গণিত ও বিজ্ঞানে লড়বে বাংলাদেশ

আইএমএসওতে বাংলাদেশের ১৬ খুদে বিজ্ঞানী

  • আন্তর্জাতিক অলিম্পিয়াডে গণিত ও বিজ্ঞানে ১৬ শিক্ষার্থী অংশ নেবে
  • ৬ দিনব্যাপী প্রতিযোগিতা বসছে ইন্দোনেশিয়ার দীপকে
  • গতবার বাংলাদেশের ১২ প্রতিযোগীই পদক জিতেছিল

আইএমএসওতে বাংলাদেশের ১৬ খুদে বিজ্ঞানী
২৯ সেপ্টেম্বর, ২০২৬ ১৬:৩৯  

গণিত, বিজ্ঞান, প্রোগ্রামিং, দাবা ও রুবিকস কিউবের মতো বিষয়ে আগ্রহী ১৬ খুদে শিক্ষার্থী এবার আন্তর্জাতিক মঞ্চে বাংলাদেশের প্রতিনিধিত্ব করতে যাচ্ছে। আগামী ২ থেকে ৭ অক্টোবর ইন্দোনেশিয়ার পশ্চিম জাভার দীপক শহরে বসছে আন্তর্জাতিক গণিত ও বিজ্ঞান অলিম্পিয়াডের (IMSO) ২৩তম আসর। এতে বাংলাদেশের গণিত দলে আটজন এবং বিজ্ঞান দলে আটজন শিক্ষার্থী অংশ নেবে।

রাজধানীর বাংলামোটরে বিশ্বসাহিত্য কেন্দ্রে ২৯ সেপ্টেম্বর,মঙ্গলবার অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে বাংলাদেশ দলের সদস্যদের পরিচয় করিয়ে দেওয়া হয়। লিখিত বক্তব্য পাঠ করেন বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্ক (বিডিওএসএন) ও বাংলাদেশ বিজ্ঞান জনপ্রিয়করণ সমিতির (এসপিএসবি) সভাপতি মুনির হাসান।

মুনির হাসান বলেন, “গত বছর প্রথমবার অংশ নিয়েই আমাদের ১২ জন শিক্ষার্থীর সবাই পদক জিতেছিল। এবার দল বড় হয়েছে, প্রস্তুতিও গভীর হয়েছে। প্রাথমিক পর্যায়েই গণিত ও বিজ্ঞানের প্রতি ভালোবাসা তৈরি করতে পারলে, সেটিই একদিন দেশের সবচেয়ে বড় সম্পদ হয়ে উঠবে।”

সংবাদ সম্মেলনে জানানো হয়, প্রাথমিকের শিক্ষার্থীদের গণিত ও বিজ্ঞানে আগ্রহী করে তুলতে গত বছর বাংলাদেশ গণিত ও বিজ্ঞান অলিম্পিয়াড (বিডিএমএসও) যাত্রা শুরু করে। এ বছর দ্বিতীয়বারের মতো আয়োজন করা হয় প্রতিযোগিতাটি। গত ৮ আগস্ট ঢাকা, চট্টগ্রাম, সিলেট ও রংপুরে একযোগে জাতীয় পর্বে প্রায় ৮০০ শিক্ষার্থী অংশ নেয়। বিজয়ীদের নিয়ে ১১ থেকে ২০ আগস্ট জাতীয় অনলাইন ক্যাম্প অনুষ্ঠিত হয়। এরপর ২১ ও ২২ আগস্ট গণিত ও বিজ্ঞানের দল নির্বাচনী পরীক্ষার মাধ্যমে চূড়ান্ত ১৬ জন নির্বাচন করা হয়। নির্বাচিত শিক্ষার্থীদের জন্য ১৫ থেকে ১৮ সেপ্টেম্বর ঢাকায় আবাসিক প্রস্তুতিমূলক ক্যাম্প আয়োজন করা হয়। সেখানে হাতেকলমে পরীক্ষাগার অনুশীলন ও সমস্যা সমাধানের মাধ্যমে আন্তর্জাতিক প্রতিযোগিতার জন্য প্রস্তুতি নেয় তারা।

বিজ্ঞান দলের মেন্টর মিম নাজ রহমান বলেন, “ক্যাম্পে আমরা মুখস্থ নয়, ভাবতে শেখানোর ওপর জোর দিয়েছি। পরীক্ষাগারে নিজের হাতে এক্সপেরিমেন্ট করতে গিয়ে ওদের চোখে যে আগ্রহ দেখেছি, সেটাই আমাদের সবচেয়ে বড় পাওয়া।”

দলের সদস্যরা প্রথমবার দেশের বাইরে গিয়ে বিশ্বের বিভিন্ন দেশের সমবয়সী প্রতিযোগীদের সঙ্গে অংশ নেওয়ার সুযোগ নিয়ে উচ্ছ্বসিত। বিজ্ঞান দলের সদস্য তাহমিদ হাসান বলেন, “প্রথমবার দেশের বাইরে গিয়ে অন্য দেশের প্রতিযোগীদের সঙ্গে পরীক্ষা দেব। একটু ভয় লাগছে, কিন্তু আনন্দ তার চেয়ে অনেক বেশি। দেশের জন্য পদক আনতে চাই।”

