের হাতে বই তুলে দেন। অনুষ্ঠানে বিশ্বসাহিত্য কেন্দ্রের নির্বাহী পরিচালক খোন্দকার মো. আসাদুজ্জামান এবং বিকাশের হেড অব রেগুলেটরি অ্যান্ড কর্পোরেট অ্যাফেয়ার্স হুমায়ুন কবিরসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

কর্মসূচির অংশ হিসেবে ষষ্ঠ থেকে দশম শ্রেণির শিক্ষার্থীদের জন্য সমসাময়িক বিষয়ভিত্তিক কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়। পরে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।

পাঠ্যবইয়ের বাইরের জ্ঞানচর্চা, কল্পনাশক্তি ও মানবিক মূল্যবোধ বিকাশের লক্ষ্য নিয়ে বিশ্বসাহিত্য কেন্দ্র দীর্ঘদিন ধরে দেশব্যাপী বইপড়া কর্মসূচি পরিচালনা করছে। এই উদ্যোগকে আরও বিস্তৃত করতে ২০১৪ সাল থেকে সহযোগী হিসেবে যুক্ত রয়েছে বিকাশ।

আয়োজকদের তথ্য অনুযায়ী, এ পর্যন্ত এই কর্মসূচির আওতায় দেশজুড়ে ৪ লাখের বেশি বই বিতরণ করা হয়েছে। এর মাধ্যমে প্রায় ৩ হাজার শিক্ষা প্রতিষ্ঠানের ৩৪ লাখের বেশি শিক্ষার্থী উপকৃত হয়েছে।

//ডিবিটেক/এমআই/ইকে//