নগরীকে তারমুক্ত করতে ত্রিপক্ষীয় বৈঠকের ওপর গুরুত্বারোপ মন্ত্রীর

নগরীকে তারমুক্ত করতে ত্রিপক্ষীয় বৈঠকের ওপর গুরুত্বারোপ মন্ত্রীর
৯ মে, ২০২৬ ১৭:৪৪  

রাজধানী ঢাকাকে তারমুক্ত ও আধুনিক নগরী হিসেবে গড়ে তুলতে ক্যাবল অপারেটর, আইএসপি এবং সিটি কর্পোরেশনের সমন্বয়ে ত্রিপক্ষীয় বৈঠকের ওপর গুরুত্বারোপ করেছেন বিজ্ঞান ও প্রযুক্তি এবং ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম। 

৯ মে, শনিবার রাজধানীর আইসিসিবি বসুন্ধরায় অনুষ্ঠিত তিন দিনের ‘আইসিবিসি এক্সপো ২০২৬’ প্রদর্শনীর সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। নগরীর সৌন্দর্য রক্ষায় সংশ্লিষ্ট পক্ষগুলোকে সামাজিক দায়বদ্ধতা নিয়ে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।

প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী বলেন, ক্যাবল অপারেটর ও আইএসপি প্রতিষ্ঠানগুলো দেশের লাখো মানুষের কর্মসংস্থানের সাথে জড়িত। তাই এই শিল্পকে টিকিয়ে রাখতে আধুনিক প্রযুক্তির সাথে সামঞ্জস্যপূর্ণ করে গড়ে তোলা সরকারের দায়িত্ব। তবে প্রযুক্তি ব্যবহারের ক্ষেত্রে তিনি নৈতিকতা, গ্রাহকের তথ্য নিরাপত্তা এবং মানসম্মত সেবা নিশ্চিত করার ওপর বিশেষভাবে জোর দেন। এছাড়া স্থানীয় কনটেন্ট উৎপাদন বৃদ্ধি এবং আন্তর্জাতিক অংশীদারিত্ব বাড়ানোরও আহ্বান জানান তিনি।

বাংলাদেশের ক্যাবল টেলিভিশন, সম্প্রচার ও টেলিযোগাযোগ খাত এখন প্রযুক্তিগত রূপান্তরের মধ্য দিয়ে নতুন যুগে প্রবেশ করেছে স্মরণ করিয়ে দিয়ে তিনি আরও বলেন, স্মার্ট প্রযুক্তি, ফাইবার অপটিক নেটওয়ার্ক এবং আইপি টিভির বিস্তারের ফলে এ খাত এখন তথ্যপ্রযুক্তিনির্ভর অর্থনীতির অন্যতম চালিকাশক্তি। সরকার এ খাতের আধুনিকায়নে অবকাঠামো উন্নয়ন, নীতিগত সহায়তা এবং দক্ষ মানবসম্পদ তৈরিতে সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে।

ক্যাবল অপারেটরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (কোয়াব)-এর সভাপতি এ বি এম সাইফুল হোসেন সোহেলের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক মোঃ শফিকুল ইসলাম খান এবং ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক মোঃ আব্দুস সালাম। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন এটকোর সাধারণ সম্পাদক ও একুশে টেলিভিশনের চেয়ারম্যান আবদুস সালামসহ কোয়াব-এর সদস্যবৃন্দ।

সমাপনী অধিবেশন শেষে মন্ত্রী মেলার বিভিন্ন স্টল ঘুরে দেখেন। এছাড়াও পুরস্কার তুলে দেয়া হয় র্যাফেল ড্রতে ভাগ্যবান বিজযীদের।

ডিবিটেক/এসএ/ইকে