সন্তানের আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশগ্রহণ নিয়ে অভিভাবকেরাও উচ্ছ্বসিত। দলের সর্বকনিষ্ঠ সদস্য রাইয়ান আফরাদের অভিভাবক হুমায়ুন কবির বলেন, “ছোটবেলা থেকেই ও প্রশ্ন করতে ভালোবাসে। সেই কৌতূহল যে ওকে দেশের পতাকা হাতে আন্তর্জাতিক মঞ্চে নিয়ে যাবে, ভাবিনি। আয়োজকদের প্রতি আমরা কৃতজ্ঞ।”

আন্তর্জাতিক গণিত ও বিজ্ঞান অলিম্পিয়াড (IMSO) প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য অন্যতম আন্তর্জাতিক প্রতিযোগিতা। ইন্দোনেশিয়ার উদ্যোগে শুরু হওয়া এই অলিম্পিয়াড বর্তমানে প্রতিবছর বিভিন্ন দেশে অনুষ্ঠিত হয়। এতে ১৩ বছরের কম বয়সী শিক্ষার্থীরা অংশ নিতে পারে।

গত বছর মালয়েশিয়ার কেদাহে অনুষ্ঠিত ২২তম আসরে প্রথমবার অংশ নিয়েই শতভাগ সাফল্য পায় বাংলাদেশ। দলের ১২ জনই পদক জেতে—দুটি রৌপ্য ও ১০টি ব্রোঞ্জ।

বাংলাদেশ দলের সদস্য

গণিত দল

  • অরিজিৎ সাহা — সেন্ট যোসেফ হায়ার সেকেন্ডারি স্কুল, ষষ্ঠ শ্রেণি; জাতীয় পর্বে গণিতে চ্যাম্পিয়নস ট্রফি।
  • আলী ওমর — সেন্ট যোসেফ হায়ার সেকেন্ডারি স্কুল, ষষ্ঠ শ্রেণি; জাতীয় পর্বে সর্বোচ্চ নম্বরপ্রাপ্ত ও সেরা চ্যাম্পিয়নস ট্রফি।
  • মোঃ নাবি হোসেন — সেন্ট যোসেফ হায়ার সেকেন্ডারি স্কুল, ষষ্ঠ শ্রেণি।
  • ইহান আবরাদ রহমান — সেন্ট যোসেফ হায়ার সেকেন্ডারি স্কুল, ষষ্ঠ শ্রেণি।
  • মোঃ সামিন সাইফ — সেন্ট যোসেফ হায়ার সেকেন্ডারি স্কুল, ষষ্ঠ শ্রেণি।
  • শারাফ বিন আনোয়ার — সেন্ট যোসেফ হায়ার সেকেন্ডারি স্কুল, ষষ্ঠ শ্রেণি।
  • মোঃ শাহিদ মোরসালিন — সেন্ট যোসেফ হায়ার সেকেন্ডারি স্কুল, ষষ্ঠ শ্রেণি।
  • ইরতিশ জায়েদ লিয়াম — সেন্ট যোসেফ হায়ার সেকেন্ডারি স্কুল, পঞ্চম শ্রেণি।

বিজ্ঞান দল

  • তাহমিদ হাসান — মানারাত ঢাকা ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজ, ষষ্ঠ শ্রেণি; জাতীয় পর্বে বিজ্ঞানে চ্যাম্পিয়নস ট্রফি।
  • অভিজ্ঞান রায় গল্প — এসএফএক্স গ্রিনহেরাল্ড ইন্টারন্যাশনাল স্কুল, ষষ্ঠ শ্রেণি।
  • সাহাবী ইবনে কাব্য — সেন্ট যোসেফ হায়ার সেকেন্ডারি স্কুল, ষষ্ঠ শ্রেণি।
  • রাফসান শফিক তালুকদার — বনওয়ারী লাল সরকারি উচ্চ বিদ্যালয়, সিরাজগঞ্জ, ষষ্ঠ শ্রেণি।
  • আরহাম আবিদ — বাসিরাহ ইন্টারন্যাশনাল স্কুল, ষষ্ঠ শ্রেণি।
  • মোঃ মিফতাহুল ইসলাম — ময়মনসিংহ ইন্টারন্যাশনাল স্কুল, পঞ্চম শ্রেণি।
  • রাইয়ান আফরাদ — সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুল, চতুর্থ শ্রেণি।
  • মোহাম্মদ মুশরিফ আলম — এ.জি. চার্চ স্কুল, চতুর্থ শ্রেণি।

দলনেতা ও মেন্টর

  • দলনেতা: মুনির হাসান, সভাপতি, বিডিওএসএন ও এসপিএসবি; কান্ট্রি কোঅর্ডিনেটর, আইএমএসও বাংলাদেশ।
  • সহকারী দলনেতা: মোঃ তানভীরুল ইসলাম, প্রোগ্রাম ম্যানেজার, বিডিওএসএন।
  • গণিত দলের মেন্টর: সামিরা সুমাইয়া, আর্কিটেকচার, বুয়েট।
  • বিজ্ঞান দলের মেন্টর: মিম নাজ রহমান, ইইই, রুয়েট।

বাংলাদেশ গণিত ও বিজ্ঞান অলিম্পিয়াড আয়োজন করছে বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্ক (বিডিওএসএন), বাংলাদেশ বিজ্ঞান জনপ্রিয়করণ সমিতি (এসপিএসবি) এবং ম্যাসল্যাব (MASLab)।

//ডিবিটেক/বিডিও/টিপিএল/এমএসআই//