দেশের সব ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে জরুরি চিঠি; ৩০ মিনিটের মধ্যে লেনদেন বিবরণী ও কেওয়াইসি তথ্য পাঠানোর নির্দেশ
সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাব তলব করেছে বিএফআইইউ
দেশের জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের বিস্তারিত তথ্য তলব করেছে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ)। ৩০ সেপ্টেম্বর, বুধবার দেশের সব ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে এ সংক্রান্ত একটি জরুরি চিঠি পাঠানো হয়েছে। চিঠিতে আধা ঘণ্টার মধ্যে তাঁর অ্যাকাউন্টের কেওয়াইসি, লেনদেন বিবরণী ও সংশ্লিষ্ট নথি পাঠানোর নির্দেশনা দেওয়া হয়।
দেশের আলোচিত ও জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাব তলব করেছে কেন্দ্রীয় ব্যাংকের আর্থিক গোয়েন্দা সংস্থা বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ)।
৩০ সেপ্টেম্বর, বুধবার বিএফআইইউ থেকে দেশের পরিচালিত সব তফসিলি ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে এই সংক্রান্ত একটি জরুরি নির্দেশনামূলক চিঠি পাঠানো হয়। বিএফআইইউ সূত্রে একাধিক ব্যাংক কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেছেন।
ব্যাংকগুলোতে পাঠানো চিঠিতে উল্লেখ করা হয়েছে, চিঠি প্রাপ্তির ৩০ মিনিটের মধ্যে সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের যাবতীয় তথ্য, হিসাব খোলার ফরম, নো ইউর কাস্টমার (কেওয়াইসি) নথি এবং শুরু থেকে হালনাগাদ লেনদেন বিবরণীসহ সংশ্লিষ্ট সমস্ত নথিপত্র প্রস্তুত করে বিএফআইইউতে পাঠাতে হবে।
এর আগে গত শনিবার (২৬ সেপ্টেম্বর) রাতে রাজধানীর ধানমন্ডিতে সালমান মুক্তাদিরের ‘ব্রাউন ফিশ’ স্টুডিওতে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটেছিল। ওই ঘটনায় আইনশৃঙ্খলা বাহিনী তাৎক্ষণিকভাবে অভিযান চালিয়ে কয়েকজনকে আটক করে। পরবর্তীতে সোমবার (২৮ সেপ্টেম্বর) প্রকাশিত এক ভিডিও বার্তায় সালমান জানান, অনাকাঙ্ক্ষিত এই ঘটনার জন্য তিনি কারও কাছ থেকে কোনো ক্ষতিপূরণ বা অর্থ দাবি করছেন না। স্টুডিও ভাঙচুরের ঘটনার পরপরই আর্থিক গোয়েন্দা সংস্থার পক্ষ থেকে তাঁর ব্যাংক হিসাবের বিস্তারিত তথ্য নেওয়ার এই উদ্যোগ এলো।
//ডিবিটেক/ডিজেএনও/এসএমই/ডিপিও//





