স্মার্ট লজিস্টিকসে বিশ্ব ডাক দিবস পালিত

ডিজিটাল রূপান্তরে ডাক বিভাগের ছয় অগ্রাধিকার

  • ই-কমার্স পণ্য পরিবহন বৃদ্ধিতে জাতীয় ডাক নেটওয়ার্ককে স্বয়ংক্রিয় লজিস্টিকস হাবে রূপান্তরের তাগিদ
  • ত্রয়োদশ জাতীয় নির্বাচনে পোস্টাল ভোটিং ও ‘নগদ’-এ ৪ লাখ ২৭ হাজার কোটি টাকার লেনদেন
  • টেকসই রূপান্তরের অংশ হিসেবে সৌরবিদ্যুৎ, বৈদ্যুতিক যানবাহন ও পেপারলেস গ্রিন পোস্ট চালুর উদ্যোগ

ডিজিটাল রূপান্তরে ডাক বিভাগের ছয় অগ্রাধিকার
৯ অক্টোবর, ২০২৬ ১৪:৩৩  

চিঠির সনাতন ধারা পেরিয়ে স্বয়ংক্রিয় ক্লাউড ডেটাবেজ, স্মার্ট ওয়্যারহাউজিং এবং ফিনটেক সেবার সমন্বিত প্ল্যাটফর্ম হিসেবে আত্মপ্রকাশ করছে ডাক বিভাগ। "সমন্বিত ডাক নেটওয়ার্ক, সীমাহীন সম্ভাবনা" (One Postal Network, Infinite Possibilities) প্রতিপাদ্যকে সামনে রেখে ৯ অক্টোবর, শুক্রবার রাজধানীর আগারগাঁওয়ে ডাক ভবনে এক বিশেষ আলোচনা সভার মধ্য দিয়ে উদযাপিত হয় বিশ্ব ডাক দিবস ২০২৬।

১৮৭৪ সালের ৯ অক্টোবর প্রতিষ্ঠিত ইউনিভার্সাল পোস্টাল ইউনিয়নের (ইউপিইউ) স্মৃতি স্মরণে আয়োজিত সভায় ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব বিলকিস জাহান রিমি প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। সভায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন ডাক অধিদপ্তরের সাবেক মহাপরিচালক মো. সিরাজ উদ্দিন এবং সভাপতিত্ব করেন ডাক অধিদপ্তরের মহাপরিচালক কাজী আসাদুল ইসলাম। আলোচক হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) সাবেক মহাপরিচালক মো. আরিফুল হক, বাংলাদেশ ন্যাশনাল ফিলাটেলিক অ্যাসোসিয়েশনের সভাপতি অধ্যাপক ডা. আবদুল্লাহ আল সাফি মজুমদার এবং বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও বিপিও-নগদের প্রশাসক মো. মোতাছিম বিল্লাহ।

আলোচনায় জানানো হয়, দ্রুত বর্ধনশীল ই-কমার্স, অটোমেশন এবং ডিজিটাল ফিন্যান্সিয়াল সার্ভিসের যুগে ডাক বিভাগকে শক্তিশালী লজিস্টিকস অবকাঠামোয় পরিণত করা হচ্ছে। বিশেষ করে পণ্য সোর্সিং, সংরক্ষণ, প্যাকেজিং, কোল্ড-চেইন সাপ্লাই এবং লাস্ট-মাইল ডেলিভারি সমন্বয়ে কাজ চলছে। মার্চ ২০২৬ থেকে এ পর্যন্ত স্পিড পোস্টের মাধ্যমে প্রায় ৮১১ টন পণ্য পরিবাহিত হয়েছে। এছাড়া আন্তর্জাতিক পার্সেল সেবায় ২০২৫-২৬ অর্থবছরের প্রথম তিন মাসের ২৪৩ টনের তুলনায় ২০২৬-২৭ অর্থবছরের একই সময়ে প্রায় ২৯.৮৪ শতাংশ প্রবৃদ্ধি নিয়ে ৩১৬ টনে উন্নীত হয়েছে।

জাতীয় সেবা ও আর্থিক অন্তর্ভুক্তিতে প্রযুক্তির প্রয়োগ তুলে ধরে বক্তারা জানান, ২০২৬ সালের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে প্রযুক্তিসমর্থিত পোস্টাল ভোটিং কার্যক্রমে দেশে ও বিদেশে ১৫ লাখের বেশি ভোটারের সফল নিবন্ধন সম্পন্ন হয়। প্রান্তিক জনগোষ্ঠীর অর্থনৈতিক নিরাপত্তায় ক্ষুদ্র বীমা, সঞ্চয় ও সামাজিক নিরাপত্তা ভাতা বিতরণের পাশাপাশি ডাক বিভাগের আর্থিক সেবা ‘নগদ’-এর মাধ্যমে ২০২৫-২৬ অর্থবছরে প্রায় ৪ লাখ ২৭ হাজার কোটি টাকার লেনদেন সম্পন্ন হয়েছে।

ভবিষ্যৎ অবকাঠামো বিনির্মাণে তথ্যভিত্তিক অ্যানালিটিক্স, পার্সেল ট্র্যাকিং অ্যালগরিদম, ফ্র্যাঞ্চাইজি মডেল, পিকআপ-ডেলিভারি ফুলফিলমেন্ট সেন্টার এবং মৌসুমি কৃষিপণ্য পরিবহনের রোডম্যাপ তুলে ধরা হয়। একইসঙ্গে পরিবেশবান্ধব উদ্যোগ হিসেবে সোলার প্যানেল স্থাপন, বৈদ্যুতিক বাহন (ইভি) সংযোজন এবং পেপারলেস অটোমেশনের ওপর জোর দেওয়া হয়। সভায় ডিজিটাল ডাকঘর, সমন্বিত ডাক তথ্যভান্ডার, ই-কমার্স লজিস্টিকস হাব, ডিজিটাল আর্থিক সেবার বিস্তার, ডেটা-চালিত ব্যবস্থাপনা এবং পরিবেশবান্ধব ডাকব্যবস্থা—এই ছয়টি রূপান্তর পরিকল্পনা উপস্থাপন করা হয়।

দিবসটি উপলক্ষে ০৯ থেকে ১৫ অক্টোবর দেশব্যাপী 'ডাকসেবা সপ্তাহ' ঘোষণা করা হয়েছে, যার আওতায় বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে চিঠি উৎসব, ফিলাটেলিক প্রদর্শনী ও ডাক মেলার আয়োজন রয়েছে। এছাড়া জরুরি নাগরিক প্রয়োজনে সঞ্চয় ব্যাংক বাদে ০৯ ও ১০ অক্টোবর সারা দেশের সব পোস্টাল অফিস খোলা রাখা হয় বলে গণমাধ্যমকর্মীদের জানানো হয়।

//ডিবিটেক/জেইউপি/এসএমই/ডিপিও//