রাজনৈতিক ট্যাগিংয়ে ক্ষুব্ধ শিক্ষার্থীরা
সায়েমের ৫৬ দিন স্মরণে চুয়েটে মুখোশ মিছিল
- সায়েমকে পুনর্বহালের দাবিতে অষ্টম দিনের কর্মসূচি পালন
- ছবি-সম্বলিত মুখোশ পরে মিছিলে অংশ নেন শিক্ষার্থীরা
- হুমকি ও রাজনৈতিক ট্যাগিংয়ের অভিযোগ আন্দোলনকারীদের
চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) অধ্যাপক ড. আবু সাদাত মুহাম্মদ সায়েমকে উপাচার্য হিসেবে পুনর্বহালের দাবিতে আন্দোলনের অষ্টম দিনে ভিন্নধর্মী ‘মুখোশ মিছিল’ করেছেন আন্দোলনরত শিক্ষার্থীরা। অধ্যাপক সায়েমের ৫৬ দিন স্মরণে আয়োজিত এ কর্মসূচিতে তার ছবি-সম্বলিত মুখোশ পরে শিক্ষার্থীরা অংশ নেন এবং নিজেদের শিক্ষার্থী পরিচয়পত্র উঁচিয়ে ধরে দাবিটির সঙ্গে তাদের সম্পৃক্ততা তুলে ধরেন।
২৯ সেপ্টেম্বর, মঙ্গলবার দুপুর আড়াইটায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণ থেকে মিছিলটি শুরু হয়। পরে এটি বিশ্ববিদ্যালয়ের চিকিৎসাকেন্দ্র সংলগ্ন সড়ক প্রদক্ষিণ করে স্বাধীনতা চত্বর ঘুরে আবার শহীদ মিনার প্রাঙ্গণে এসে শেষ হয়।
মিছিল চলাকালে শিক্ষার্থীরা ‘তুমি কে, আমি কে—সায়েম স্যার, সায়েম স্যার’, ‘একটি নাম, একটি সুর—সায়েম স্যার, সায়েম স্যার’ এবং ‘মোদের দাবি একটাই, সায়েম স্যারকে ভিসি চাই’সহ বিভিন্ন স্লোগান দেন।
মিছিলে অংশ নেওয়া পুরকৌশল বিভাগের শিক্ষার্থী মৌমিতা দত্ত প্রিয়া বলেন, "আমরা সায়েম স্যারকে যে ভিসি হিসেবে পুনর্বহাল চাচ্ছি সেটার পক্ষে আজকে আমরা মুখোশ মিছিলের আয়োজন করেছি। এই মুখোশটা বার্তা দেয় যে আমাদের প্রতিটা শিক্ষার্থী, যেহেতু আমরা সবাই মনে করি যে আমরা সবাই আসলে সায়েম স্যার এবং সায়েম স্যারকে ভিসি হিসেবে পাওয়া হচ্ছে যে আমাদের অন্যতম দাবি। তো সেই দাবির পরিপ্রেক্ষিতেই আমরা হচ্ছে যে এই মুখোশটি নিয়ে আজকে মিছিল করেছি। শিক্ষার্থীরা তাদের আইডি কার্ডসহ এই মুখোশ মিছিলে অংশ নিয়ে এটা প্রমাণ করেছে যে আমাদের দাবিটা সম্পূর্ণ স্টুডেন্টদের, শিক্ষকদের এবং সকল চুয়েটিয়ানের একমাত্র দাবি।"
এদিকে কর্মদিবস হলেও মঙ্গলবার চুয়েটে ক্লাস ও পরীক্ষা বন্ধ রয়েছে। শিক্ষকরা সকাল ১১টা থেকে তালাবদ্ধ উপাচার্য ভবনের সামনে অবস্থান কর্মসূচির মাধ্যমে কর্মবিরতি পালন করছেন। পূর্বঘোষণা অনুযায়ী কর্মকর্তা ও কর্মচারী সমিতির সদস্যরাও কর্মবিরতিতে রয়েছেন।
এর আগে আন্দোলনকারী শিক্ষক ও শিক্ষার্থীদের বিভিন্ন মহল থেকে হুমকি ও ভয়ভীতি প্রদর্শনের অভিযোগ ওঠে। এর প্রতিবাদে সোমবার মধ্যরাতে চুয়েটের স্বাধীনতা চত্বরে শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল করেন।
এ বিষয়ে কম্পিউটার বিজ্ঞান ও কৌশল বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী ফাইজুল কবির আবরার বলেন, ""আমাদের ভিসি পুনর্বহালের এই আন্দোলনকে কেন্দ্র করে দেখা যাচ্ছে যে বিভিন্ন মহল আমাদেরকে হুমকি-ধমকি দিচ্ছে। এই হুমকি-ধমকির প্রতিবাদেই আমরা গতকালকে বিক্ষোভ মিছিল বের করেছি, যেখানে অনেক ছাত্রের উপস্থিতি লক্ষ্য করা গিয়েছে। আরেকটি মহল তারা আমাদেরকে বিভিন্ন ধরনের রাজনৈতিক ট্যাগিং দিচ্ছে। আমরা জুলাই পরবর্তী সময়ে আশা করেছিলাম যে আমাদেরকে এই ট্যাগিংয়ের শিকার হতে হবে না। কিন্তু দেখা যাচ্ছে যে যখনই আমরা কোনো যৌক্তিক দাবি-দাওয়া নিয়ে, ভিসি পুনর্বহালের মতো দাবি-দাওয়া নিয়ে যখন আমরা আসতেছি, আমাদেরকে বিভিন্ন ট্যাগিংয়ের শিকার হতে হচ্ছে।"
আন্দোলনকারীদের ভাষ্য অনুযায়ী, উপাচার্য পুনর্বহালের দাবিতে শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষার্থীদের কর্মসূচি অব্যাহত রয়েছে। এর ফলে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কার্যক্রম স্থবির হয়ে পড়েছে এবং ক্লাস-পরীক্ষা বন্ধ রয়েছে।
//ডিবিটেক/তানভির আহমদ/এসএমই/এমআইএস//





