ওয়ার্ল্ড রোবট অলিম্পিয়াড বাংলাদেশের ঢাকা আঞ্চলিক পর্ব অনুষ্ঠিত 

ডব্লিওআরওবিডি ঢাকা পর্বে বিজয়ী যারা

ডব্লিওআরওবিডি  ঢাকা পর্বে বিজয়ী যারা
২৮ আগষ্ট, ২০২৫ ১৮:৪৬  
২৮ আগষ্ট, ২০২৫ ২০:৪৮  

চট্টগ্রাম ও রংপুরের পর ঢাকার ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (ইউআইইউ)-এ প্রায় শতাধিক শিক্ষার্থীর অংশগ্রহণের মাধ্যমে ২৮ আগস্ট বৃহস্পতিবার অনুষ্ঠিত হলো ওয়ার্ল্ড রোবট অলিম্পিয়াড বাংলাদেশের (ডব্লিওআরওবিডি ২০২৫) ঢাকা আঞ্চলিক পর্ব।  তিনটি গ্রুপে অনুষ্ঠিত হয় রোবটিক প্রযুক্তিতে বিভিন্ন সল্যুশন তৈরির এই প্রতিযোগিতা। প্রতিযোগিতায় ২৭ টি দলে প্রায় ১০০ জন অংশগ্রহণ করে।

এদের মধ্যে ফিউচার ইনোভেটর্স সিনিয়র ক্যাটাগরিতে বিজয়ী হয় ৩ সদস্যের ‘সাফ.এআই’, ২ সদস্যের ‘সোরাল্যাবস’ ও ২ সদস্যের ‘রোবোরো’ দল। আর জুনিয়র গ্রুপে বিজয়ী হয় ৩ সদস্যের ‘যন্ত্রযোদ্ধা’, ২ সদস্যের ‘সাইবার স্কোয়াড’, ৩ সদস্যের ‘ডাম্ব পটেটোস’ ও ৩ সদস্যের ‘অপারেশন ভয়েড’ নামক দল। 

এছাড়াও এলিমেন্ট্রি ক্যাটাগরিতে বিজয়ী হয়েছে ২ সদস্য বিশিষ্ট ‘ম্যাকাট্রনস’ নামক দল। অন্যদিকে রোবো স্পোর্টস ক্যাটাগরিতে বিজয়ী হয়েছে ৩ সদস্য বিশিষ্ট ‘টেক অটোক্র্যাটস’ নামক দল।

ঢাকা পর্বে প্রধান অতিথি হিসেবে ছিলেন স্কুল অব সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং অনুষদের সম্মানিত ডিন প্রফেসর ড. হাসান সারওয়ার, বিশেষ অতিথি হিসেবে ছিলেন ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (ইউআইইউ) প্রফেসর খন্দকার আব্দুল্লাহ আল মামুন।  তিনিই দিন শেষে বিজয়ীদের নাম ঘোষণা করেন এবং পুরষ্কার বিতরণ করেন। 

অলিম্পিয়াডের এই আঞ্চলিক পর্বের বিচারকের দায়িত্ব পালন করেনমোঃ ইফরাহাম ইকবাল, আহমেদ জুনায়েদ, মোঃ সিয়াম বিন রশিদ, মোঃ মুশফিকুর রহমান, জনাব তানভীর শাকিল, মোঃ জিদান তালুকদার, আব্দুল্লাহ আল মাসুদ, মোঃ আবিদ হোসেন এবং ফাহিম হাফিজ।

 এছাড়াও সার্বিক ব্যবস্থাপনায় উপস্থিত ছিলেন ডব্লিওআরওবিডি-এর মেন্টর, সমন্বয়কবৃন্দ এবং স্বেচ্ছাসেবকবৃন্দ।

এবারই প্রথমবারের মতো প্রতিযোগিতাটি আঞ্চলিক পর্যায়ে অনুষ্ঠিত হলো। আগামী সেপ্টেম্বর মাসে অনুষ্ঠিতব্য তিন অঞ্চলের বিজয়ীরা অংশগ্রহণ করবেন জাতীয় পর্বে । 

জানাগেছে, এবারের ওয়ার্ল্ড রোবট অলিম্পিয়াড বাংলাদেশ রিজিওনাল-এ বিভিন্ন ক্যাটাগরিতে প্রতিদ্বন্দ্বিতা হবে। এর মধ্যে রয়েছে ফিউচার ইনোভেটর্স, ফিউচার ইঞ্জিনিয়ার্স, রোবোমিশন এবং রোবোস্পোর্টস ক্যাটাগরি। প্রতিযোগিতাগুলো তিনটি বিভাগে বিভক্ত থাকবে: ইলিমেন্টারি (৮-১২ বছর), জুনিয়র (১১-১৫ বছর) এবং সিনিয়র (১৪-১৯ বছর)। ঢাকা আঞ্চলিক পর্বে ফিউচার ইনোভেটর্স ক্যাটাগরিতে ২৭টি দল তন্মধ্যে ১১টি দল সিনিয়র বিভাগে এবং ১০টি দল জুনিয়র বিভাগে, রোবোমিশন ক্যাটাগরিতে ২টি দল, যথাক্রমে জুনিয়র ও সিনিয়র বিভাগে একটি দল করে এবং ফিউচার ইঞ্জিনিয়ার্স ক্যাটাগরিতে সিনিয়র বিভাগেই ১২টি দল অংশগ্রহণ করে।

 

 

ওয়ার্ল্ড রোবট অলিম্পিয়াড বাংলাদেশ (ডব্লিউআরওবিডি) ও বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্ক (বিডিওএসএন) যৌথভাবে এই অলিম্পিয়াড আয়োজন করে। এই আয়োজনের মিডিয়া পার্টনার হিসেবে যুক্ত আছে দৈনিক ইংরেজি পত্রিকা দ্য বিজনেস স্ট্যান্ডার্ড। আগামী নভেম্বর মাসে সিংগাপুরে অনুষ্ঠিত হতে যাচ্ছে ওয়ার্ল্ড রোবট অলিম্পিয়াড (ডব্লিউআরও) ২০২৫, যেখানে অংশ নেবে বাংলাদেশ জাতীয় দল। ২০২০ সাল থেকে বাংলাদেশ নিয়মিতভাবে এই অলিম্পিয়াডে অংশগ্রহণ করছে এবং প্রতিবছরই অর্জন করে চলেছে একের পর এক সাফল্য। এছাড়াও দেশের আটটি বিভাগে শিক্ষার্থীদের রোবোটিকস ও এই অলিম্পিয়াড সম্পর্কে অবহিত করা এবং অংশগ্রহণে উৎসাহিত করার জন্য বিভিন্ন অ্যাক্টিভেশন কর্মশালা আয়োজন করা হয়েছে।